০২:০৪ এম
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ স্থানগুলো হলো পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানার পুলিশ একটি দল পৃথক চারটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করে।
পুলিশের অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। এ সময় পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে থেকে একটি, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে একটি, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান থেকে একটি এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খুলনা বিভাগে তিন মাসে ৩২ হাজার গ্রেফতার, উদ্ধার ১৪৭টি অস্ত্র
উদ্ধার হওয়া বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ছিল। তবে কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
এর আগে রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট এবং কমিউনিটি সেন্টারের সামনে শপিং ব্যাগের ভেতরে কে বা কারা বিস্ফোরকজাতীয় বস্তু রেখে গেছে।
বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উল্লেখিত স্থানগুলোর মধ্যে চারটি স্থান থেকে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫
এদিকে, একই সময় শহরের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন