বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
০৭:১০ পি.এম
উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
৭০ বছর বয়সী বেসিগে ২০২৪ সালের নভেম্বর থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তিনি তা অস্বীকার করেছেন। গত মাসে তার প্রধান আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়। আদালতের শুনানির সময়, বেসিগে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর মাধ্যমে নিজের মামলা পরিচালনার বিরোধিতা করেন।
এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
তার স্ত্রী জানান, বেসিগে কিছু সময় অচেতন ছিলেন। তিনি কথা বলতে পারছিলেন না এবং ব্যথার প্রতিক্রিয়া দিচ্ছিলেন না।
কিজা বেসিগে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির বিরোধিতা করে আসছেন। তিনি চারবার প্রেসিডেন্ট নির্বাচনে মুসেভেনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০২৪ সালে তাকে কেনিয়া থেকে আটক করে উগান্ডায় ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি ও তার সহযোগী ওবেইদ লুতালে কারাগারে রয়েছেন।
সরকারের অভিযোগ, তারা প্রেসিডেন্ট মুসেভেনির সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন।
তবে বেসিগে ও লুতালে এই অভিযোগ অস্বীকার করেছেন। উগান্ডায় রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
বেসিগের স্ত্রী জানান, শুরুতে তাকে চিকিৎসা করার অনুমতি পাননি। পরে হাসপাতালে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।
প্রথমে বেসিগেকে সরকারি মুলাগো ন্যাশনাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি সেখানে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। পরে, তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেখানে সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে।
এদিকে, বেসিগের প্রধান আইনজীবী এরিয়াস লুকওয়াগো গত মাসে সেনাবাহিনীর হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। আরেক আইনজীবী, কেনিয়ার রাজনীতিবিদ মার্থা কারুয়াকে বেসিগের আইনি সহায়তার জন্য উগান্ডায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
অসুস্থতার কারণে বেসিগেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার, বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো। বুধবার (২৯ জুলাই) তার ছেলে অ্যাডাম আম্পা প্রেসিডেন্ট মুসেভেনি ও সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার কাছে মানবিক কারণে বাবাকে মুক্তি দেওয়ার আবেদন জানান।
আটকের পর এর আগেও কয়েকবার বেসিগেকে হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আটক অবস্থায় অনশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরের শুরুতেও তাকে অল্প সময়ের জন্য চিকিৎসা নিতে হয়।
বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন বলেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় বেসিগেকে আদালতে হাজির করা তার মৌলিক অধিকার ভঙ্গ করেছে। কিজা বেসিগে একসময় প্রেসিডেন্ট মুসেভেনির ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। কিন্তু ১৯৯৯ সালে তাদের সম্পর্কের অবনতি হলে তিনি রাজনীতিতে সক্রিয় হন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তুলনামূলক কম সক্রিয় ছিলেন এবং ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেননি। সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগষ্ট মাসে সমস্ত প্রকারের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে না।
বৃহস্পতিবার রাতের দিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দাম নির্ধারণের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য বজায় থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকায়, কেরোসিন ১৩৫ টাকায়, অকটেন ১৪৫ টাকায় এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে, গত ৩০ জুন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। সেসময়ও দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, 'বিগত দিনের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় করা যাবে না।' তিনি বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং জনস্বার্থে এর অবদান তথ্য-উপাত্তসহ উপস্থাপনের নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও বিতরণ ব্যবস্থা আরো দক্ষ ও সাশ্রয়ী করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্প গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণ-সংক্রান্ত পৃথক দুটি সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, 'দেশের কোথায় কী ধরনের খনিজসম্পদ রয়েছে,' তার একটি সমন্বিত, আধুনিক ও তথ্যভিত্তিক মানচিত্র (ম্যাপিং) তৈরি করা প্রয়োজন। বর্তমানে বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্লক ম্যাপ, ভূতাত্ত্বিক জরিপ ও অন্যান্য তথ্য একীভূত করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করতে হবে। এতে ভূগর্ভস্থ সম্পদের অবস্থান ও সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হবে এবং সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।
তিনি আরো বলেন, সারা দেশে অঞ্চলভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র প্রস্তুত করতে হবে। কোথায় কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্পগুলোর অগ্রাধিকার নির্ধারণবিষয়ক সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর বিস্তারিত শুনে প্রতিটির প্রয়োজনীয়তা ও জনকল্যাণে ভূমিকা বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণের নির্দেশ দেন।
তিনি বলেন, 'অতীতের মতো অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থ অপচয়ের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।' তাই প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত ও বাস্তবসম্মত যৌক্তিকতা উপস্থাপন নিশ্চিত করতে হবে।
সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে জমকালো আয়োজন এবং শৃঙ্খলার মধ্য দিয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয় ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে।
প্যারেড পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, প্যারেডে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং সততার সাথে আইনি সেবা দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় ভোলা পুলিশ লাইন্সের আর আই মো. সাজ্জাদ হোসেন সরদার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার পরিদর্শন শেষে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা বজায় রাখতে, নিয়মিত পিটি-প্যারেডে অংশগ্রহণ করার, স্বাস্থ্য সচেতনতা মেনে চলার এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি ভোলা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে দ্রুত এবং নির্বিঘ্নে সেবা দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান এবং জেলার সকল থানা, ডিবি ও ফাঁড়ির উর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে জুলাই মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে কিট প্যারেডের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে, তিনি উপস্থিত পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ অনুযায়ী উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন, সততা এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
কিট প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ