১২:৫১ এম
বাংলাদেশে রাজশকুনের সংখ্যা বর্তমানে শূন্যের কোঠায় পৌঁছেছে। এক দশকেরও বেশি সময় ধরে এ দেশের বিলুপ্ত প্রাণির তালিকায় এ পাখির নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে, অতীতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্র এর উপস্থিতি ছিল। মাঠ, নদীর তীরে কিংবা ভাগাড়ে মৃতদেহের চারপাশে বাংলা-শকুনের ঝাঁকের মধ্যে দুয়েকটি রাজশকুন দেখা যেত। সংখ্যা কম হলেও, রাজশকুনের পালকহীন মাথা, গলা ও পায়ে টকটকে লাল রং থাকায় এটি সহজেই চোখে পড়ত।
রাজশকুনের লাল রঙের মাথার জন্য এর প্রচলিত ইংরেজি নাম ‘রেড-হেডেড ভালচার’ এবং বিকল্প নাম ‘এশিয়ান কিং ভালচার’ বাংলা নামের সঙ্গে যথার্থভাবে মিল রয়েছে। লাল মাথার কারণে কিছু অঞ্চলে এর নাম ‘মোল্লা শকুন’ও রয়েছে। এর হিন্দি নাম ‘ভাওনরা’, অর্থাৎ ‘ভ্রমর’ কেন হয়েছে, তা অনুমান-সাপেক্ষ। ঘন কালো পালকের জন্য উড়ন্ত রাজশকুন পশ্চিম ভারতীয়দের চোখে বিশাল এক কালোভ্রমরের মতো মনে হতে পারে। তবে, ভ্রমরটির দৈর্ঘ্য তিন ফুট, ওজন ছয় কেজি এবং ডানার বিস্তার আট ফুট, এ তথ্য মনে রাখা জরুরি।
এককালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাজশকুন একটি সুলভ প্রজাতি হিসেবে পরিচিত ছিল। ভারত থেকে ভিয়েতনাম পর্যন্ত বিভিন্ন দেশে এ পাখির অস্তিত্ব ছিল। বর্তমানে বিশ্বে মাত্র তিন হাজার রাজশকুন টিকে আছে এবং ভারত, নেপাল, ভুটান ও কম্বোডিয়া ছাড়া আর কোথাও এর দেখা মেলা কঠিন। রাজশকুন সবসময়ই বাংলা-শকুনের তুলনায় সংখ্যায় কম ছিল। বাংলা-শকুনের মতো দল বেঁধে না থেকে রাজশকুন সাধারণত একাকী বা জোড়া বেঁধে বাস করত এবং মৃতদেহের পাশে সাময়িকভাবে অন্য শকুনের দলে যোগ দিত। হাঁস-মুরগির মতো ছোট প্রাণীর মৃতদেহ খেয়ে রাজশকুন বেঁচে থাকলেও, গরু-মহিষের মতো বড় প্রাণীর মৃতদেহ ছাড়া বাংলা-শকুনের জীবন অচল হয়ে পড়ত।
আরও পড়ুন: ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ
কৈশোরে একাধিক স্থানে রাজশকুন দেখার সুযোগ হয়েছিল। বড় হয়ে আমি এ পাখি দেখেছি, তবে তা খুব কম। গত ৩০ বছরে এ দেশে একটি রাজশকুনও কারও চোখে পড়েনি। প্রবীণদের কাছে রাজশকুনের অলৌকিক ক্ষমতা, দীর্ঘজীবন ও পালকের ঔষধিগুণের অনেক গল্প শুনেছি। তারা বলতেন, রাজশকুনের আয়ু ৫০০ বছর; যদিও ২৫ বছরের বেশি বেঁচে থাকার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পালক পুড়িয়ে সেবন করলে রোগব্যাধি সারে বলে যে কথা প্রচলিত ছিল, তারও কোনো ভিত্তি নেই।
তবে, রাজশকুন নিয়ে অন্য একটি প্রচলিত গল্প ভিত্তিহীন নয়। লোকজন বলত, মৃতদেহের পাশে শকুনেরা দল বেঁধে দাঁড়িয়ে রাজশকুনের জন্য অপেক্ষা করে এবং সে এসে প্রথমে আহার করলে তবেই অন্যেরা ভোজে যোগ দেয়। আসলে রাজশকুনের অত্যন্ত ধারালো ও বড়শির মতো বাঁকানো চঞ্চু থাকায় সদ্য মৃত গরু-মহিষের মোটা চামড়া কেটে ফেলার কাজটি সহজ ছিল। তাই, রাজশকুনই প্রথমে মৃতদেহের কাছে এগিয়ে যেত। রাজশকুনের অভাবের কারণে এখন অন্য শকুনকে চামড়া কাটতে অনেক বেশি কষ্ট করতে হয়।
কোটি বছর ধরে বনবাদাড়ে ও লোকালয়ে মৃতদেহ সরানোর কাজ করছে বলে প্রকৃতিতে শকুনের বিকল্প নেই– এ কথা এখন সকলেই মেনে নিয়েছে। ১৯৯০-এর দশকে গবাদি পশুর ব্যথানাশক হিসেবে ‘ডাইক্লোফেনাক’ নামে একটি ওষুধের ব্যবহার শুরু হলে এর বিষক্রিয়ায় সবার অগোচরে চার কোটি শকুন মারা যায়। শকুনের পিত্তরসে কলেরা, অ্যানথ্রাক্স ইত্যাদি ধ্বংস হলেও ডাইক্লোফেনাকের প্রতিক্রিয়া কমে যায় না। ডাইক্লোফেনাক দেওয়া একটি গরুর মৃতদেহ খেয়ে বৃক্ক বিকল হয়ে এক দিনে শত শত শকুন মারা যায়।
শকুন মৃত্যুর সে তথ্য জানার পর গবাদি পশুর জন্য ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ হয় বিভিন্ন দেশে। ২০১০ সালে বাংলাদেশে সেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় বাংলা-শকুন রক্ষা পেলেও, এর আগেই রাজশকুন বিলুপ্ত হয়ে যায়। অথচ ‘কি-স্টোন’ প্রজাতি হিসেবে রাজশকুনের অভাব প্রকৃতিতে অপূরণীয়। এ পাখিকে পুনঃপ্রতিষ্ঠিত করার দুঃসাধ্য কাজটি এখন আমাদের করতে হবে।
আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ
লেখক: পাখি বিশেষজ্ঞ, অভিযাত্রী ও আলোকচিত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন