০৮:৫৪ পি.এম
কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করা মরক্কো দলের প্রতি এবার আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন সমর্থকরা। কিন্তু মূল অভিযান শুরুর প্রাক্কালে বড় একটি ধাক্কা খেয়ে ফেলেছে আফ্রিকান দলটি। সবশেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার কারণে মূল পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে দলের গুরুত্ব পূর্ণ দুই ফুটবলারের খেলা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। শুরুর একাদশে নিয়মিত মুখ নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলির ব্যাপারে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত রবিবার রাতে নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রস্তুতি ম্যাচে এই দুই তারকা চোট পেয়েছেন। ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বীর কড়া ট্যাকেলের ফলে কাঁধে আঘাত পান ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের প্রধান ভরসা মাজরাউই। যার কারণে তিনি ২৯তম মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন। অন্যদিকে পায়ে চোট পাওয়ায় বিরতির পর রেয়াল বেতিসের লেফট উইঙ্গার এজজাজুলি মাঠে নামতে পারেননি। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের আকস্মিক চোটের কারণে নিঃসন্দেহে চিন্তার ভাঁজ পড়েছে মরক্কো শিবিরে।
ইউরোপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে নরওয়ের এবারের বিশ্বকাপকে অনেকেই ‘ডার্ক হর্স’ হিসেবে মনে করছেন। শক্তিশালী সেই নরওয়ের বিপক্ষে, তবে প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে মরক্কো। ম্যাচের অষ্টম মিনিটেই ব্রাহিম দিয়াসের অসাধারণ গোলে তারা লিড নেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে নরওয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে সমতায় ফেরে। জয় হাতছাড়া হলেও মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট। দুই অর্ধ মিলিয়ে প্রায় পুরো দল বদল করার সুযোগ পাওয়ায় তিনি খুশি। তবে কপালে চিন্তার রেখা শুধুমাত্র ওই চোট নিয়ে।
আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন
বিশ্বকাপ অভিযান শুরু হওয়া মাত্র কয়েকটা দিন বাকি, এমন সময় ম্যাচ শেষে কোচ মোহামেদ ওয়াহবি উদ্বেগ প্রকাশ করে বলেন, জয় না পেলেও ভালো দলের বিরুদ্ধে ছেলেরা ভাল পারফর্ম করেছে। তবে দুই ফুটবলারের চোট লাগা ও মাঠ ছাড়া বিষয়টি তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তারা কতটা গুরুতর আঘাত পেয়েছেন, সেই মেডিকেল রিপোর্টের জন্য পুরো দল অপেক্ষা করছে। আগামী রবিবার ভোরে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গতবারের সেমি-ফাইনালিস্ট মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে হাইতি এবং স্কটল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন