ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন


রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা ঠেকানোর লক্ষ্যে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

এছাড়া, এর আগে দেশের ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলো হল: কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দফতর থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

এর সাথে, দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই অবস্থানে রয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো নাশকতা রোধ করতে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রামসহ অন্যান্য বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সজাগ রয়েছে। মধ্য রাত থেকেই সেনাবাহিনী টহলের কাজ শুরু করেছে। পুলিশ ও র‍্যাবের নজরদারি বৃদ্ধি পেয়েছে।

সকাল থেকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: প্যারিস খাল বাঁচাতে ডিএনসিসির সহায়তায় মাঠে তরুণ স্বেচ্ছাসেবীরা

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলও সংগঠিত হয়েছে। পরবর্তীতে রুহুল কবির রিজভী বলেন, "পাঁচার করা টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।" জনগণকে সঙ্গে নিয়ে সেই শক্তিকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

পূর্বাচলের তিনশ ফিট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চোরাগুপ্তা মিছিল এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভোলা, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, "কেউ সরকারের প্রতি বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হবে।"

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর

জামালপুরের বকশীগঞ্জে একই গ্রামের দুই শিক্ষার্থী আফসানা আক্তার (১৩) এবং আশা মনি (১১) সাত দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিকটস্থ গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি। তাদের দুজনের বাড়ি বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত।

ভুক্তভোগীদের পরিবার থেকে জানা যায়, গত ১৭ জুন বিকেল ৫টার সময় তারা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে কোনোভাবেই ফিরে আসেনি। পরবর্তীকালে সম্ভাব্য সমস্ত স্থানে তাদের খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মিলেনি।

এই ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও থানায় অভিযোগ করার পরও এখন পর্যন্ত তাদের মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী পরিবারটি তাদের মেয়েদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে এবং দুই ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছিলারচর এলাকার জব্বার মাস্টারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার হন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার লক্ষীকান্দি এলাকার রায়হান খান ওরফে ফয়সাল (২২), পালং মডেল থানার রায়পুর এলাকার দেলোয়ার হোসেন (২৮) এবং বাবু শিকদার (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন( কনফারেন্স রুম চতুর্থ তলায়) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার,
পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা,
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি আঃ হামিদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।
এই সভায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ, মাদক থেকে যুবসমাজকে রক্ষা, বাল্য বিবাহ, যানজট নিরশন, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির পারফরম্যান্স নিয়ে কেন ভাবেন না, জানালেন এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মেসির পারফরম্যান্স নিয়ে কেন ভাবেন না, জানালেন এমবাপ্পে

গত বিশ্বকাপে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে প্রচুর গোল করেছেন। চলমান বিশ্বকাপেও এই ধারাটি অব্যাহত রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে এমবাপ্পে সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলের জবাবে ফরাসি তারকা এমবাপ্পে জোড়া গোল করেছেন। ২৭ বছর বয়সী এমবাপ্পে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসির রেকর্ড ভাঙার উদ্দেশ্যে দ্রুতগতিতে ছুটছেন।

ফ্রান্সের ৩–০ ব্যবধানে ইরাকের বিপক্ষে জয়লাভের ম্যাচে জোড়া গোল করা এমবাপ্পে লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথ সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি প্রতিটি ম্যাচে মেসির পারফরম্যান্স নিয়ে চিন্তা করেন না। এমবাপ্পে বলেন, 'লিও কী করে সেটা যদি দেখতে শুরু করি, তাহলে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।'

ম্যাচটিতে তিন পয়েন্ট নিশ্চিত করার পরে তিনি আর্জেন্টিনার অধিনায়ক ও পুরাতন ক্লাব সতীর্থ মেসির প্রশংসা করেন। কিছু সময় আগে মেসি দুই গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে প্রথম স্থানে চলে গেছেন।

এমবাপ্পে বলেন, 'লিও সবসময় গোল করে। সে সবসময় করেছে এবং সবসময় করবেও। আমি যদি তার দিকে মনোযোগ দিই, তাহলে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।' রিয়াল মাদ্রিদের এই তারকা আরো বলেন, 'আমি তার প্রতি একদম মনোযোগ দিই না। আমি কেবলমাত্র আমার দলের সাহায্য করার কথা ভাবি।'

এটি ছিল ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপ্পের শততম ম্যাচ। বিশ্বকাপে তার গোলের সংখ্যা ১৬–এ দাঁড়িয়েছে, যা মিরস্লাভ ক্লোসারের সমান এবং সর্বোচ্চ গোলদাতা মেসির থেকে মাত্র দুটি কম।

গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জোড়া গোল করে জয় এনে দেয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবাপ্পে বলেন, 'আমি খুব ভালো অনুভব করছি। সবাই জানে বিশ্বকাপ একজন খেলোয়াড়ের জন্য কত গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমি রিয়াল মাদ্রিদের হয়ে ভালো মৌসুম কাটানোর চেষ্টা করেছি। জানুয়ারিতে আমার গুরুতর আঘাত হয়েছিল, এরপর আমি শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় ফিরে এসেছি, যাতে এখানে ভালোভাবে আসতে পারি।'

শেষে তিনি ফিলাডেলফিয়ায় ভয়াবহ ঝড়ের কারণে ম্যাচ চলাকালে ঘটে যাওয়া দুই ঘণ্টার বিরতি নিয়েও কথা বলেন, 'এটা ছিল খুব দীর্ঘ রাত। অনেক সময় কেটেছে, আবেগগতভাবে এবং নার্ভাস অবস্থায়ও। এটা খুব কঠিন ছিল কারণ আমাদের ফোকাস ধরে রাখতে হয়েছিল, ড্রেসিং রুমে থাকতে হয়েছিল।'

'প্রায় দেড় থেকে দুই ঘণ্টা আমরা ড্রেসিং রুমে ছিলাম। ফোকাস রাখা খুব কঠিন। এটা অনেক চাপের। আমরা চেষ্টা করেছি মানসিকভাবে ম্যাচে যুক্ত থাকতে। এটা খুব জটিল ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি,'–তিনি আরো যোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%