ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। এই ঘটনায় জাবেদসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সংস্থাটি।

মামলাটি মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়।

দুদক জানিয়েছে, চট্টগ্রামের ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে আরামিটের এজিএম জাহাঙ্গীর আলমকে সরবরাহকারী ও ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক টিমের পক্ষ থেকে উপসহকারি পরিচালক (ডিএডি) রুবেল হোসেন বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

জাবেদের পাশাপাশি মামলার অন্যান্য আসামিরা হলেন- আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, আরামিট সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা ও ইউসিবির সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম, আরামিট সিমেন্টের এজিএম একেএম মারুফ, ক্লাসিক ট্রেডিংয়ের মালিক ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখার প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দিন, প্রিন্সিপাল অফিসার (বিনিয়োগ) মোহাম্মদ আখতার হোসেন, প্রিন্সিপাল অফিসার ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল করিম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল্লাহ, এফএভিপি মুহাম্মদ নিজাম উদ্দীন, এসভিপি আবুল কালাম আজাদ, এসভিপি মোহাম্মদ মহসীন আলী এবং এসপিও রিদওয়ানুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষাজীবন শেষ করার পর একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে সক্ষম হন, সেই উদ্দেশ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি মন্তব্য করেন, ‘ক্যারিয়ার ও চাকরি মেলা একটি অত্যন্ত ভালো এবং মহৎ উদ্যোগ। এর মাধ্যমে অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশকে আমাদের হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশের ২০ কোটি মানুষ যদি যোগ্য হয়ে ওঠে, তাহলে বাংলাদেশকে বিশ্বের অন্যতম দেশ হিসেবে পরিণত করা সম্ভব।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের উন্নয়নের জন্য সরকার এবং রাষ্ট্রকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয়। প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মকাণ্ডকে সহযোগিতা করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই দেশ স্বাবলম্বী হবে।

তিনি উল্লেখ করেন, একটি দল বা গোষ্ঠী বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জনগণের আন্দোলনের মুখে বিদায় নেওয়া ফ্যাসিবাদী শক্তি এখন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কিন্তু দেশের মানুষ শান্তিপূর্ণ বাংলাদেশ চায়। তাই তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। টাঙ্গাইলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষার দিক থেকে টাঙ্গাইলকে দেশের শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে নিয়ে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য আয়োজনে মাভাবিপ্রবি দিবস-২০২৬ উদযাপনের প্রথম পর্বে ছিল শোভাযাত্রা, কেক কাটা ও ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার উদ্বোধন। প্রতিমন্ত্রী অতিথিদের নিয়ে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভাষা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরেও উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ক্যারিয়ার এন্ড জব ফেয়ারের আয়োজন করা হয়। ক্যারিয়ার এন্ড ফেয়ারে ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

মাদক, ডেঙ্গু ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। তিনি বলেছেন, পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাণ্ডারিয়া উপজেলা ও পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাংগনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, সমাজ সেবক মো. জুলফিকার হায়দার হাওলাদার, উপজেলা যুবদলে সদস্য সচিব মো. শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে তিনি ভাণ্ডারিয়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস, গৌরীপুর ভূমি অফিস ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে হারেছের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে হারেছের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে হারেছ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে। একইসাথে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লা ভোলাইল গেউদ্দারবাজারের নিজ ভাড়া বাসায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করে হারেছ। হত্যাকাণ্ডের পর হারেছ পালিয়ে যান। পরে, নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার পর পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ হারেছকে গ্রেপ্তার করে।

হারেছ আদালতে স্বীকার করেছেন যে, তিনি তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালত এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে হারেছকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে হারেছকে জেলা কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান কাশ্মীরিদের রক্ষা করছে’ মন্তব্যে ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার করা হোক বিজেপির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


পাকিস্তান কাশ্মীরিদের রক্ষা করছে’ মন্তব্যে ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার করা হোক বিজেপির দাবি

ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহ সম্প্রতি পাকিস্তান ও কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর জম্মুতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাঁর গ্রেপ্তার এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন।

গত শনিবার বারামুল্লায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ফারুক আবদুল্লাহ ইঙ্গিত দেন যে, কাশ্মীর বিরোধে পাকিস্তানের অবস্থান কাশ্মীরিদের সুরক্ষায় সহায়ক। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় বজরং দল, ভারতীয় জনতা যুব মোর্চা, ডোগরা ফ্রন্ট এবং ন্যাশনাল অ্যান্টি-টেররিজম ফ্রন্টসহ (এনএটিএফ) বেশ কয়েকটি সংগঠন জম্মুতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা এনসি প্রধানের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।

বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য সৎ শর্মা আবদুল্লাহর বক্তব্যকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, আবদুল্লাহ যদি ক্ষমা চাইতে অস্বীকার করেন, তবে তাঁর পাকিস্তানে চলে যাওয়ার কথা বিবেচনা করা উচিত।

বিজেপির বিধায়ক বিক্রম রান্ধাওয়া এই মন্তব্যকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করে অভিযোগ করেন, আবদুল্লাহ এমন একটি দেশের পক্ষে কথা বলছেন যা ভারতের মাটিতে ক্রমাগত সীমান্তপারের সন্ত্রাসবাদে মদদ দিয়ে আসছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাও মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং প্রশ্ন তোলেন, পাকিস্তান কীভাবে কাশ্মীরিদের শুভাকাঙ্ক্ষী হতে পারে? তিনি ফারুক আবদুল্লাহর অবিলম্ব ক্ষমা দাবি করার আহ্বান জানান।

অন্যদিকে, বিজেপি নেতা শক্তি রাজ পারিহার দেশদ্রোহিতার অপরাধে আবদুল্লাহর বিরুদ্ধে প্রথম তথ্য বিবরণী (এফআইআর) দায়ের এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। এনএটিএফ-এর জাতীয় চেয়ারম্যান বিশাল চোপড়ার নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশেও তাঁর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, একজন সাবেক মুখ্যমন্ত্রীর তাঁর পদ ও দায়িত্বের গুরুত্ব অনুধাবন করে সচেতনভাবে কথা বলা উচিত।

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির জম্মু ও কাশ্মীর প্রধান বিবেক বালি ঘটনার তদন্ত দাবি করে বলেন, এই বক্তব্য যদি দেশের আইন লঙ্ঘন করে তবে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার সময় জন প্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

‘পানুন কাশ্মীর’ এবং ‘জম্মু স্টেট পিপলস মুভমেন্ট’ নামের দুটি সংগঠন জম্মুর চন্নি থানায় ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে একটি অপরাধমূলক অভিযোগ দায়ের করেছে। পানুন কাশ্মীরের চেয়ারম্যান টিটো গঞ্জু এবং জম্মু স্টেট পিপলস মুভমেন্টের চেয়ারম্যান কর্নেল অজয় রায়নার মাধ্যমে এই অভিযোগ জমা দেওয়া হয়। টিটো গঞ্জু প্রশ্ন তুলে বলেন, "পাকিস্তান কাকে রক্ষা করছে, আর কিসের থেকেই বা রক্ষা করছে?"

জম্মু স্টেট মুভমেন্ট আপার রূপ নগরে একটি জরুরি বৈঠক আহ্বান করে। সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ, স্বাধীন ও সময়ভিত্তিক তদন্তের আবেদন জানান।

প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) আওতায় আবদুল্লাহকে আটক করা যায় কি না—তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া নির্বাচন কমিশনকে প্রযোজ্য নির্বাচন আইনের অধীনে বিষয়টি পরীক্ষা করার আহ্বান জানায়।

কংগ্রেস নেতা রবীন্দ্র শর্মা বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিমলা চুক্তির উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে এবং কাশ্মীর ইস্যু তোলার কোনো অধিকার পাকিস্তানের নেই।

তবে এই অঞ্চলে সংখ্যালঘু অধিকার এবং সার্বিক বিচার ব্যবস্থার ঘাটতি নিয়ে ফারুক আবদুল্লাহর উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন রবীন্দ্র শর্মা। তিনি বলেন, রাজ্যসভার আলোচনা ও সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী কংগ্রেস এখনো জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ 'রাজ্য মর্যাদা' ফিরিয়ে দেওয়ার পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে।

বারামুল্লায় আসলে কী বলেছিলেন ফারুক আবদুল্লাহ?

বারামুল্লায় আয়োজিত ওই সমাবেশে আবদুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছিলেন, কাশ্মীরিরা যদি নিজেদের পরিচয় রক্ষা করতে না পারে, তবে তারা বিলুপ্ত হয়ে যাবে। অমীমাংসিত কাশ্মীর বিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ইস্যুতে পাকিস্তানের ধারাবাহিক উপস্থিতি কাশ্মীরিদের স্বার্থবিরোধী যেকোনো পরিকল্পনা বা ইচ্ছাকে বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, "আপনারা যদি নিজেদের অস্তিত্ব আঁকড়ে ধরে না রাখেন, তবে আপনারা মুছে যাবেন। আমাদের কোনো চিহ্ন বা পরিচয় আর অবশিষ্ট থাকবে না।" তিনি আরও স্পষ্ট করেন যে, জম্মু ও কাশ্মীরের মানুষ কখনোই নিজেদের ভারতীয় হিসেবে অস্বীকার করেনি। তারা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং মাওলানা আবুল কালাম আজাদের সময়ের ভারতের সঙ্গে যুক্ত ছিলেন।

আবদুল্লাহ বলেন, "আমরা কখনো বলিনি যে আমরা ভারতীয় নই। আমরা বারবার নিশ্চিত করেছি যে আমরা ভারতের সাথেই যুক্ত হয়েছি (অ্যাক্সেস করা হয়েছে)।" তিনি অভিযোগ করেন, কেবল রাজনৈতিক ক্ষমতার স্বার্থে হিন্দু ও মুসলমানদের একে অপরের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তবে তিনি বিশ্বাস করেন, সময়ের সাথে সাথে এই পরিস্থিতির পরিবর্তন নিশ্চিতভাবেই ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%