শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪০ পি.এম
মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই এবং ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) এবং তার স্ত্রী রিনা বেগম (২৪)।
পিবিআই জানায়, গত ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের পাত্রী দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরদিন মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, প্রায় তিন মাস আগে আলমগীর তার ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরের অজান্তে ওই স্বর্ণালঙ্কার থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তারা। বিষয়টি জানার পর স্বর্ণ ফেরত চাওয়ার কারণে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন জাহাঙ্গীর ও রিনা। পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে কালিনগর এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধরের একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে তারা পালিয়ে যান।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল কর্তৃক আয়োজিত একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি ড্যাব বগুড়ার সহযোগিতায় শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায় রোগীদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং বৃক্ষ রোপনও করা হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, যিনি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি। উদ্বোধনের পর বাদ জুম্মা, বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুস আলী, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ নাজমুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ আনিছুর রহমান, ডাঃ ন কে এম মঈনুল হাসান রাব্বি, ডাঃ আলমগীর কবির মুরাদ, ডাঃ আব্দুল আলিম, ডাঃ শফিকুল আলম বিটু, ডাঃ আরসোনা পারভীন, ডাঃ জাহিদ আকতার, ডাঃ এ কে আজাদ মিলন, ডাঃ সাজ্জাদ, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, জহুরুল হক সজল, শফিকুল ইসলাম, হায়দার আলী, আমিনুল হক তালুকদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য আব্দুর রহিম রঞ্জু, ফরিদুল ইসলাম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, মিজানুর রহমান, আপেল মাহমুদ, শাহাদত হোসেন মিঠু, আল মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত আলী, আল আমিন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, আয়নাল হক, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, তোহা, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম ও আব্দুল লতিফ সহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বাগবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ১ হাজার দুঃস্থ ও অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানাসমূহ, হাসপাতাল এবং সংসদ সদস্যদের আবাসস্থলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাবলীর প্রেক্ষাপটে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তিনি কটাক্ষ করে প্রশ্ন করেছেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে?"
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’
পাটওয়ারীর এই পোস্টে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের আবাসস্থল, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
গেল এক সপ্তাহে দেশের অন্তত ২১ জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি।
এদিকে ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরাকের যৌথ নিরাপত্তা বাহিনী বাগদাদের দক্ষিণে অবস্থিত জুরফ আল-সাখার এলাকার কেন্দ্রে মোতায়েন শুরু করেছে, যা সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের নির্দেশে করা হচ্ছে।
এই তথ্যটি ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’ (আইএনএ)-এর সূত্রে প্রকাশিত হয়েছে।
কমান্ডার-ইন-চিফের মুখপাত্র সাবাহ আল-নুমান জানিয়েছেন, এই মোতায়েন প্রক্রিয়া “পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত মসৃণভাবে এগিয়ে চলছে”। তিনি আরও উল্লেখ করেছেন যে, ‘হোল্ডিং ইউনিটগুলো’ এলাকাটি “সম্পূর্ণভাবে সুরক্ষিত করার” কাজ শুরু করবে এবং পুরো অভিযানটি কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের সরাসরি তদারকিতে পরিচালিত হচ্ছে।
ব্যাবিল প্রদেশের জুরফ আল-সাখার এলাকা ২০১৪ সাল থেকে মূলত ইরাক সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ওই সময় আইএসআইএল বা আইএস (ISIS) এর কাছ থেকে এলাকাটি পুনর্দখল করার পর এটি ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ‘কাতায়েব হিজবুল্লাহ’-এর নিয়ন্ত্রণে চলে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অগ্রহায়নের শুরুতে মাঠে কাঁচা এবং পাকা ধানের জন্য কৃষকদের মুখে যে হাসি ছিল, তা ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ম্লান হয়ে গেছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টির ফলে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কৃষকরা উদ্বিগ্ন যে, বৃষ্টি যদি অব্যাহত থাকে, তবে পানিবদ্ধতা এবং ধান গাছ মাটিতে শুয়ে পড়ার আশঙ্কা তাদের তাড়া করছে।
কৃষকদের আশঙ্কা, যদি বৃষ্টি আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকে, তাহলে পানিবদ্ধতার কারণে ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, অপরিকল্পিত বেরি বাঁধের কারণে পানি নিস্কাশনের যথেষ্ট সুবিধা না থাকা গ্রামগুলো যেমন ছোট হারজী, নাগ্রাভাঙ্গা, হারজী নলবুনিয়া, বাদুরা, উত্তর মিরুখালী, ছোট শৌলা, বড় শৌলা, বাঁশবুনিয়া, তেতুলবাড়িয়া, দেবত্র, দাউদখালী ও খায়ের ঘটিচোরা গ্রামের ধান ক্ষেত ঝুঁকির মুখে রয়েছে। সরেজমনে এসব গ্রামের কৃষকরা জানিয়েছেন, লাগাতার ভারি বৃষ্টি হলে ধানক্ষেতে পানি বদ্ধতার সৃষ্টি হবে এবং ধান গাছ মাটিতে শুয়ে যাবে। যদি এমনটি ঘটে, তবে কৃষকদের জন্য তা হবে সর্বনাশ।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নাহার সুমি জানিয়েছেন, ঝড়-বাতাস এবং ভারি বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। তিনি কৃষকদের পরামর্শ দিয়েছেন যে, ৮০% পাঁকা ধান কাটার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও জানান, বৃষ্টি যদি ১ বা ২ দিন অব্যাহত থাকে, তাহলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। রবি মৌসুম শুরু না হওয়ায় শষ্যের কোনো ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ