০৩:৪১ এম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া রেললাইন ক্রসিং এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোলাম রাব্বানী যুবরাজ গোড়াইল গ্রামের আব্দুস ছবুর মিয়ার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমন (১৮)। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট মারা যান।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
নিহত ইমনের ভাই সুমন মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। এ মামলায় আদালতের বিচারক গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে পোষ্টকামুরী পূর্বপাড়া এলাকা থেকে গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন