বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৮:১১ পি.এম
ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাজ্যের একিউএ গ্লোবালের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ ডিজিটালাইজেশন, মূল্যায়নের নির্ভুলতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সমঝোতা স্মারক আজ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের দপ্তরের কনফারেন্স রুমে স্বাক্ষরিত হয়। এটি বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাজ্যের একিউএ গ্লোবালের সঙ্গে কোনো প্রতিষ্ঠানের চুক্তি।
সমঝোতা চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন ব্যবস্থার বিভিন্ন ধাপ পর্যালোচনা করে আধুনিকায়ন করা হবে। এতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ভুলতা, গতি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মন্তব্য করেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এত বড় পরিসরে পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হলে প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা চাই, পরীক্ষার পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হোক।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মূল্যায়ন ব্যবস্থার অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। একিউএ গ্লোবালের সঙ্গে এই সহযোগিতা সেই সুযোগ তৈরি করেছে। এটি শুধুমাত্র একটি চুক্তি নয়; জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন জানান, ‘একিউএ গ্লোবালের সহযোগিতায় এই উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে বড় পরিসরে যাওয়ার সুযোগ তৈরি হবে। এতে ঝুঁকি কম থাকবে এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’
একিউএ গ্লোবালের ইন্টারন্যাশনাল বিজনেসের পরিচালক শন ক্রোলি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এত বড় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে আধুনিক করার ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। একই সঙ্গে বাংলাদেশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করব।’
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম। একিউএ গ্লোবালের পক্ষে বিজনেস ডেভেলপমেন্টের লিড ইন্টারন্যাশনাল সৈয়দ শাহ এবং বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজাসহ জাতীয় বিশ্ববিদ্যালয় ও একিউএ গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফ্রিকার দেশ সুদানে সরকারি বাহিনী (এসএএফ) এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে চলমান গৃহযুদ্ধ এখন চতুর্থ বছরে প্রবেশ করেছে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল 'কর্দোফান'।
কর্দোফান পূর্ব ও মধ্যাঞ্চলের সেনা-নিয়ন্ত্রিত এলাকা এবং পশ্চিমাঞ্চলের আরএসএফ-নিয়ন্ত্রিত দারফুর অঞ্চলের সংযোগস্থল হিসেবে কাজ করছে। ফলে, এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া দুই পক্ষের জন্য এটি একটি জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আল জাজিরা এবং সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা 'অ্যাকলেড' (ACLED)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর থেকে সুদানে রেকর্ড হওয়া মোট সংঘাতের প্রায় ২০ শতাংশই ঘটেছে কর্দোফান অঞ্চলে। এই অঞ্চলে উত্তর, দক্ষিণ ও পশ্চিম— তিনটি রাজ্য রয়েছে, যেখানে এ পর্যন্ত প্রায় ২,৮৭৬টি হামলা এবং ১২,৩১৪ জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
দারফুরের শেষ প্রধান শহর এল-ফাশারের পতনের পর কর্দোফানে সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ড্রোন হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। উত্তর কর্দোফানের রাজধানী এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র 'এল-ওবেইদ'-এ এখন আরএসএফের নজর রয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলে বিদ্রোহী গোষ্ঠীর জন্য রাজধানী খার্তুমের দিকে এগোনোর পথ উন্মুক্ত হবে। অন্যদিকে, সুদানের সামরিক বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন হামলার মাধ্যমে আরএসএফকে পিছু হঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, বর্তমানে এল-ওবেইদে প্রায় ৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন, যার মধ্যে ৮৩ হাজারের বেশি বাস্তুচ্যুত নাগরিক রয়েছে। পুরো অঞ্চলজুড়ে নতুন করে মানবিক সংকট এবং পূর্ণমাত্রার সামরিক অভিযানের আশঙ্কা দেখা দিয়েছে।
সংঘাতের ভয়াবহতার মাঝেও প্রায় ৫০ লাখের বেশি মানুষ সামরিক বাহিনীর পুনর্বিন্যস্ত এলাকায় ফিরে এলেও, কর্দোফানে নতুন করে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এই অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতি এবং ত্রাণ পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গ্রামীণ জনপদকে আলোকিত করার উদ্দেশ্যে দুই অর্থবছরে ৪২ লাখ টাকা ব্যয়ে সৌরবাতি স্থাপন করা হয়েছিল। একসময় এসব বাতির আলোয় আলোকিত হতো শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু কয়েক বছর পর অধিকাংশ বাতি নষ্ট হয়ে গেছে। খুঁটি ও সৌরপ্যানেল থাকলেও রাতে বাতি জ্বলছে না। ফলে সরকারি অর্থে বাস্তবায়িত আলোকায়ন প্রকল্পের সুফল এখন অনেক এলাকাতেই মিলছে না। এর ফলে আলোর নিচেই অন্ধকার অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ ও ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৭০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় ধরা হয়েছিল ৫৬ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১৯টি সৌরপ্যানেল স্থাপন করা হয়। এসব সৌরপ্যানেল স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছিল ২ লাখ ৯২ হাজার ৫২৬ টাকা।
স্থানীয় বাসিন্দাদের মতে, বাতিগুলো স্থাপনের পর শুরুতে গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার এলাকার রাতের পরিবেশ বদলে যায়। সন্ধ্যার পর বাতি জ্বলার কারণে ব্যবসা-বাণিজ্য ও মানুষের চলাচলে স্বস্তি আসে। কিন্তু অনেক বাতি কয়েক মাসের মধ্যেই নষ্ট হতে শুরু করে। কোথাও ব্যাটারি, কোথাও প্যানেল কিংবা বাতির অন্যান্য যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে থাকলেও সেগুলো মেরামত বা প্রতিস্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ২৮–৩০ হাজার টাকায় পাওয়া সৌরবাতি প্রকল্পে ৫৬ হাজার টাকা দরে দেখানো হয়েছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের কারণে বাতিগুলো দ্রুত নষ্ট হয়েছে বলে তাঁদের অভিযোগ।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক সড়কের পাশে এখনো সৌরবাতির খুঁটি দাঁড়িয়ে আছে। খুঁটির ওপরে সৌরপ্যানেল, আর নিচে বাতি ও ব্যাটারি থাকলেও রাতে অধিকাংশ বাতিই জ্বলে না। ফলে বিপুল অর্থ ব্যয়ে স্থাপন করা এসব অবকাঠামো এখন অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। এতে গ্রামীণ জনপদকে আলোকিত করার যে উদ্দেশ্যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, অনেক এলাকাতেই তা পূরণ হচ্ছে না।
আব্দুল ওহাব আলিম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সৌরবাতি স্থাপন করা হয়েছিল। কিন্তু দিন যত যাচ্ছে, ততই এসব বাতি নষ্ট হয়ে যাচ্ছে। এখন বেশিরভাগ সৌরবাতিই আর সচল নেই। ফলে রাত হলে অনেক জায়গা অন্ধকারে ডুবে যায়। তাঁর প্রতিষ্ঠানে স্থাপন করা সৌরবাতিটিও কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। নিম্নমানের হওয়ায় বাতিগুলো দ্রুত নষ্ট হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ প্রকল্প অনেক আগের। নতুন করে এখনো আলোর প্রকল্প পাইনি। তবে পুরনো বাতি সচল করা যায় কি না, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন, বর্তমান সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায়। এর আগে স্থাপন করা সৌরপ্যানেলের অধিকাংশই এখন নষ্ট হয়ে গেছে। এগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোগল আমলের ‘ঘাগড়া লস্কর খান বাড়ি জামে মসজিদ’ কালের সাক্ষী। সচেতন মহলের মতে, জাতীয় জাদুঘর প্রত্নতত্ব বিভাগের পরিচর্য্যার অভাবে এই প্রাচীন মসজিদটি দ্রুত ভঙ্গুর অবস্থায় রয়েছে। মসজিদটি বাইরের দিকে বিশাল মনে হলেও, ভেতরে এর আকার বড় নয়। এক গম্বুজবিশিষ্ট এই মসজিদের পূর্ব পাশে একটি মাত্র দরজা এবং উত্তর ও দক্ষিণে দুটি জানালা রয়েছে। ইমাম ব্যতীত এখানে ৩০ জন মুসল্লি তিন কাতারে নামাজ আদায় করেন।
বারান্দায় ৫০ জন মুসল্লি নামাজ পড়েন। এর পরিধি দেখে মনে হয়, আড়াই থেকে তিনশ’ বছর পেছনে ফিরে এসেছি। উপস্থিত নামাজে ব্যতীত বোঝা সম্ভব নয়। স্থাপত্যকলার অনুপম নিদর্শন হিসেবে ঐতিহাসিক ‘খানবাড়ি মসজিদটি’ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত। প্রাচীনতম মসজিদের নাম ও কালক্রমে ‘ঘাগড়া লস্কর খানবাড়ি মসজিদ’ নামে পরিচিত। শেরপুর জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত। গায়ে যে নিদর্শন রয়েছে, তা থেকে অনুমান করা যায়, মোগল সম্রাট আমলে বাঙলার বিদ্রোহের নেতা হিরোঙ্গী খাঁর বিদ্রোহের সময় এটি নির্মিত হয়। দরজায় কষ্টিপাথরে খোদাই করে আরবিতে প্রতিষ্ঠাকাল হিজরি ১২২৮ এবং ইংরেজি ১৮০৮ সাল লেখা রয়েছে।
গঠন পদ্ধতি ও স্থাপত্য কৌশল শিল্পসমৃদ্ধ ও সুদৃশ্য। ভেতরে দু’টি সুদৃঢ় খিলান রয়েছে। এক গম্বুজবিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ সমান। ভেতরের আয়তন ৩০ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থ। মধ্যস্থলে বড় গম্বুজের চারপাশে ছোট-বড় দশটি মিনার রয়েছে। এর মধ্যে চার কোণায় চারটি মিনার এবং একটি দরজা রয়েছে। ভেতরে মেহরাব এবং দেয়ালে অঙ্কিত কারুকাজের ফুলদানি ও ফুল রয়েছে। ৫৮ শতক জমির ওপর মসজিদের মূল ভবনটি অবস্থিত। বারান্দা ১৭ শতকে নির্মিত হয়েছে। ৪১ শতকে কবরস্থান রয়েছে। ইমাম হাফেজ মোঃ রহুল আমীন জুম্মাসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। দুই যুগ আগে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও সভাপতির মৃত্যুর পর নতুন করে কমিটি গঠন হয়নি।
স্থানীয় শতবর্ষী ড়াঃ আব্দুল বারী, আলহাজ সরোয়ার্দী দুদু মন্ডলসহ এলাকাবাসী ও ইতিহাস থেকে জানা যায়, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর তাঁর যোদ্ধারা আত্মগোপনে ছিলেন। আজিমোল্লাহ খাঁন নামে যোদ্ধা এখানে বসবাস করেন এবং তিনিই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পালিয়ে বসবাসের কারণে তাঁর নাম হয় পলায়ন খাঁন। মসজিদের সামনে স্থাপনের তারিখ ১২২৮ হিজরীতে প্রতিষ্ঠিত। পুনঃসংস্কারের সময় নেম প্লেটে আজিমোল্লাহ খাঁনের দুই পুত্র আফজাল খাঁন ও গোলাপ খাঁনের নাম লেখা রয়েছে।
নির্মাণ শৈলী মনোরম এবং এটি প্রাচীন মুসলিম স্থাপত্যের অনুপম নিদর্শন। উপরে পূর্ণ ছাদ এক গম্বুজে তৈরী। চার কোণে চারটি গম্বুজসহ মোট ১২টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো সুনিপুণভাবে নির্মিত। দেয়ালের গাথুনী ৪ ফুট পাশে, চুন ও সুরকি দিয়ে গাথা। ভেতরে সুন্দর কারুকার্যে নকশা রয়েছে। প্রত্মতত্ত্ব বিভাগ কিছু কাজ করেছে। বাইরের চারপাশে দেয়াল রয়েছে এবং সম্মুখে কিছু জায়গা পাকা করা হয়েছে। মসজিদের ইমাম জানান, স্থান সংকুলান না হওয়ায় সমস্যা দেখা দেয়। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনে মসজিদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। মসজিদের হেফাজত ও সংরক্ষণে একজন খাদেম সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে বর্তমানে তিনি নেই। প্রত্মতত্ত্ব বিভাগ বহুবার পরিদর্শন করেছে এবং দেখতে বিভিন্ন অঞ্চলের দর্শনার্থী আসে। এলাকাবাসী একজন সরকারি খাদেম, বিদ্যুৎ ব্যবস্থা এবং মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের দাবি করেছেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল আমীন বলেন, প্রাচীনতম মসজিদটির দেখভাল বা সংস্কারের সম্পূর্ণ দায়-দায়িত্ব জাতীয় জাদুঘর প্রত্নতত্ব বিভাগের। পরিচর্যা ও মেরামতের দায়িত্বও তাদের। শেরপুর বা জামালপুরে তাদের অফিস আছে কিনা খোঁজ খবর নিয়ে দেখবেন। ভঙ্গুর অবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর তাগিদ দেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার নগরবাসীদের মধ্যে শহুরে যান্ত্রিকতার কারণে ওজন বৃদ্ধির সমস্যা এখন একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত রুটিন, ডেস্কে দীর্ঘক্ষণ বসে থাকা, ফাস্টফুড বা অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম এবং কাজের অতিরিক্ত চাপ—এসব কারণে শরীরের স্বাভাবিক মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো এখন শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য শর্ত হয়ে উঠেছে।
অতিরিক্ত ওজন কেন নীরব ঘাতক
ওজন বৃদ্ধি নিয়ে অনেকেই কেবল বাহ্যিক রূপ বা ফিটনেসের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, যা সঠিক নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের অতিরিক্ত ওজন নীরব ঘাতকের মতো কাজ করে এবং বিভিন্ন জটিল রোগের জন্ম দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
• রক্তে শর্করা ও রক্তচাপের অনিয়ম: যা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
• হরমোনজনিত জটিলতা: নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) এবং থাইরয়েডের সমস্যা সৃষ্টি হতে পারে।
• লিভার ও বিপাকীয় সমস্যা: ফ্যাটি লিভার ডিজিজ এবং হজম শক্তির অবনতি ঘটে।
• শারীরিক সক্ষমতা হ্রাস: জয়েন্টে তীব্র ব্যথা এবং হৃদরোগের আশঙ্কা তৈরি হয়।
রাতারাতি স্লিম হওয়ার শর্টকাট কেন বিপজ্জনক
দ্রুত মেদ ঝরানোর জন্য অনেকে ইন্টারনেটে খোঁজেন—কিভাবে এক সপ্তাহে কয়েক কেজি ঝরানো সম্ভব, কিংবা প্রতিদিন কেজি ধরে মেদ কমানো আদৌ সম্ভব কিনা। কিন্তু রাতারাতি স্লিম হওয়ার এই প্রবণতা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। পুষ্টিবিদদের মতে, সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি ওজন কমানোই নিরাপদ।
প্রত্যেক ব্যক্তির শারীরিক গঠন, হরমোনের মাত্রা, বয়স, জীবনধারা এবং ওষুধের ইতিহাস সম্পূর্ণ আলাদা। কোনো ধরনের বৈজ্ঞানিক বা চিকিৎসাগত মূল্যায়ন ছাড়া হঠাৎ করে কোনো কড়া ডায়েট শুরু করলে সাময়িকভাবে ওজন কমলেও তা শরীরের ভেতরে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। এর ফলে পুষ্টির ঘাটতি, চুল পড়া, মাসিকের অনিয়ম এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। বিশেষ করে যেসব নারীর PCOS বা থাইরয়েডের সমস্যা রয়েছে, ভুল ডায়েট তাদের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
নিরাপদে ওজন কমানোর ৮টি কার্যকর কৌশল
• পরিবেশগত ট্রিগার সরান: চোখের সামনে অস্বাস্থ্যকর খাবার বা স্ন্যাকস না রেখে সবসময় ফল বা স্বাস্থ্যকর খাবার দৃশ্যমান রাখুন।
• আবেগ থেকে খাওয়া বন্ধ করুন: মন খারাপ, একঘেয়েমি বা মানসিক চাপ দূর করতে খাবারকে সান্ত্বনা বা ওষুধ হিসেবে ব্যবহার করা বন্ধ করুন।
• ছোট জয়ের সেলিব্রেশন: প্রতি ১ কেজি ওজন কমানো বা ছোট কোনো লক্ষ্য অর্জনে নিজেকে পুরস্কৃত করুন।
• ক্ষমাশীল মনোভাব রাখুন: ডায়েট একদিন একটু এদিক-সেদিক হয়ে গেলে নিজেকে অপরাধী না ভেবে পরের বেলা থেকেই আবার ট্র্যাকে ফিরে আসুন।
• প্রোটিন ও ফাইবারকে অগ্রাধিকার দিন: ডায়েটে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার রাখলে ক্ষুধা বাড়ানোর হরমোন নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
• রঙিন ও প্রাকৃতিক খাবার বেছে নিন: প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ রঙিন শাকসবজি, ফল, বাদাম ও সীডস জাতীয় খাবার রাখুন। বাইরের জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন।
• খাওয়ার আগে পানি পান: খাওয়ার ৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।
• পর্যাপ্ত ঘুম: দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুম শরীরের স্ট্রেস হরমোন কমায় এবং ওজন ঝরাতে সাহায্য করে।
প্রযুক্তি আর পুষ্টিবিদের পরামর্শ: সাফল্যের যুগলবন্দি
প্রযুক্তির উন্নতি ওজন কমানোর প্রক্রিয়াকে অনেক সহজ ও বিজ্ঞানসম্মত করেছে। ডিজিটাল ক্যালোরি ট্র্যাকিং অ্যাপের সাহায্যে প্রতিদিনের খাবারের হিসাব রাখা এখন হাতের মুঠোয়, যা নিজের ভুলগুলো ধরিয়ে দিতে দারুণ সাহায্য করে। এর পাশাপাশি পুষ্টিবিদের নিয়মিত পরামর্শ ও উৎসাহ পেলে ডায়েট চার্ট মেনে চলাও অনেক সহজ হয়ে যায়।
ঢাকায় পার্সোনালাইজড ওজন ব্যবস্থাপনা: SPED
এই আধুনিক ভাবনার আলোকেই ঢাকার মিরপুর ডিওএইচএসে যাত্রা শুরু করেছে SPED ওয়েট লস ক্লিনিক। প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক ও পার্সোনালাইজড বা ব্যক্তিকেন্দ্রিক উপায়ে ওজন ব্যবস্থাপনার সেবা প্রদান করছে। এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো—আপনার পছন্দের খাবার বাদ না দিয়েই, ডায়েট চার্টে সেগুলোকে রেখেই ওজন কমানোর সুযোগ রয়েছে। SPED-এর লক্ষ্যমাত্রাগুলো বাস্তবসম্মত ও স্বাস্থ্যকর:
• ২ মাসে ৫ কেজি ওজন কমানো।
• ৪ মাসে ১০ কেজি পর্যন্ত মেদ ঝরানো।
• ৬ মাসে ১৫ কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফিট থাকা।
অর্থাৎ মাসে গড়ে আড়াই কেজির মতো, যা পুষ্টিবিজ্ঞানের নিরাপদ সীমার মধ্যে পড়ে। পুরো প্রক্রিয়াটি ক্র্যাশ ডায়েট বা ঝুঁকিপূর্ণ ওষুধনির্ভর নয়, তাই পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কম। এখানে সার্টিফায়েড ডায়েটিশিয়ানরা প্রতিটি ক্লায়েন্টের শারীরিক গঠন ও স্বাস্থ্যগত ইতিহাস গভীরভাবে মূল্যায়ন করে তবেই পরিকল্পনা সাজান। তাদের কার্যকর ওজন নিয়ন্ত্রণ প্রোগ্রামে আরও যা থাকছে:
• নিয়মিত ফলো-আপ ও পরামর্শ সেশন।
• সহজ ক্যালোরি ট্র্যাকিং অ্যাপের ব্যবহার।
• হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক মোটিভেশনাল সাপোর্ট।
• প্রয়োজন সাপেক্ষে আন্তর্জাতিক মানের নিরাপদ সাপ্লিমেন্টের নির্দেশনা।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দুই হাজারের বেশি ক্লায়েন্টকে সেবা প্রদান করেছে। গুগলে ১০০টির বেশি রিভিউতে ৪.৯ স্টার রেটিং এবং ফেসবুকে এক লাখের বেশি ফলোয়ার তাদের প্রতি মানুষের আস্থারই প্রতিফলন।
পাঠকের সাধারণ জিজ্ঞাসা
সপ্তাহে কতটুকু ওজন কমানো নিরাপদ?
সাধারণভাবে সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি ওজন কমানোকে নিরাপদ ধরা হয়। এর চেয়ে দ্রুত কমালে পেশিক্ষয়, পুষ্টির ঘাটতি এবং ডায়েট ছাড়ার পর ওজন আবার ফিরে আসার ঝুঁকি বাড়ে।
পছন্দের খাবার রেখেও কি ওজন কমানো যায়?
হ্যাঁ। খাবারের পরিমাণ ও ক্যালোরির হিসাব ঠিক রেখে পুষ্টিবিদ পছন্দের খাবারকেও ডায়েট চার্টে রাখতে পারেন। এতে ডায়েট দীর্ঘদিন মেনে চলা সহজ হয়।
PCOS বা থাইরয়েডের সমস্যা থাকলে কী করবেন?
হরমোনজনিত সমস্যা থাকলে নিজে নিজে ডায়েট না করে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শে ব্যক্তিগত পরিকল্পনা নেওয়াই নিরাপদ।
শেষ কথা
আপনার ওজন আপনার হাতে। তবে কখনই নিজে নিজে কড়া ডায়েট শুরু করবেন না, যার সাইড ইফেক্ট হতে পারে ভয়ংকর। তাই আপনার ওজন কমানোর জার্নিতে অবশ্যই একজন নিউট্রিশনিস্টের শরণাপন্ন হবেন।
স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক পুষ্টি পরামর্শ পেতে যোগাযোগ করুন SPED-এ।
লেখক: নিউট্রিশনিস্ট আয়শা সিদ্দিকা, নাহিদা আহমেদ ও তসিবা বিনতে রহমান তোড়া
কনসালটেন্ট, SPED
Website: https://sped.center/
মিরপুর ডিওএইচএস, ঢাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ