ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগে মামলা


মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগে মামলা

মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখল করার চেষ্টা, ঘরের বেড়া ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় এক ব্যক্তি সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাবেক চেয়ারম্যান জমির মালিকানা দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, জমি নিয়ে বিরোধের কারণে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নোটিশ প্রদান করেছে।

মামলার বাদী মো. মানিক মিয়া (৬৫) মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মামলার আসামিরা হলেন ওই ইউনিয়নের আন্ধারমানিক এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া (৬০) এবং পৌরসভার বহেরাতলা এলাকার মো. রতন মিয়া (৫৫)। এছাড়া ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলাটি মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নম্বর ১৮৮/২০২৬ (মঠবাড়িয়া) হিসেবে নথিভুক্ত রয়েছে।

আরও পড়ুন: কুবির শিক্ষকপুত্র অপ্রতিম হত্যায় ৩১ দিনের মধ্যে চার্জশিট দাখিল

আদালতে দাখিল করা অভিযোগ অনুযায়ী, মঠবাড়িয়া মৌজার ২১ নম্বর জে.এল.-ভুক্ত সাবেক ১৫৬ নম্বর খতিয়ানের ১১৫৬ নম্বর দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বাদীর দাবি, জমিটি তার ভোগদখলে ছিল এবং পরে তিনি এটি প্রবাসী জাহিদুল ইসলামের কাছে বিক্রি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট রাত ৮টা থেকে পরদিন রাত ২টার মধ্যে আসামিরা লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নিয়ে যান। বাদীর দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় বাধা দিলে প্রবাসী জাহিদুলের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মানিক মিয়া বলেন, নগদ অর্থের প্রয়োজনের জন্য তিনি জমিটি জাহিদুল ইসলামের কাছে বিক্রি করে বুঝিয়ে দিয়েছেন। তিনি জানান, জাহিদুল প্রবাসে থাকায় তার পক্ষে মামলা করেছেন।

মুঠোফোনে জাহিদুল ইসলাম জানান, ২০১৮ সালে ৪ দশমিক ২৫ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৭৫ শতাংশ জমি মানিক মিয়ার কাছ থেকে কিনেছেন। জমি কেনার পর প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করেছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনি

জাহিদুলের অভিযোগ, ১৪৪ ধারার আদেশ বহাল থাকা সত্ত্বেও জমিতে থাকা দুটি ঘর ভেঙে মালামাল নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, জমি কেনার পর থেকে তারা চাপ, হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

অন্যদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমিটি তার নিজের। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ হয়েছে এবং সালিশের রোয়েদাদে মানিক মিয়ার জমিটিতে কোনো স্বত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, মানিক মিয়া নিজের প্রাপ্যের চেয়ে বেশি জমি বিক্রি করেছেন।

জালাল মিয়া বলেন, মামলা হয়েছে। আদালতে দুই পক্ষই নিজেদের কাগজপত্র জমা দেবে। মামলার রায়ে যা নির্ধারিত হবে, তা তিনি মেনে নেবেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জমিটি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ রয়েছে। তিনি জানান, জালাল উদ্দীন এ আদেশের বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে উচ্চ আদালত মামলাটি খারিজ করে দিয়ে স্থগিতাদেশ বহাল রেখেছেন। জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়েছে।

আরও পড়ুন: ঋণ না দেওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা যুবকের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে : রিজভী

শিল্পের সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে উল্লেখ করে শিল্প উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিল্প খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি সতর্ক করেছেন যে, কোনো অশুভ শক্তির কারণে শিল্পপ্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে না পড়ে, সে বিষয়ে নজর রাখতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের একটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ইংল্যান্ডের উইলকিনসন সোর্ড কোম্পানির কারিগরি সহযোগিতায় সরকারি এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের সোর্ড ডিসপোজেবল রেজর ব্লেড উৎপাদনের লক্ষ্যে সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় কারখানাটি নির্মিত হয়েছে।

রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড কারখানা প্রতিষ্ঠা করেন। পরে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে কারখানাটিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে কোনো অশুভ শক্তি এর উৎপাদন ব্যাহত করতে না পারে।

তিনি আরও বলেন, কোনো দেশে বেসরকারি প্রতিষ্ঠান যদি কোনো কারণে স্থবির হয়ে পড়ে, তাহলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। তাই গতানুগতিক ধারার বাইরে এসে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে শিল্পের বিকাশ ঘটাতে হবে। শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখার পাশাপাশি আধুনিকায়নেও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সুপারভাইজার মিনহাজুল ইসলাম সুজন, জসিম উদ্দিন নিক্সন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা যায়।

প্রশিক্ষণ কার্যক্রমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়েছে, যা সাধারণ মানুষের ওপর সশস্ত্র তৎপরতা ও হুমকি দেওয়ার প্রতিবাদ হিসেবে গৃহীত হয়েছে।

সংগঠন দুটি জানায়, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির বিষয়টি তুলে ধরেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, জেএসএস সন্তু গ্রুপের নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। ৮ অক্টোবরের সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বরং প্রতিবাদকারীদের দোকান ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

নেতারা বলেন, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও চেয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহ বহনকারী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

অভিযোগ করা হয়, গত প্রায় দুই সপ্তাহ ধরে নিরাপত্তা বাহিনীর মদদে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশপাশে অবস্থান করছে এবং স্থানীয় লোকজনকে হুমকি দিচ্ছে। ২৯ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর ছোড়া গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়। সংগঠন দুটির নেতারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সশস্ত্র গোষ্ঠীটিকে সরিয়ে নিয়ে সাজেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় সাবেক নারী জেলার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় সাবেক নারী জেলার গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বাসার কাজ এবং দুই সন্তানের দেখভালের জন্য কারাগার থেকে দুই নারী কয়েদিকে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক নারী জেলার দিব্যা চৌধুরী। চাকরি হারানোর পাশাপাশি, তিনি বর্তমানে সেই কারাগারেই বন্দি রয়েছেন, যেখানে তিনি একসময় দায়িত্ব পালন করতেন।

৩৭ বছর বয়সী দিব্যা রাজস্থানের আজমির কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজমির সেন্ট্রাল জেল থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন দিব্যা। তার স্বামী রাজস্থানের কোটা জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।

অফিসের দায়িত্ব ও সংসার সামলাতে গিয়ে, কারাগারের অধীন মহিলা সংশোধনাগারের কয়েদিদের ব্যক্তিগত কাজে ব্যবহারের পরিকল্পনা করেন তিনি। ১২ জুলাই, দিব্যা দুই নারী বন্দিকে নিজের বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কিরণ, যিনি সেথা নামেও পরিচিত। অন্যজন বিচারাধীন বন্দি সানা।

কারাগারের প্রধান ফটকে দায়িত্ব পালনরত অন্যান্য কর্মীরা এতে বাধা দেন। তবে অভিযোগ রয়েছে, দিব্যা এবং তার সহকর্মী কনস্টেবল সোনিয়া চৌধুরী তাদের বাধা উপেক্ষা করে দুই বন্দিকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান।

বিষয়টি জানাজানি হওয়ার পর এক থেকে দুই ঘণ্টার মধ্যে ওই দুই বন্দিকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। রাজস্থান কারাবিধি-২০২২ অনুযায়ী, বন্দিদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার পর বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে দিব্যা চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৫ আগস্ট, আজমিরের সিভিল লাইন্স থানায় তার বিরুদ্ধে মামলা করেন কারাগারের এক প্রহরী। মামলা হওয়ার পর থেকে দিব্যা আত্মগোপনে ছিলেন।

পরে তাকে গ্রেপ্তারে বিশেষ দল গঠন করে আজমির পুলিশ। তদন্তে সাইবার সেলের সদস্যরাও যুক্ত হন। তারা সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান শনাক্তের চেষ্টা করেন।

৬ অক্টোবর, রাজস্থানের কোটা জেলায় দিব্যার স্বামীর ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে, দিব্যা দাবি করেন যে, তিনি ওপেন জেল থেকে বন্দি আনার নির্দেশ দিয়েছিলেন। কারণ, ওপেন জেলের বন্দিদের নির্দিষ্ট শর্তে বাইরে যাওয়ার সুযোগ থাকে। তবে তার সহকর্মী সোনিয়া ভুল করে সাধারণ কারাগারের দুই বন্দিকে নিয়ে আসেন বলে দাবি করেন তিনি।

তবে দিব্যার এই বক্তব্যের বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষের চূড়ান্ত অবস্থান সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%