সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩৪ পি.এম
বয়স ৫৭ বছর। নাম সুমন চন্দ্র। দীর্ঘ ২৫ বছর ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে বরিশাল নগরীর অলিগলিতে ঘুরে ঘুরে শিশুদের পোশাক বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। হাতে ঝুলানো বাহারি পোশাক নিয়ে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলাই তার নিত্যদিনের সংগ্রাম।
সুমন চন্দ্রের সংসারে রয়েছেন স্ত্রী ও দুই ছেলে। বড় ছেলে চানাচুর বিক্রি করে সংসারে সহযোগিতা করেন এবং ছোট ছেলে একটি স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। সীমিত আয় হলেও সৎ পথে উপার্জিত অর্থে পরিবার নিয়ে কোনো রকমে দিন পার করছিলেন তিনি।
তবে সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আগের মতো নগরজুড়ে ঘুরে ঘুরে পোশাক বিক্রি করতে পারছেন না সুমন। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় তার এই ক্ষুদ্র ব্যবসা। এতে চরম আর্থিক সংকটের মুখে পড়ে পুরো পরিবার।
দীর্ঘদিন ধরে সৎভাবে জীবনসংগ্রাম চালিয়ে যাওয়া এই হকার ব্যবসায়ীর অসহায়ত্বের বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজের।
সুমনের স্বাবলম্বী হওয়ার অদম্য ইচ্ছা দেখে তার পাশে এসে দাঁড়ান এই মানবিক ব্যক্তিত্ব। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সুমন চন্দ্রকে সঙ্গে নিয়ে বরিশাল নগরীর সিটি মার্কেটের পাইকারি পোশাকের দোকানে যান তিনি। সুমনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবার সচল করতে নিজের খরচে প্রয়োজনীয় নতুন নতুন শিশুদের পোশাক কিনে দেন সাজ্জাদ পারভেজ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত সুমন চন্দ্র বলেন, “আমি প্রায় ২৫ বছর ধরে পায়ে হেঁটে ঘুরে ঘুরে বাচ্ছাদের পোশাক বিক্রি করে সংসার চালাই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন ধরে ব্যবসা বন্ধ ছিল। এখন আবার নতুন পোশাক পেয়েছি, আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারব। আমার মতো একজন সাধারণ মানুষের পাশে যেভাবে সাজ্জাদ পারভেজ স্যার দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আমি কারও কাছে হাত পেতে বাঁচতে চাই না; নিজের পরিশ্রমে সৎভাবে সংসার চালাতে চাই। এই সহায়তায় আমার আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ হলো। যতদিন শরীরে শক্তি আছে, পরিশ্রম করেই পরিবারের দায়িত্ব পালন করে যেতে চাই।”
সুমনের হাতে নতুন পোশাক তুলে দিয়ে সাজ্জাদ পারভেজ বলেন, “অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সুমন চন্দ্র দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে জীবিকা নির্বাহ করছেন। তার এই সুন্দর প্রয়াস যাতে বন্ধ না হয়ে যায় এবং তিনি যেন পুনরায় স্বাবলম্বী হতে পারেন, সেই চিন্তা থেকেই এই সামান্য উদ্যোগ।”
সুমন চন্দ্রের মতো পরিশ্রমী ও সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়ে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর এই মানবিক সহযোগিতা বরিশাল জুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : লামিনে ইয়ামালের জোড়া গোলে স্প্যানিশ ফুটবল লিগে টানা চতুর্থ জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
গতরাতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ইয়ামাল ছাড়াও গোল করেছেন রাফিনহা, পেদ্রি ও ফারমিন লোপেজ।
৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বার্সা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আলাভেস। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভ্যালেন্সিয়া।
ভ্যালেন্সিয়ার মাঠে ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। লোপেজের বাড়ানো বল থেকে গোল করেন ইয়ামাল।
দুই মিনিট পর আবারও গোল করেন ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
২২ মিনিটে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লোপেজ। অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে ডি-বক্স থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান লোপেজ।
তিন মিনিট পর ভ্যালেন্সিয়াকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি। ইয়ামালের জোরালো শট ঝাঁপ দিয়ে প্রতিহত করেন দিমিত্রিয়েভস্কি।
৩৯ মিনিটে আবারও গোলের ভালো সুযোগ পেয়েছিল বার্সেলোনা। লোপেজের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ইয়ামাল। কিন্তু তার শটটি জাল খুঁজে পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে নিয়ে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। লোপেজের বাড়ানো বল গোলে পরিণত করেন বার্সেলোনা অধিনায়ক রাফিনহা।
ম্যাচে চতুর্থ গোল পেতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। দানি ওলমোর পাস থেকে জোরালো শটে বল জালে পাঠান বার্সার সহ-অধিনায়ক পেদ্রি।
৮৪ মিনিটে দ্বিতীয়বারের মত গোলের তালিকায় নাম লেখান ইয়ামাল। দানি ওলমোর সহায়তায় দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে পঞ্চম গোল করেন ইয়ামাল। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে।
আজ (সোমবার) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
স্থায়ী কমিটিগুলো হল-হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, এ এম মাহবুব উদ্দিনকে (নোয়াখালী-১) সভাপতি করে
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) সভাপতি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে জাতীয় সংসদের পিটিশন কমিটি গঠন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জরুরি মেরামত কাজের জন্য লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর সড়কের কালিরখাল বেইলী সেতুতে মোট তিন দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আজ (সোমবার) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লক্ষ্মীপুর সড়ক বিভাগের আওতাধীন জেড-১৪০৫ নম্বর সড়কের চেইনেজ ৪২+৩৫০ মিটারে অবস্থিত কালিরখাল বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির জরুরি মেরামত কাজ সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা থেকে ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ৮টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মেরামত চলাকালে লক্ষ্মীপুর থেকে চর আলেকজান্ডার হয়ে সোনাপুরে যাতায়াতকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।
সেতু বন্ধ থাকায় সাময়িকভাবে যাতায়াতে ভোগান্তি হতে পারে উল্লেখ করে এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে লক্ষ্মীপুর সড়ক বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তি সংক্রান্ত গুপ্তচরবৃত্তির সন্দেহে, দ্বৈত চীনা ও বেলজিয়ান নাগরিকত্বধারী একজনকে আটক করা হয়েছে। ৫২ বছর বয়সী এই ব্যক্তি গত মে মাস থেকে প্রাক-বিচার আটক অবস্থায় রয়েছেন।বেলজিয়ামের পাবলিক প্রসিকিউটর অফিস বিষয়টি নিশ্চিত করেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম
জানাচ্ছে, আটককৃত ব্যক্তি বেলজিয়ামের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘বেলগান’য়ের একটি শীর্ষস্থানীয় পদে কর্মরত ছিলেন। বেলগান’ মূলত ‘গ্যালিয়াম নাইট্রাইড’ সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির একটি বিশেষায়িত প্রতিষ্ঠান ছিল, যা ২০২৪ সালের জুলাই মাসে দেউলিয়া ঘোষিত হয়।
অভিযোগ রয়েছে যে, বেলগানে যোগদানের মাত্র কয়েক মাস পরেই তিনি গোপনে একটি চীনা কোম্পানির ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এই চীনা কোম্পানিটি একটি চায়না বিনিয়োগ তহবিলের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা বেলগানের মতো একই ধরনের চিপ তৈরি করছিল।
সন্দেহ করা হচ্ছে, ওই পদে থাকাকালীন তিনি বেলগানের অত্যন্ত সংবেদনশীল বিশেষায়িত মেধাস্বত্ব এবং বাণিজ্যিক গোপনীয়তা অবৈধভাবে বিদেশে পাচার করেছেন। এই প্রযুক্তিগুলো মূলত ‘গ্যালিয়াম নাইট্রাইড’ চিপ তৈরির সাথে সম্পর্কিত, যা বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ, স্যাটেলাইট, রাডার এবং সামরিক খাতে ব্যবহৃত হয়।
বেলজিয়ামে বসবাসকারী এই ব্যক্তিকে গত মে মাসে ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, যখন তিনি বেইজিংগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযুক্ত ব্যক্তি বর্তমানে কারাগারে রয়েছেন। বেলজিয়ামের পাবলিক ব্রডকাস্টার আরটিবিএফের তথ্য অনুযায়ী, তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যিনি এখনো পলাতক রয়েছেন। এছাড়া, তদন্তের অংশ হিসেবে বেশ কিছু ডেটা স্টোরেজ ডিভাইস ও ইলেকট্রনিক যোগাযোগের সরঞ্জাম জব্দ করে বিশ্লেষণ করা হচ্ছে।এ বিষয়ে মন্তব্যের জন্য বেলজিয়ামে অবস্থিত চীনা দূতাবাসের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ