১০:০৭ পি.এম
জাতীয় সংসদে শ্বশুরবাড়ি নাটোরে গ্যাস দেয়ার বিষয়ে অগ্রাধিকারের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই বক্তব্য শোনার পর সরকার দলীয় সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন নোয়াখালীতে আরেকটি বিয়ে করার প্রস্তাব দেন। এই অবস্থায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নাটোর জেলার শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস–সংযোগের বিষয়টি উত্থাপন করেন এম রুহুল কুদ্দুস তালুকদার।
তিনি বলেন, ‘নাটোর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। সেখানে অনেক সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু গ্যাস–সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নাটোর হয়ে রাজশাহীতে গ্যাস যায়। কিন্তু নাটোরের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত আছেন। তারা জানতে চায়— কবে নাগাদ গ্যাস সংযোগ পাবে।’
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের সবার শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাকে বলে সিলেটের দামান, আর নাটোরে গেলে বলে নাটোরের জামাই। নাটোর আমার শ্বশুরবাড়ি। এখানে তো গ্যাস দিতেই হবে। আমরা কূপ খনন শুরু করেছি। আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাটোরে গ্যাস যাবে।’
আলোচনার এক পর্যায়ে নোয়াখালী-৪ আসনের সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মজা করে বলেছেন, ‘মন্ত্রী বলেছেন নাটোরে শ্বশুরবাড়ি বলে অগ্রাধিকার দেবেন। তাহলে উনি যেন নোয়াখালীতেও একটা বিয়ে করেন। আমরাও গ্যাস চাই।’
এ বিষয়ে সংসদকক্ষে হাসির রোল পড়ে যায়। জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘শরিয়াহ আইন অনুযায়ী এখনো তিনটা বাকি আছে। তবে আমার আর বিয়ে করার শখ নেই।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন