ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না’: মালিবঙ্গুয়ে মাকেতার মন্তব্য


‘এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না’: মালিবঙ্গুয়ে মাকেতার মন্তব্য

আশা তো অনেক কিছুই করা যায়। তবে সবগুলো কি আর পূরণ হয়। বাংলাদেশের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা সেঞ্চুরিয়ন টেস্টে ভালো কিছু আশা করেছিলেন।

প্রথম ইনিংসে তার শিষ্যদের ভালো স্কোর করার প্রত্যাশা ছিল মাকেতার। কিন্তু বৃষ্টির কারণে সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় পর ম্যাচ শুরু হলে আশার বেলুন ফেটে যায়। বাংলাদেশ এমন এক বিব্রতকর রেকর্ড গড়েছে যে, সেঞ্চুরিয়নে সর্বনিম্ন দলীয় স্কোরের লজ্জার সম্মুখীন হয়েছে। ৯১ রানে অলআউট হয়ে বাংলাদেশ এই দুঃখজনক রেকর্ডটি তৈরি করেছে, যা আগে ইংল্যান্ডের দখলে ছিল। ২০১৬ সালে তারা ১০১ রানে অলআউট হয়েছিল।

বাংলাদেশ ৩৩.৩ ওভার খেলার পর অলআউট হয়েছে। এত দ্রুত অলআউট হওয়া নিয়ে মাকেতা ভাবতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব মিলিয়ে দিনটা বেশ হতাশাজনক ছিল। আসলে অনেক হতাশাজনক দিন ছিল আমাদের জন্য। স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিছু সহজ উইকেট দিয়ে আসার ঘটনা ঘটেছে। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না।’

আরও পড়ুন: কেইনহীন বায়ার্নের অপরাজিত যাত্রা থামাল লিল ২-১ গোলে

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারলেও প্রথম ইনিংসে বাংলাদেশ দারুণ খেলেছিল। তাই এবারও ভালো কিছু হবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু এই পারফরম্যান্সে মাকেতা হতাশ হয়েছেন, ‘প্রথম টেস্টে আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সবাই ভালো খেলছিল, সবাই অনেক নিবেদন দেখিয়েছিল। আমাদেরও ভালো লেগেছিল। সেখান থেকেই এগোতে চেয়েছিলাম। এমন কিছু চাইনি অবশ্যই। এমন উইকেটে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। টেকনিক্যাল ব্যাপারটা সবার মাঝেই আছে। আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার অভিজ্ঞতা খুব একটা না থাকলেও, ব্যাটারদের ভালো কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেন মাকেতা। বাংলাদেশের সহকারি কোচ বলেন, ‘কৌশলগতভাবে ছেলেদের সেই সামর্থ্য আছে। এমন উইকেটে আমরা হয়তো আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। বাংলাদেশ দেশের বাইরে খুব একটা টেস্ট ক্রিকেট খেলেনি। এখানে এত বেশি টেস্টও খেলেনি। এত দেরিতে টস হওয়ার পর ব্যাটিংয়ে নামতে হয়েছে। আমার মনে হয়, মানসিকভাবে ব্যাপারটার জন্য প্রস্তুত ছিলাম না। কিছুটা পিছিয়ে ছিলাম। এসবের খেসারতই দিতে হয়েছে। ব্যাপারটা অনেক হতাশাজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ এম


যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

ইরান যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি (২৯০ বিলিয়ন) ডলার ক্ষতিপূরণ দাবি করেছে, যা যুক্তরাষ্ট্রের হামলা এবং নিষেধাজ্ঞার কারণে হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা দেশের আদালতের এই আদেশের বিষয়টি জানান।

গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা এবং এর পরবর্তী সময়ের ক্ষতির বিষয়টিও এই দাবির অন্তর্ভুক্ত রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে উল্লেখ করা হয়েছে, ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এই ক্ষতিপূরণের ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা দেশের অভ্যন্তরীণ আদালতগুলো থেকে আমেরিকানদের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের রায় আদায় করেছি।"

এছাড়া, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, "ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ায়" উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান পুরো অঞ্চলজুড়ে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সে সময় তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই পালটা হামলা চালিয়েছে।

এর আগে, একটি শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতা স্মারকে এমন একটি ধারা অন্তর্ভুক্ত ছিল, যেখানে ইরানের ‘পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য’ ওয়াশিংটন এবং এর আঞ্চলিক অংশীদারদের অন্তত ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলারের একটি পরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও তার প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ এম


আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও তার প্রভাব

ক্ষমতা হারানোর পরও ফ্যাসিস্ট বা চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক দলগুলো নিজেদের পরাজয় বা পতনকে জনগণের রায় বা নিজেদের ব্যর্থতা হিসেবে মেনে নেয় না। বরং তারা পরাজয়ের দায় চাপায় বিদেশি শক্তি বা কথিত ডিপ স্টেটের ওপর। কখনো কখনো দলের কিছু নেতার বিশ্বাসঘাতকতার ফল হিসেবেও দেখানো হয়। কর্মীদের বোঝানো হয়, বর্তমান পরিস্থিতি সাময়িক এবং তারা আবার ক্ষমতায় ফিরবে। যদি এই বিশ্বাস না থাকে, তবে কর্মীরা দল ছাড়তে শুরু করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পলাতক নেতারা ঠিক এই কাজটিই করে চলেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি দেশের মূলধারার গণমাধ্যমকেও সফলভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছেন।

অভ্যুত্থানের পর দলটির শীর্ষনেতাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা পালিয়ে যান। দলটির বহুমুখী সাংস্কৃতিক ফ্রন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত ভেঙে পড়েছিল। ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে শিক্ষার্থীদের রাস্তায় নেমে কাজ করতে হয়েছে। এই দুর্বল পরিস্থিতির মধ্যেও পরাজিত দলটির নেতাকর্মীরা সহিংস কোনো কর্মকাণ্ড চালানোর সাহস পাননি। দেশের গণমাধ্যমগুলোর ভেতরে থাকা দেড় দশকের সুবিধাভোগী গোষ্ঠী কার্যক্রম নিষিদ্ধ দলটির পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদী দলকে পরাজিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর কেন তারা সহিংস চেহারা নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে, তা গভীর পর্যালোচনার বিষয়।

ফ্যাসিবাদী রাজনৈতিক দলের কমবেশি জনসমর্থন থাকে। বিশ্বের সব দেশেই ফ্যাসিবাদী রাজনৈতিক দলের তা ছিল। কিন্তু সেই রাজনৈতিক দল আর কখনো পুনর্বাসিত হয়নি। দলটির সমর্থকরা ভিন্ন রাজনৈতিক দলে আত্মীকরণ হন। আবার মতাদর্শ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের জন্ম হতে পারে। বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দলটির আবার ফিরে আসার পেছনে মূল কারণ ছিল নির্বাচন সামনে রেখে এই দলের নেতাকর্মীদের আত্মীকরণের বদলে পুনর্বাসিত করা। নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, ভোট পাওয়ার জন্য এই কাজকে প্রধান নির্বাচনি কৌশল হিসেবে গ্রহণ করে। বিএনপি ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীদের মতাদর্শ পরিবর্তন করে নিজ দলে আত্মীকরণের পরিবর্তে তাদের কাছে শুধু বিজয়ী হওয়ার জন্য ভোট প্রার্থনা করেছে। কিন্তু বিএনপির প্রতি তাদের কোনো আনুগত্য ছিল না। তাদের আনুগত্য দিল্লিতে পলাতক নেতৃত্বের প্রতি। এই কৌশলের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, সে ধারণা ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের ছিল না।

বিএনপি নেতারা পুরো ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে শুধু সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখেছিলেন। এমনকি সরকার গঠনের আগেই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করেন। তারা ভুলে গিয়েছিলেন, বিদেশি মদতপুষ্ট ফ্যাসিবাদী রাজনৈতিক দল যখন বাইরের কোনো রাষ্ট্র, প্রভাবশালী গোষ্ঠী বা ভূরাজনৈতিক স্বার্থে সমর্থন পায়, তখন তাদের টিকে থাকার সক্ষমতা অনেক বেড়ে যায়। স্থানীয় জনসমর্থন বা নিজস্ব অর্থনৈতিক ভিত্তি দুর্বল হলেও বাইরের পৃষ্ঠপোষকতা তাদের সাংগঠনিক কাঠামোকে দীর্ঘদিন সচল রাখতে পারে।

পতিত ও পলাতক ফ্যাসিবাদীদের সবচেয়ে ক্ষোভ ছিল ড. মুহাম্মদ ইউনূসের সরকারের ওপর। তারা মনে করে, ড. ইউনূস আর কথিত ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্রে তারা পরাজিত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছিল ইসলামপন্থি দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তি। জুলাই-আগস্টে রাজনৈতিক পরিচয়ের বাইরে যে লাখ লাখ ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, আওয়ামী লীগের চোখে তাদের দেখা হয় বিভ্রান্তি হিসেবে।

বিস্ময়কর ব্যাপার হলো, বিএনপির নির্বাচনি প্রচারের সময় ফ্যাসিবাদী সফট পাওয়ার সক্রিয় হতে শুরু করে। কারণ, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী যেহেতু জামায়াতে ইসলামী, তাই তাদের ঘায়েল করতে ফ্যাসিবাদের পক্ষের চিহ্নিত প্রচারবিদদের দলটি ব্যবহার করতে শুরু করে। এদের প্রধান কাজ ছিল ড. মুহাম্মদ ইউনূস ও জামায়াতে ইসলামীর সমালোচনা করা। বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ফ্যাসিবাদী প্রচারবিদদের ফাঁদে পড়ে। জামায়াত-ইউনূসবিরোধী বক্তব্য তারা উপভোগ করে। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী তাদের অনেকের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করেন এবং টকশোতে তাদের বক্তব্যের প্রশংসা করে চিঠি লেখেন।

এসব কর্মকাণ্ডের ফলে মূলধারার মিডিয়া অনেকটা খোলাখুলিভাবে ফ্যাসিবাদীদের রাজনৈতিক অধিকার দেওয়ার পক্ষে মত উৎপাদন করতে থাকে। ক্ষমতাসীন দলের এই নীতি প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের সমর্থকদের যেমন উৎসাহিত করে, তেমনি তারা এটিকে সরকারের দুর্বলতা হিসেবেও দেখতে থাকে।

ফ্যাসিবাদী দলের পক্ষে যখন কোনো বয়ান বা প্রচারণা তৈরি করা হয়, তখন তা শুধু বাইরের জনমতকে প্রভাবিত করার জন্য নয়, বরং দলটির নিজস্ব নেতাকর্মীদের মনস্তত্ত্ব ও আচরণ নিয়ন্ত্রণের জন্যও ব্যবহৃত হয়। আওয়ামী লীগের প্রচারবিদরা নিরবচ্ছিন্নভাবে ঠিক এই কাজটি করে গেছেন। আইনি ব্যবস্থা, দুর্নীতির তদন্ত বা গ্রেপ্তারকে ‘রাজনৈতিক নিপীড়ন’ হিসেবে তুলে ধরে কর্মীদের মধ্যে সহানুভূতি ও ক্ষোভ জিইয়ে রাখার কৌশল গ্রহণ করা হয়।

ফ্যাসিবাদী বয়ান পরাজিত দলটির নেতাকর্মীদের মনে এই বিশ্বাস গেঁথে দেয় যে, তারা এবং তাদের দল কোনো এক ‘অদৃশ্য শত্রু’ বা ষড়যন্ত্রের শিকার। এই মানসিকতা তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা তৈরি করে, যা যেকোনো সহিংসতা বা অন্যায়কে ‘আত্মরক্ষা’ হিসেবে বৈধতা দেয়। বয়ানের মাধ্যমে বিরোধীদের শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং ‘দেশদ্রোহী’, ‘অপরাধী’ বা ‘অস্তিত্বের হুমকি’ হিসেবে চিত্রিত করা হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধীদের সঙ্গে এই আচরণ করেছে। এখন পরাজিত হয়ে একই চিন্তা থেকে বিচ্ছিন্নভাবে হত্যা ও বোমাবাজির পথ বেছে নিয়েছে।

ক্রমাগত মিথ্যা বা অতিরঞ্জিত বয়ান শুনতে শুনতে নেতাকর্মীরা তথ্য-প্রমাণ বা যুক্তির চেয়ে নেতার কথাকে চূড়ান্ত সত্য বলে মেনে নেন। নেতাকর্মীরা মনে করতে শুরু করেন, যেহেতু তারা একটি ‘মহান জাতীয় বা আদর্শিক উদ্দেশ্য’ বাস্তবায়ন করছেন, তাই তাদের নেতাদের দুর্নীতি, স্বজনপ্রীতি বা আইনের লঙ্ঘন কোনো অপরাধ নয়—বরং এটি তাদের ন্যায্য প্রাপ্য।

দুর্ভাগ্যজনক দিক হচ্ছে, বিএনপির ভেতর থেকেই ফ্যাসিবাদী বয়ানের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে। বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগের প্রোপাগান্ডা চ্যানেলে হাজির হয়ে গণঅভ্যুত্থানের সময় হাজার হাজার পুলিশ হত্যার অভিযোগ করছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসকে বৈধতা দিচ্ছেন। বিএনপির একজন সংসদ সদস্য যখন সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করেন, তখন নিষিদ্ধ দলের কর্মীরা যে আরো বেশি উজ্জীবিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই।

প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে আসার পর নিষিদ্ধ দলটি তাদের সাংগঠনিক কাঠামো বদলে ফেলেছে। জনরোষের কারণে বড় ও দৃশ্যমান সমাবেশের বদলে তারা এখন ছোট ছোট গোপন সেল, এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যম ও স্থানীয় অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে।

নিষিদ্ধ দলের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য প্রয়োজন হয় বিপুল অর্থের। আমরা দেখেছি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চরমপন্থি সংগঠনগুলো একসময় অর্থের জন্য ডাকাতির পথ বেছে নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে যে লুটপাটের অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হয়েছে, তা এখনো পুরোপুরি বহাল রয়েছে। শুধু পাহারাদার বদল হয়েছে।

আওয়ামী লীগের অলিগার্ক শ্রেণি বর্তমান ক্ষমতাসীনদের একজন বা দুজন ব্যক্তিকে ভালো বেতন দিয়ে প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্বে নিয়োজিত রেখেছে। অন্যদিকে, অলিগার্কদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো পতিত রাজনৈতিক শক্তির পক্ষে কোনো ধরনের রাখঢাক ছাড়াই প্রচারণা চালাচ্ছে। দলটির সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে দেখানো হচ্ছে নিছক একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে। আসলে ক্ষমতায় থাকাকালে গড়ে ওঠা ব্যবসায়ী গোষ্ঠী, প্রবাসে পাচার করা অর্থের গোপন তহবিল এবং স্থানীয় প্রভাবশালী নেটওয়ার্কের মাধ্যমে দলের খরচ চালানোর মতো অর্থের কোনো সমস্যা হচ্ছে না।

আওয়ামী লীগের সন্ত্রাসবাদী তৎপরতার জন্য দেশের ভেতরে যেমন শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে, তেমনি সীমান্তের ওপার থেকেও মদত পাচ্ছে। ভারতের হিন্দুত্ববাদী সরকারের সমর্থন নিয়ে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে তা নয়, লাগাতার চালানো হচ্ছে বাংলাদেশবিরোধী প্রচারণা। মনে রাখতে হবে, ভারতের মদতে আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতি নতুন নয়। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের একটি অংশ ভারতের মদতে সশস্ত্র কর্মকাণ্ড শুরু করেছিল। তারা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় যুদ্ধ শুরু করেছিল।

খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান এক সাক্ষাৎকারে আমাকে বলেছিলেন, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদী রাজনীতি সহজে ধ্বংস হয় না। সন্ত্রাসবাদী দলকে নানা ধরনের চাপ সৃষ্টির জন্য বিদেশি শক্তি ব্যবহার করে থাকে।

ভারত ও আওয়ামী লীগের পলাতক নেতারাও জানেন, গণহত্যার পর রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই। ভারতে আশ্রয়ের বিনিময়ে এরা শুধু খেলার গুঁটি হিসেবে ব্যবহৃত হবে।

জিয়াউর রহমানের মতো তারেক রহমানকেও এখন দীর্ঘ সময়ের জন্য সন্ত্রাসবাদী রাজনীতি মোকাবিলা করতে হবে। জিয়াউর রহমানের মতো তাকেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদনকারী গোষ্ঠী ও অলিগার্ক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে।

এ জন্য প্রথম দরকার হবে ক্ষমতাসীন দলের মধ্যে থাকা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান। ফ্যাসিবাদী প্রভাববলয়ে থাকা রাজনৈতিক নেতৃত্বকে দলের মধ্যে রেখে বিদেশি মদতপুষ্ট আওয়ামী কাল্টের সন্ত্রাসনির্ভর মতাদর্শিক রাজনীতি মোকাবিলা করা কঠিন হবে।

লেখক : সহযোগী সম্পাদক, আমার দেশ

[email protected]

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন দেশের স্বর্ণের মজুত কত? বাংলাদেশের অবস্থান ১৪.৩ টন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


কোন দেশের স্বর্ণের মজুত কত? বাংলাদেশের অবস্থান ১৪.৩ টন

প্রাচীনকাল থেকে স্বর্ণকে সম্পদ ও প্রাচুর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়ে আসছে। হাজার হাজার বছর ধরে এই মূল্যবান ধাতুর চাহিদা ও গ্রহণযোগ্যতা অটুট রয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি কিংবা ভূরাজনৈতিক সংকটের সময়, অনেক বিনিয়োগকারী সম্পদের মূল্য ধরে রাখতে স্বর্ণের ওপর নির্ভরশীল হয়ে ওঠেন। এটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে স্বর্ণ মজুত করে থাকে।

বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখতে স্বর্ণের মজুত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের রিজার্ভে স্বর্ণের পরিমাণ বাড়ানো বা ধরে রাখার ওপর গুরুত্ব দেয়। বিশ্বের বিভিন্ন দেশে কত পরিমাণ স্বর্ণের মজুত রয়েছে, তা নিয়ে আগ্রহ রয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুত যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। দেশটির মজুতের পরিমাণ ৮ হাজার ১৩৩ টন। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির স্বর্ণের মজুত ৩ হাজার ৩৪৯ টন, যা যুক্তরাষ্ট্রের মজুতের অর্ধেকেরও কম।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ইতালি ও ফ্রান্স রয়েছে। দেশ দুটির স্বর্ণের মজুত যথাক্রমে ২ হাজার ৪৫২ ও ২ হাজার ৪৩৭ টন। পঞ্চম স্থানে থাকা চীনের মজুত ২ হাজার ৪১০ টন। কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বর্ণের মজুতের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

বিশ্বে স্বর্ণের মজুতের দিক থেকে শীর্ষ দশে থাকা বাকি পাঁচ দেশ হলো- রাশিয়া, সুইজারল্যান্ড, ভারত, জাপান ও পোল্যান্ড। দেশগুলোর মজুত যথাক্রমে ২ হাজার ২৬৪ টন, ১ হাজার ৪০ টন, ৮৮১ টন, ৮৮১ টন ও ৬৭৩ টন।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে বিপুল পরিমাণ স্বর্ণ মজুত রয়েছে। সংস্থাটির ভান্ডারে প্রায় ২ হাজার ৮১৪ টন স্বর্ণ সংরক্ষিত আছে। আইএমএফকে এককভাবে একটি দেশ হিসেবে বিবেচনা করা হলে, স্বর্ণের মজুতের দিক থেকে এটি বিশ্বে তৃতীয় অবস্থানে থাকত।

বাংলাদেশের স্বর্ণের মজুত কত

বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের স্বর্ণের মজুত অনেক কম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বর্ণের মজুত ১৪ দশমিক ৩ টন। ফলে বাংলাদেশ স্বর্ণ মজুতে দেশগুলোর তালিকায় ৬৮তম অবস্থানে রয়েছে। তবে বিভিন্ন দেশ ও বিভিন্ন অর্থনৈতিক সংস্থা মিলিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান ৭২তম।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনেও স্বর্ণের মজুতের তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মজুত স্বর্ণের বড় অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। বাকি স্বর্ণ রয়েছে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে।

কেন্দ্রীয় ব্যাংক কেন স্বর্ণ মজুত করে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ঘটনা, যা মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলে। উদ্ভাবন ও উন্মোচনের পাশাপাশি অনেকের জন্ম ও মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক নজরে দেখা যাক তেমন কিছু ঘটনা।

ঘটনাবলি

১৬৩৯ সালে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।

১৬৪২ সালে আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।

১৭১৫ সালে টেমস নদীর পানি জমে বরফ হয়ে যায়।

১৭৫৯ সালে বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা ঘটে।

১৮৩১ সালে বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।

১৮৫৯ সালে চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।

১৯১৪ সালে বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।

১৯২৩ সালে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।

১৯৩৩ সালে বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত হয়।

১৯৫০ সালে ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।

১৯৯৫ সালে দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

২০০৪ সালে ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।

২০১২ সালে বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

জন্ম

১৬৩২ সালে হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা জন্মগ্রহণ করেন।

১৬৫৫ সালে সুইডেনের রাজা একাদশ চার্লস জন্মগ্রহণ করেন।

১৭৮৪ সালে জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।

১৮৬০ সালে গণিতজ্ঞ কালীপদ বসু জন্মগ্রহণ করেন।

১৮৬৪ সালে অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর জন্মগ্রহণ করেন।

১৮৭৬ সালে জাপানি অণুজীববিদ হিডেও নোগুচি জন্মগ্রহণ করেন।

১৯০৪ সালে হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য জন্মগ্রহণ করেন।

১৯২৬ সালে নোবেলজয়ী চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি জন্মগ্রহণ করেন।

১৯৩০ সালে কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার জন্মগ্রহণ করেন।

১৯৩১ সালে রবি ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৫০৪ সালে স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা জন্মগ্রহণ করেন।

১৫২৪ সালে বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা জন্মগ্রহণ করেন।

১৭৪১ সালে সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা জন্মগ্রহণ করেন।

১৮৫৮ সালে ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা জন্মগ্রহণ করেন।

১৮৮৪ সালে বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন।(জ.১৮১৭)

১৯৩৪ সালে বীরেন্দ্রনাথ শাসমল, ভারতের বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা জন্মগ্রহণ করেন।

১৯৬৩ সালে লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র আততায়ী হিসেবে পরিচিত হন।

১৯৮২ সালে বারাক ওবামা সিনিয়র, কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা জন্মগ্রহণ করেন।

২০১৭ সালে সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%