ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কাঠালিয়ায় ৬টি ইউনিয়নে ৫ দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ বাছাই সম্পন্ন


কাঠালিয়ায় ৬টি ইউনিয়নে ৫ দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ বাছাই সম্পন্ন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত ৫ দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)’-এর ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই ও দল গঠন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন নির্ধারিত স্থানে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ৫ মার্চ ২০২৬ পর্যন্ত কাঠালিয়া সদর ইউনিয়ন, আমুয়া ইউনিয়ন, আওরাবুনিয়া ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নগুলোতে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় বাছাই করা হয়।
“ক্রীড়া বল সেপে, স্বপ্নের পথে, বিজয়ের রথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পর্যায় থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে উপজেলা পর্যায়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, তরুণ ক্রীড়াবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সময়োপযোগী আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনপদে লুকিয়ে থাকা তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ পাবে। তারা বিশ্বাস করেন, এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনে জাতীয় পর্যায়ে কাঠালিয়া উপজেলাকে সফলভাবে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে নতুন প্রজন্মের উদীয়মান ক্রীড়াবিদরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত, সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত, সতর্ক থাকার আহ্বান

ময়মনসিংহ, ৩ নভেম্বর, ২০২৬ : গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো।

সম্মেলনে পদপ্রত্যাশীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কলতাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনের উদ্বোধন কোরআন তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, জালাল আহম্মেদ আকন্দ, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, ভিপি ফারুক, শাহ উবায়দুল্লাহ সুমন, ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন প্রমুখ।

সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, পলাতক আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় ষড়যন্ত্র করছে। তারা গুপ্ত পরিচয়ে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চায়। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


রাজধানীর বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

ওসি বলেন, "আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের সৌদির আভা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


হুতিদের সৌদির আভা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন।

সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, ড্রোন ব্যবহার করে আভা বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে এবং এর ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

এছাড়া, খামিস মুশাইত বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি অভিযান পরিচালিত হয়েছে। ওই হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেন ইয়াহিয়া সারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনের রুল শুনানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


হাইকোর্টে চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনের রুল শুনানি

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসাবর্জ্য পরিশোধনের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় অথবা কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের রুল শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। এই শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে।

আইনজীবী সৈয়দ মহিদুল কবির রিটের পক্ষে শুনানিতে অংশ নেবেন। তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) জানান, আদালত গত ২ নভেম্বর রুল শুনানির জন্য দিন নির্ধারণ করেছে। রিটটি কার্যতালিকায় (কজ লিস্ট) উঠলেই এর ওপর শুনানি শুরু হবে।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় ইংরেজি দৈনিকে ‘হ্যাজারডাস ওয়েস্ট হিপড ইন ওপেন বিনস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উন্মুক্ত স্থানে চিকিৎসাবর্জ্য ফেলে রাখার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর পড়ার বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদনটির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আইনি নোটিশ পাঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও সাংবাদিক আহমেদ আল আমীন। নোটিশের কোনো সন্তোষজনক জবাব না পেয়ে ওই বছরের ১৯ মার্চ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিবকে বিবাদী করা হয়।

প্রাথমিক শুনানি শেষে ২০১৮ সালের ৮ এপ্রিল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেছিল।

রুলে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ সব ধরনের চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে বর্জ্য অপসারণ ও পুনর্ব্যবহারের জন্য পৃথকভাবে অথবা কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে চিকিৎসাবর্জ্য অপসারণ, পুনর্ব্যবহার ও পরিবহনের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের স্বাস্থ্য ও প্রকৃতি রক্ষায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চায় আদালত।

রিট আবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সামনে উন্মুক্ত স্থানে স্তূপ করে চিকিৎসাবর্জ্য ফেলা হচ্ছে। এ ছাড়া অধিকাংশ চিকিৎসাপ্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের যথাযথ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে, যা সারা দেশের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার চরম দুরবস্থার চিত্র ফুটিয়ে তোলে।

রিটে আরও উল্লেখ করা হয়, প্রচলিত পরিবেশ আইন এবং চিকিৎসাবর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। হাসপাতালের বিপজ্জনক বর্জ্য সাধারণ গৃহস্থালির বর্জ্যের সঙ্গে মিশে পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে। বড় বড় হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোর অনেকেরই নিজস্ব বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি না থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়ছে। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রুল শুনানির নতুন এই উদ্যোগ নেওয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%