ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবারের মতো বাকৃবিতে হাতি নিয়ে হল ফিস্টের ব্যতিক্রমী শোভাযাত্রা


প্রথমবারের মতো বাকৃবিতে হাতি নিয়ে হল ফিস্টের ব্যতিক্রমী শোভাযাত্রা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে শিক্ষার্থীদের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ফিস্ট ‘টেল অব রিডাম্পশন’। এই বিশেষ ফিস্ট উপলক্ষে প্রথমবারের মতো হাতি নিয়ে আয়োজন করা হয়েছে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছে। এই তিন দিনব্যাপী ইভেন্টটি আগামী শনিবার পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমের মধ্য দিয়ে, এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোকসজ্জা, আতশবাজি এবং গ্র্যান্ড ডিনার।

হলের ৬৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ফিস্টের জন্য বিকেলে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আশরাফুল হক হলে এসে শেষ হয়। শোভাযাত্রায় হাতির উপস্থিতি শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

পরে হল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর জিকেস বর্মন, ইফতেখার জাহান ভুঁইয়া এবং ড. মো. শাহিনুর আলম। তাঁদের উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফিস্টের উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে হলের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আয়োজক শিক্ষার্থী রাফিউল হক জানান, আশরাফুল হক হলের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এবং সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শোভাযাত্রায় হাতির অন্তর্ভুক্তি ছিল অনুষ্ঠানের একটি আকর্ষণীয় দিকও। তিনি আরও জানান, আমরা চেয়েছি প্রচলিত ধারার বাইরে গিয়ে একটি এমন পরিবেশ তৈরি করতে, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করবে এবং দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

হলের সিনিয়র শিক্ষার্থী মো. শামীম রেজা বলেন, ‘টেল অব রিডাম্পশন’ শুধুমাত্র একটি ফিস্ট নয়, এটি সিনিয়র-জুনিয়রদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতিফলন। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমী শোভাযাত্রাসহ নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও উৎসাহকে নতুন মাত্রা দেওয়া হয়েছে। তিনি মনে করেন, এই তিন দিনব্যাপী আয়োজন নিয়মিত পড়াশোনার একঘেয়েমি এবং ক্লান্তি কাটিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেবে।

হলের হাউস টিউটর ড. মো. শাহিনুর আলম জানিয়েছেন, আজকের এই ফিস্ট দেখে তাঁর ১০-১১ বছর আগের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেন, ফিস্ট শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। তিনি কামনা করেন, আয়োজনটি সফলভাবে সমাপ্ত হোক।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:০২ পি.এম


রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতিসংঘ সদরদফতরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শুক্রবার (১৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ করতে এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করতে গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহার বিষয়ে বলতে গিয়ে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবজির দাম কমলেও উচ্চ ডাল-চিনির বাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:০২ পি.এম


সবজির দাম কমলেও উচ্চ ডাল-চিনির বাজার

রাজधानी ঢাকার বাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। এ কারণে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে ডাল, চিনি ও লবণের মতো কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সেই স্বস্তি পুরোপুরি মিলছে না।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার পরিদর্শন করে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ বেড়ে গেছে এবং কিছু পণ্যের আমদানিও বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান দামে ইতিবাচক প্রভাব পড়েছে। সম্মানিত ব্যবসায়ীরা পূর্বাভাস দিচ্ছেন, আগামী সপ্তাহে আরও কিছু সবজির দাম কমতে পারে।

বর্তমানে প্রতিকেজি বেগুন ৮০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, করলা ৬০ টাকায়, পটল ৫০ টাকায়, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকায়, টমেটো ১২০ টাকায়, ঝিঙে ৫০ টাকায়, শসা ৬০ টাকায় এবং ঢ্যাঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতিপিস লাউয়ের মূল্য ৭০ টাকায় রয়েছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে। বিভিন্ন জেলা থেকে অধিক পরিমাণে পণ্য আসছে, যা বেশিরভাগ সবজির দাম কিছুটা কমিয়ে দিয়েছে। যদি সরবরাহ এভাবে ঠিক থাকে, তাহলে সামনে আরও দাম কমতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি এলেও নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় নতুন করে ক্রেতারা চাপের সম্মুখীন হচ্ছেন। বর্তমানে মোটা মুগ ডালের কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ টাকা। চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১১০ টাকায় উঠেছে। পাশাপাশি, বস্তাপ্রতি লবণের দাম ১০০ টাকা বেড়েছে।

মুদিপণ্যের ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। একজন মুদি ব্যবসায়ী বলেন, ডাল ও চিনির দাম তারা পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনছেন, তাই খুচরা বাজারে দাম না বাড়ানোর সুযোগ নেই। লবণের বস্তার দামও বেড়ে গেছে।

বাজার করতে আসা নাসরিন আক্তার মন্তব্য করেন যে, একটা জিনিসের দাম কমলে অন্য একটি জিনিসের দাম বাড়ে। সবজি কিনতে কিছুটা কম খরচ হচ্ছে ঠিকই, তবে ডাল-চিনি কিনতে গিয়ে সেই টাকা আবার বেশি চলে যাচ্ছে।

অন্যদিকে, মুরগির বাজারে দাম প্রায় স্থিতিশীল রয়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে এবং সোনালি মুরগি ৩শ' ৫০ টাকা কেজিতে। তবে লেয়ার মুরগির বাজারে কিছুটা স্বস্তি এসেছে।

অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে এখন লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতারা বলছেন, সরবরাহ কিছুটা বাড়ায় লেয়ার মুরগির দাম কমেছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, ভুয়া বিজ্ঞাপন কিংবা এআই দিয়ে তৈরি নকল পরিচয়। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছেন তারকারা। এবার সেই অপব্যবহারের বিরুদ্ধে সরাসরি আইনি লড়াইয়ে নামলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষা করতে গুগল, মেটা, এক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন অভিনেত্রী। আদালতের বম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির এই আবেদন মঞ্জুর করেছেন।

প্রীতির অভিযোগ, তার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এবং ডিজিটাল পরিচয় অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এর ফলে শুধু তার সুনামই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে তার ব্যক্তিগত ও বাণিজ্যিক অধিকারও। তিনি ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের আওতায় এই সুরক্ষা দাবি করেছেন।

অন্যদিকে, আদালতে অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, প্রীতির নামে তৈরি করা হয়েছে ভুয়া ‘এআই চ্যাটবট পার্সোনা’, যা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে তারকাদের ডিজিটাল পরিচয় রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ডিপফেক ও এআই-নির্ভর প্রতারণার কারণে যেমন তারকারা ঝুঁকিতে পড়ছেন, তেমনি বিভ্রান্ত হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরাও।

আইনের এই লড়াইয়ে প্রীতি জিনতা একা নন। গত কয়েক বছরে কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারাও বম্বে হাইকোর্টে গিয়ে নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষায় আইনি স্বস্তি পেয়েছেন।

প্রযুক্তির অগ্রগতি যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি এটি তৈরি করছে নতুন চ্যালেঞ্জও। সেই বাস্তবতায় প্রীতি জিনতার এই আইনি পদক্ষেপ একমাত্র একজন তারকার লড়াই নয়, বরং এটি ডিজিটাল যুগে ব্যক্তিগত পরিচয় ও স্বত্ব রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙন রোধে সরকার কাজ করছে: এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


নদীভাঙন রোধে সরকার কাজ করছে: এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, নদীভাঙন রোধ, খাল খনন, কৃষক ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

শুক্রবার (১৯ জুন) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নদীভাঙন রোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা, খেলোয়াড় ভাতা এবং কৃষি বীমাসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার যেসব স্থানে নদীভাঙনের ঝুঁকি রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। খুনেরচর এলাকায় ভাঙনের খবর পাওয়ার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত কাজ শুরুর উদ্যোগ নিয়েছি। এছাড়া এলাকার অন্যান্য ভাঙনকবলিত স্থানে চলতি মাসের মধ্যেই জরুরি তহবিলের ব্যবস্থা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নদীভাঙন কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%