টঙ্গী প্রতিনিধি :মোঃ ফারুক হোসেন
১১:২৯ পি.এম
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ১ নম্বর বড়বাজারে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কথিত ডিবি ও র্যাবের সোর্স পরিচয়দানকারী আনোয়ার ওরফে ঢুলী আনোয়ার এবং শান্ত'র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদনগর ১ নম্বর বড়বাজার মসজিদসংলগ্ন এলাকায় বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এরশাদনগর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন মোল্লা, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাজার কমিটির উপদেষ্টা হাজী নুরুল হক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মোহাম্মদ, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চুরি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত একটি চক্রের সদস্যরা সাধারণ ব্যবসায়ীদের হয়রানি এবং পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এরশাদনগর বড়বাজারের একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে ভেতর থেকে একটি লোহার চাপাতি উদ্ধার করে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, দোকানের ভেতরে আগে থেকে কোনো চাপাতি ছিল না। তাঁদের অভিযোগ, আনোয়ার ও শান্ত বাইরে থেকে চাপাতিটি এনে দোকানটির মালিক নুরুল হককে ফাঁসানোর চেষ্টা করেন।এ ঘটনায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে ডিবি পুলিশ আনোয়ার ও শাকিলকে আটক করে। পরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে চাপাতি উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন জানান যেহেতু পুরাতন একটি লোহার টুকরো সেহেতু সেটি জব্দ তালিকা করা হয়নি। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এক বছরের ব্যবধানে চড়া সুদের বায়ার্স ক্রেডিট বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি করা হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য।
২০২৫-২৬ অর্থবছরে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল ১ হাজার ৮৯৫ কোটি ডলার। আলোচ্য সময়ে দেশের বায়ার্স ক্রেডিটের পরিমাণ বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে মোট আমদানিতে বায়ার্স ক্রেডিটের অবদানও বৃদ্ধি পাচ্ছে।
তবে নগদ, অনুদান ও কম সুদের ঋণের মাধ্যমে আমদানি কমেছে। এই পরিস্থিতিতে পণ্য ও সেবার আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমদানি পণ্যের দামও বাড়ছে।
২৬ নভেম্বর প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট আমদানি বাণিজ্যে বায়ার্স ক্রেডিটের অবদান বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি করা হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য, যা ওই বছরে মোট আমদানি ব্যয়ের ২০ দশমিক ৮ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল ১ হাজার ৮৯৫ কোটি ডলার, যা ওই বছরের মোট আমদানি ব্যয়ের ২২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বায়ার্স ক্রেডিট বেড়েছে প্রায় ৮২ কোটি টাকা বা ৫ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে আমদানিতে বায়ার্স ক্রেডিটের অংশ বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদন থেকে দেখা যায়, টাকার হিসাবে আলোচ্য সময়ে বায়ার্স ক্রেডিট বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ, যা ডলারের হিসাবের তুলনায় বেশি। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে টাকার হিসাবে ঋণ বৃদ্ধি পেয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে গড়ে ডলারের দাম ছিল ১২০ টাকা ৮০ পয়সা। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৩০ পয়সায়। ওই সময়ে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১ দশমিক ২৫ শতাংশ।
সূত্র জানায়, আমদানিকারকরা যেসব বৈদেশিক ঋণের ব্যবস্থা করে পণ্য আমদানি করেন, সেগুলোকে বায়ার্স ক্রেডিট হিসাবে চিহ্নিত করা হয়। এসব ঋণের বড় অংশ বিদেশি পণ্য সরবরাহকারীর কাছ থেকে নেওয়া হয়। এই কারণে এসব ঋণের বিপরীতে সুদের হার বেশি।
বড় অংশই বৈদেশিক মুদ্রা আকারে নেওয়া হয় না। পণ্যের মাধ্যমে নেওয়া হয়। ফলে ঋণের অর্থের বহুমুখী ব্যবহার না হয়ে এককভাবে পণ্য আমদানির ভিত্তিতে ব্যবহৃত হয়। এসব ঋণ বেশি মাত্রায় ব্যবহারের ফলে আমদানি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে আমদানি পণ্যের কারণে মূল্যস্ফীতিতে চাপ বাড়ছে।
তুলনামূলকভাবে বহুপাক্ষিক সংস্থা ও বাণিজ্যিক ব্যাংক থেকে আমদানি ঋণ নিলে সুদের হার কম পড়ে। বায়ার্স ক্রেডিটে সুদের হার সাধারণত ৬ থেকে ৮ শতাংশ, ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিলে সুদের হার ৩ থেকে ৫ শতাংশ। বহুপাক্ষিক সংস্থা থেকে ঋণ নিলে দেড় থেকে ৪ শতাংশ সুদ দিতে হয়। অনুদানের অর্থে কোনো সুদ দিতে হয় না।
প্রতিবেদন থেকে জানা যায়, এক বছরের ব্যবধানে নগদ আকারে পণ্যের আমদানি ব্যয় কমেছে দশমিক ৫০ শতাংশ। মূলত নগদ অর্থে আমদানি কম হওয়ায় এমনটি হয়েছে। সহজ শর্তের ঋণ ও অনুদানের মাধ্যমে আমদানি কমেছে ২৮ শতাংশ। বাংলাদেশকে দেওয়া উন্নয়ন সহযোগীদের অনুদান কমে গেছে। ফলে এ খাতে অর্থ ছাড় কমেছে।
জ্বালানি তেল আমদানিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এ খাতে আমদানি খরচ বেড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই মৌসুমটি অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লীগে। আগের দুই ম্যাচে অ্যস্টন ভিলা ও লিভারপুলের বিরুদ্ধে চার গোল খাওয়ার পর, এবার অপেক্ষাকৃত দুর্বল ব্রেনফোর্ডও একইভাবে তাদেরকে চার গোল দিয়ে পরাজিত করেছে। এই ঘটনা ঘটেছে ওল্ড ট্রাফোর্ডে, যেখানে হাজারো ইউনাইটেড সমর্থক উপস্থিত ছিলেন।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সফরকারী ব্রেনফোর্ড ৪-০ গোলে জয়লাভ করেছে। ১৯৩৭ সালের পর এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতায় ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে হারাতে সক্ষম হলো ব্রেনফোর্ড। এর আগে এখানে তারা আটটি ম্যাচে পরাজিত হয়েছিল।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন বৈশিষ্ট্যের দেশি ধানের জাতের চাষ করা হতো। কিছু জাত ছিল লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল, আবার কিছু জাত কম সারেই ভালো ফলন দিত। কিছু জাতের সুগন্ধ, স্বাদ ও রান্নার গুণ বিশেষভাবে প্রশংসিত ছিল। তবে কৃষকেরা অধিক ফলনের আশায় ক্রমাগত হাইব্রিড ও উচ্চ ফলনশীল (উফশী) ধানের দিকে ঝুঁকছেন। এর ফলে দেশি ধানের আবাদ কমে যাচ্ছে। হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয়ভাবে গড়ে ওঠা অনেক প্রাচীন জাত এবং সেগুলোর মূল্যবান জিনগত বৈশিষ্ট্য নিয়ে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাগেরহাট জেলায় দেশি জাতের ধান চাষ হয়েছিল ৩৫ হাজার ৭৫ হেক্টর জমিতে। ২০২৬ সালে তা কমে ২৬ হাজার ৫০৩ হেক্টরে দাঁড়িয়েছে। চার বছরের ব্যবধানে আবাদ কমেছে ৮ হাজার ৫৭২ হেক্টর, যা মোট আবাদি জমির প্রায় ২৪ দশমিক ৪ শতাংশ। একই সময়ে দেশি ধানের উৎপাদন ৬০ হাজার ২০৬ মেট্রিক টন থেকে কমে ৪৯ হাজার ২৯৪ মেট্রিক টনে নেমেছে। অর্থাৎ উৎপাদন কমেছে প্রায় ১৮ দশমিক ১ শতাংশ।
বাগেরহাটের বিভিন্ন এলাকায় এখনো কিছু দেশি জাতের ধান চাষ হচ্ছে। ফকিরহাটের বিভিন্ন কৃষি ব্লকে চিনি কানাই, বাদশা ভোগ, কুনিবুড়ি, ভোজন, সাদা মোটা, পাইজাম ও চিনি আতপ জাতের আবাদ রয়েছে। তবে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় স্থানীয় জাতের ধান চাষের প্রবণতা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোতাহার হোসেন জানিয়েছেন, দেশি জাতের ধান চাষ করে কৃষকেরা লাভবান হতে পারেন। এই কারণে তাঁদের এসব জাতের ধান চাষে উৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানে ক্ষতিগ্রস্ত ধানখেতের মধ্যে দেশি জাতের ধান তুলনামূলকভাবে বেশি টিকে থাকার প্রবণতা দেখা গেছে। মাঠপর্যায়ের কৃষকেরা জানিয়েছেন, সংকরায়ণ বা ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে দেশি ধানের ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন দৈনিক ইনকিলাবকে জানিয়েছেন, ফকিরহাটে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা দেশি জাতের ধানের আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তাঁরা কম খরচে দেশি জাতের ধান উৎপাদন করে লাভবান হতে পারেন।
স্থানীয় দেশি ধানের জাতগুলোর রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। চিনি কানাই ও বাদশা ভোগ সুগন্ধি এবং ঝরঝরে ভাতের জন্য পরিচিত। চিনি কানাই দিয়ে পোলাও, বিরিয়ানি, ক্ষীর ও পায়েস তৈরি করা হয়। এ জাতের জীবনকাল ১৪০ থেকে ১৫৫ দিন। হেক্টরপ্রতি ফলন দেড় থেকে দুই টন। অন্যদিকে, বাদশা ভোগের ফলন হেক্টরপ্রতি দুই থেকে আড়াই টন। ফলন তুলনামূলক কম হলেও বাজারে দাম বেশি হওয়ায় এসব ধান চাষে কৃষকদের আগ্রহ রয়েছে। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা অনুযায়ী, এসব জাতের চাষে সার ও কীটনাশকের প্রয়োজনও তুলনামূলক কম।
কুনিবুড়ি ধানের জীবনকাল ১৩৫ থেকে ১৪০ দিন। গাছের উচ্চতা প্রায় দেড় মিটার এবং হেক্টরপ্রতি ফলন দেড় থেকে দুই টন। অন্যদিকে, সাদা মোটা জাতের ধান নিচু ও জলাবদ্ধ জমিতে চাষ করা যায়। অতিরিক্ত পানির কারণে যেখানে অন্যান্য জাতের ধান চাষ কঠিন হয়ে পড়ে, সেখানে এ জাতটি টিকে থাকতে পারে। এ ধানের খড়ও তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়।
ভোজন একটি সুগন্ধি আমন জাত। এর জীবনকাল ১৪৫ থেকে ১৫০ দিন। নিচু জমিতে চাষ করা গেলেও গাছ লম্বা হওয়ায় ঝড়ের সময় হেলে পড়ার প্রবণতা রয়েছে। পাইজাম জাত মাঝারি উঁচু জমিতে ভালো জন্মে। এ জাতের চাল চিকন ও লম্বা এবং ভাত ঝরঝরে হয়। চিনি আতপ লাল ধানের একটি স্থানীয় জাত, যার চাল সাদা ও সুগন্ধি। কৃষকদের ভাষ্য, এসব জাতের ধানে রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক কম এবং অতিরিক্ত সার ব্যবহারের প্রয়োজন হয় না।
এ ছাড়া রাজশাইল, উড়ি ধান, দুধেরসর, জটাই বালাম, সাহেবকচি, কাঁচড়া, চাপশাইল ও কুমড়াগইরের মতো স্থানীয় জাতও বাগেরহাটের কৃষি ঐতিহ্যের অংশ। এসব জাতের মধ্যে কিছু প্রাকৃতিকভাবে লবণাক্ততা সহ্য করতে পারে, আবার কিছু জাত বিল ও নিচু জমিতে চাষের উপযোগী। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চলে একসময় এসব ধানের অনেক জাতের ব্যাপক আবাদ হতো। বর্তমানে সেগুলোর কয়েকটির চাষ সীমিত হয়ে এসেছে।
কৃষি বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, দেশি ধানের মোট আবাদ ও উৎপাদন কমলেও হেক্টরপ্রতি গড় ফলন বেড়েছে। ২০২২ সালে হেক্টরপ্রতি গড় উৎপাদন ছিল ১ দশমিক ৬৬ মেট্রিক টন। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৭ মেট্রিক টনে।
কৃষকেরা অধিক ফলনের আশায় হাইব্রিড ও উফশী জাতের ধান চাষ করায় ক্রমেই সংকুচিত হচ্ছে দেশি ধানের আবাদ। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগও স্থানীয় জাতের ধান চাষে প্রভাব ফেলছে। ফলে ধানের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও কৃষি ঐতিহ্য সংরক্ষণে দেশি জাতের আবাদ ধরে রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশ্বাস প্রদান করেছেন যে, একটি নিজস্ব ভবন, জিমনেসিয়াম এবং স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলা হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্দেশ্যে আগামী নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হবে।
আজ শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেন, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে, স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।
আমিনুল হক বলেন, “সরকারের লক্ষ্য শুধু সাফ গেমসে পদক জয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে হবে।
নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ