শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৪ পি.এম
ফিফা আসিয়ান কাপে অভিষেকের জন্য আর মাত্র কিছু মিনিট বাকি রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ তাদের একাদশ ঘোষণা করেছে। ফারহান আলী ওয়াহিদের অভিষেক ঘটেছে।
যুগান্তর অনলাইন জানিয়েছে, দলের লাইন আপ সম্ভাব্য একাদশের সঙ্গে শতভাগ মিলে গেছে। বাংলাদেশ ৪-৩-৩ ছকে খেলবে। আক্রমণে ফিরেছেন রাকিব হোসেন, এবং তার সঙ্গে আছেন ফারহান ও ফাহামেদুল। মিডফিল্ডে অধিনায়ক সোহেল রানা, হামজা চৌধুরী এবং শমিত সোম থাকবেন।
রক্ষণে তপু বর্মণের পরিবর্তে শাকিল আহাদ তপু স্থান পেয়েছেন। এছাড়া, সাদ উদ্দিন, তারিক কাজী ও জায়ান আহমেদ রক্ষণে তার সঙ্গে আছেন।
সান মারিনো ম্যাচে মিতুল মারমার ভুলের জন্য বাংলাদেশকে মূল্য দিতে হয়েছিল। এই কারণে কোচ থমাস ডুলি তাকে একাদশে অন্তর্ভুক্ত করেননি। আজকের ম্যাচে গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ।
বাংলাদেশ একাদশ—
মেহেদী হাসান শ্রাবণ
সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ
হামজা চৌধুরী,
সোহেল রানা, শমিত সোম,
রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ পৌরসভায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পিচ উঠে যাওয়া আলোচিত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সাধুপতিরাম স্কুল থেকে ভড়ুয়াপাড়া মোড় পর্যন্ত ১ কিলোমিটারের সড়কটি তিনি ঘুরে দেখেন। এ সময় তিনি কাজের চরম অনিয়মের জন্য ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং লাইসেন্স বাতিলের নির্দেশ দেন।
পরিদর্শনকালে রাশেদ খান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সড়কটির করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি উপস্থিত পৌর কর্তৃপক্ষ ও প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, "উন্নয়ন কাজের নামে জনগণের টাকার এমন হরি লুট কোনোভাবেই বরদাশত করা হবে না।" অনিয়মে জড়িত ঠিকাদারের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে এবং সড়কটির কাজ নতুন করে মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।
ঝিনাইদহ পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও ঝিনাইদহ পৌরসভার যৌথ অর্থায়নে প্রায় ৪৩ লাখ (প্রাক্কলিত ৬০ লাখ) টাকা ব্যয়ে এক কিলোমিটার সড়কটির নির্মাণকাজ করছেন অনিক এন্টারপ্রাইজের মালিক ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কের অনুকুল চন্দ্র বিশ্বাস নামে এক ঠিকাদার। গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গত ২২ সেপ্টেম্বর কাজটি শেষ হয়। কিন্তু হস্তান্তরের মাত্র একদিনের মাথায় পায়ের ঘষাতেই সড়কটির উপরিভাগের পিচ ও খোয়া উঠে যেতে থাকে।
দীর্ঘ প্রায় ১৮ বছর পর সড়কটির পুনঃনির্মাণ করা হলেও নিম্নমানের ইট, বালি, বিটুমিন ব্যবহার এবং নির্ধারিত ২৫ সেন্টিমিটার থিকনেসের জায়গায় মাত্র ১৭ সেন্টিমিটার দিয়ে কাজ শেষ করার অভিযোগ তোলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আর ঠিকাদারের সঙ্গে এই নিম্নমানের কাজে সহায়তা করেন বিশ্বব্যাংকের পিডি ও ঝিনাইদহ পৌরসভার প্রকৌশলী রাশেদ আলী খান।
এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিজেই সরেজমিনে এসে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। তারা দ্রুততম সময়ে দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় এনে মানসম্মত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
সাইট ভিজিটের খবর নিশ্চিত করে শুক্রবার বিকালে ঝিনাইদহ পৌরসভার প্রকৌশলী রাশেদ আলী খান জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রাস্তাটি পরিদর্শন করে ঠিকাদার ও কাজের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় তাদের খরচে নিয়োগ করা বিশেষজ্ঞদের ৩৮টি সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব উপেক্ষা করেছে। তিনি বিএনপিকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে বলেন, অতীতে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু সরকার গঠনের পর জামায়াতের কেন্দ্রীয় আমীরকে কারাগারে পাঠানো হয়। তিনি উল্লেখ করেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে অন্ধ বিরোধিতায় লিপ্ত রয়েছে এবং তাদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি বর্তমানে অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। ১৯৯১ এবং ২০০১ সালে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তারা জামায়াতের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা দেশের বিভিন্ন স্থানে লুটপাটের সিন্ডিকেট গঠন করেছে। অফিস, আদালত, হাট-বাজার, মাঠ দখল করে দুর্নীতির রেকর্ড গড়েছে। জামায়াতের বিরুদ্ধে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও নিষিদ্ধ একটি দল কীভাবে মিছিল করতে পারে? তিনি চ্যালেঞ্জ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগের প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক।
মিয়া গোলাম পরওয়ার সংসদে বিরোধী দলের সহযোগিতা না করার অভিযোগকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, জামায়াত সংকট মোকাবিলায় ৩৮টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল করতে বিশেষজ্ঞ নিয়োগ করে মতামত তৈরি করে সরকারের কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু সরকার বিরোধিতার খাতিরে সহযোগিতা না করে বিরোধিতার নীতি আঁকড়ে রয়েছে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার দেশে অশান্তি সৃষ্টি করছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত সরকার গণ-অভ্যুত্থানের পরাজিত শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে অপতথ্য দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা গণ-অভ্যুত্থানের পর জনগণের মুখোমুখি হয়েছেন, তাদের বক্তব্যের সুযোগ দেওয়া উচিত নয়। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ এবং অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ‘শিক্ষা শিবির’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের নিকটে পশ্চিম রাজাপুর গ্রামে, নিজ আবাসে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
নিহত যুবকের নাম রাব্বি মন্ডল (৩৫)। তিনি পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের পুত্র।
আটক ফারজানা একই উপজেলার আমতৈল গ্রামের ফায়জার হোসেনের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে পারিবারিক কলহের কারণে রাব্বি মন্ডলকে তার স্ত্রী ফারজানা বেগম ধারালো অস্ত্রের সাহায্যে গলা কেটে (জবাই করে) নৃশংসভাবে হত্যা করেন। খবর পেয়ে শ্রীপুর থানার একটি চৌকস পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করে নিহত রাব্বি মন্ডলের স্ত্রী ফারজানা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পারিবারিক বিরোধের কারণে নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা গভীর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাট, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সঙ্গে জেলার স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় নবনিযুক্ত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, "বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। পুলিশের সেবা যেন সাধারণ মানুষ সহজে ও দ্রুত পেতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরার মাধ্যমে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।"
নবনিযুক্ত পুলিশ সুপার উল্লেখ করেন, "মাদক ও সাইবার অপরাধ বর্তমানে জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান, ডিআইওয়ান মো. মাসুম বিল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. জামিরুল ইসলাম গত বুধবার বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ