বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৪:০৩ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন করে বৃদ্ধি পেয়েছে। এ উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান।
এছাড়াও, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে, তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করেছে।
বৃহস্পতিবার আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে তাসনিম নামের ইরানের আধাসরকারি বার্তা সংস্থায়। আইআরজিসির দাবি, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রুপক্ষের’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে সেটিকে গুলি করে ভূপাতিত করে। তাদের ভাষ্য অনুযায়ী, মহাকাশ বাহিনীর অধীনে পরিচালিত নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
এদিকে, ইরাকের কুর্দি বাহিনী জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এরবিলে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তার গ্রেপ্তার হল। আজকে গ্রেপ্তারের পর, তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেয়ার আহ্বান জানিয়ে প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তবে সেই পদক্ষেপের জন্য কঠোর জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আমাদের প্রতিবেশীদের জানা উচিত, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয়া এবং ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর যথাযথ জবাব দেয়া হবে।’
একইসঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও ভয়াবহ ও ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, ইরান শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করবে।
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার একমাত্র উপায় হলো গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন করা এবং প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ইরানের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা।
আকরামিনিয়া আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চলের সব অবশিষ্ট অবকাঠামোতে হামলা চালাবে। ইরানের জবাব আগের যেকোনো হামলার তুলনায় আরও কঠোর, আরও বিস্তৃত এবং আরও বিধ্বংসী হবে।
এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন নিশ্চিত করতে সরকার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ করছে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ব্রিফিংকালে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তিনি ব্যাখ্যা করেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অটো-প্রমোশন চালু করা এবং নকলের ব্যাপক সুযোগ সৃষ্টি করার মতো বিভিন্ন প্রথার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।'
তিনি উল্লেখ করেন, 'শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটি পুনর্গঠিত ও উন্নত করার জন্য কাজ করছি, যদিও এই প্রক্রিয়ার জন্য কিছু সময় প্রয়োজন হবে।'
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং ব্যবহারিক জ্ঞান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে, যাতে শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারে।
ছাত্রদের সাম্প্রতিক প্রতিবাদ বা বিক্ষোভ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে। যা গিয়ে ঘটনাবলীর উপর বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে।
এ বছর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা স্থানীয় নির্বাচনের আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬ ১৫:৪৮
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে সামনের সারিতে ছিলেন। তিনি নিরস্ত্র অবস্থায় উভয় হাত প্রসারিত করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে তিনি নিহত হন। তার এই আত্মত্যাগ সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। এর পরই ছাত্র-জনতা আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এদিন সকাল ১০টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
নুরুল হক নুর বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছে। সেই অর্জন সমুন্নত রাখা, নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।'
চরকাজলের রাসেল, দশমিনার জিহাদসহ গলাচিপা ও দশমিনার অনেক শিক্ষার্থী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, 'তারাই ছিলেন আন্দোলনের অগ্রসৈনিক।
দেশের স্বার্থে স্বৈরাচার হটাতে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনের গুরুত্ব শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে।' তিনি তুরস্কের ২০১৬ সালের ঘটনাপ্রবাহের উদাহরণ টেনে বলেন, গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত হয়ে আছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, 'জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের একতরফা ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করেছে। জনগণের ভোটাধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
সভায় আরো বক্তব্য দেন জুলাই যোদ্ধা গাজী নুর আলম, মো. ইমরান ওজুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাহেদ এবং জুলাই আন্দোলনের শহীদ আতিকুরের মা।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব জাকির মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ