০২:৫৩ পি.এম
রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে এবং যানজট নিরসনে জেলা প্রশাসক ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে অভিযানটি শুরু হয়। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযানের সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানপাটকে উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রাস্তার উপর পার্কিং করে রাখা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। ফলে বেশ কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের বাধ্য হয়ে সড়কের উপর দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল এবং নগরীতে যানজটও সৃষ্টি হচ্ছিল।
অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ, এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যাগুলো সমাধানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি জানান, আজ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং নগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যদি কোনো ব্যক্তি পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে নগরবাসীর অনেকেই স্বাগত জানিয়েছেন।
তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগরীর শৃঙ্খলা ফিরে আসবে।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন