০৪:২৮ এম
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ কর্তৃক এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করা হয়েছে, যিনি নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। আটক হওয়া নেত্রীর নাম তানিয়া ইসলাম, যিনি বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের মহিলা লীগের নেত্রী।
মঙ্গলবার দুপুরে তানিয়া ইসলামের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। এর আগে রোববার (২৩ জুন) দিবাগত রাতে, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে যে, তানিয়া ইসলাম একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন, যেখানে তিনি কয়েকজন নারীকে সাথে নিয়ে কেক কেটে আনন্দ করছেন।
সূত্রে আরও জানা গেছে, বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও, নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠান পালন করতে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়া ইসলামের এমন আয়োজন অনেককেই হতবাক করেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই দাবি করেছেন যে, কেবল তানিয়া ইসলাম নয়; কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার করা উচিত।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর, তার স্ত্রী লুনা আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, আটককৃত তানিয়া ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় ভিডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন