০৬:২০ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জো কেন্ট। তিনি এক্স-এ দেওয়া একটি পোস্টে মন্তব্য করেন, ট্রাম্প যুদ্ধ শেষ করছেন—এটি ‘খুবই ভালো’ একটি পদক্ষেপ।
তিনি আরও লেখেন, ‘আমি প্রার্থনা করি শান্তি বজায় থাকুক।’ এছাড়া তিনি যোগ করেন, ‘ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মনোযোগ দেওয়া এই শান্তি দীর্ঘস্থায়ী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
ইরান যুদ্ধের প্রতিবাদে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন জো কেন্ট। তখন তিনি তার পদত্যাগপত্রে মন্তব্য করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর হামলা চালানোর জন্য ট্রাম্পকে ‘প্রতারণা’ করেছেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
গত ১৪ জুন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন। গত বুধবার (১৭ জুন) ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে সইয়ের সময় দীর্ঘ এবং জটিল আলোচনার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এটি সহজ ছিল না।’
চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। সর্বশেষ একটি হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন গাড়িচালক নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর এটি ছিল লেবাননে প্রথম প্রাণঘাতী ইসরাইলি হামলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন