এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
০৭:২৬ পি.এম
প্রখ্যাত আলেম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আমির হামজা এমপির গাড়িবহরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের ‘সাদ্দাম বাজার মোড়’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর মজমপুর গেট পার হয়ে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বরে’ এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার তিনি বলেন, "মুফতি মাওলানা আমির হামজা জাতীয় সংসদের নির্বাচিত এমপি এবং একজন জনপ্রিয় আলেমে দ্বীনের ওপর চুয়াডাঙ্গার মাটিতে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।" তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন। এছাড়া সমাবেশে জেলা, শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জনসাধারণেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) ভোর প্রায় ৫টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।
পুলিশ জানিয়েছে, সাতক্ষীরার কলারোয়া থানায় সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য থানায় তার বিরুদ্ধে মামলার তদন্ত বা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল। অভিযোগ রয়েছে, তার অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সাতক্ষীরা এলাকার একাধিক ব্যক্তি।
শেখ মুজিবুর রহমান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আহ্বায়ক কমিটির সভাপতি ও পরবর্তীতে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, তিনি কলারোয়া উপজেলার বামনখালী এলাকায় নিজের নামে ‘ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ’ স্থাপন করেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি তৎকালীন সাতক্ষীরা মহকুমার মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজটি ওয়ানডে দিয়ে শুরু হবে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য একটি শক্তিশালী দল ঘোষণা করেছে। এ দলে সবচেয়ে বড় চমক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩ জুন) সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন সবচেয়ে বড় চমক। এই ৩০ বছর বয়সী ডানহাতি অলরাউন্ডার দীর্ঘ চার বছর পর জাতীয় ওয়ানডে দলে ফিরলেন। তিনি সবশেষ ২০২২ সালের আগস্ট মাসে ওয়ানডে খেলেছিলেন।
এছাড়া, নিউজিল্যান্ড সিরিজ মিস করা উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানও এই দলে জায়গা ফিরে পেয়েছেন। অন্যদিকে, গত April মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
অজিদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডে রয়েছেন: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বুধবার বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ নিয়ে। আজ (বুধবার) বিকেলে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা হয়, যা মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ সভার অবহিত করেছেন। তিনি জানান, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘকালীন জলাবদ্ধতা সমস্যা এখনো অনেকাংশে বিরাজমান আছে। ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা ২০২৪ সালে শেষ হবে। দুর্ভাগ্যবশত, প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। পানিসম্পদ মন্ত্রণালয়ের সমাপ্ত হওয়া প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। এ্যানি বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেখানে ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং সবার সম্মিলিত উদ্যোগে এবার কাক্সিক্ষত ফলাফল পাওয়া যাবে। এই বৈঠকে পানি সম্পদমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কালা কারী মিয়ার ছেলে আহমদের মালিকানাধীন ঢাকার একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জল (৩৫) কিছু টাকা ধার নেন। এরপর ওই টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে খড়কি গ্রামে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ এতে আপত্তি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ রাতভর ও বুধবার দুপুর পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, টাকা-পয়সা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই দিনে ১৪ রাউন্ড টিয়ারশেল ও ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বুধবার দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ