০৩:৪০ এম
কিশোরগঞ্জের নিকলীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু ঘটেছে ফখরুল আলম কিরণ (৫০) নামে এক পল্লি চিকিৎসকের। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ওই পল্লি চিকিৎসকের মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
মৃত পল্লী চিকিৎসক ফখরুল আলম কিরণ বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের সন্তান।
পুলিশ এবং স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার নিকলী উপজেলার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৩০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বিয়ের অতিথিদের আপ্যায়ন করা হয় সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, সবজি ও ডাল দিয়ে। খাওয়ার পর রাত থেকেই অসুস্থতা শুরু হয়। আক্রান্তরা প্রচণ্ড পেটব্যথা, বমি এবং ডায়রিয়ার শিকার হন।
রাত ১০টা থেকে একের পর এক রোগী হাসপাতালে আসতে শুরু করেন। গভীর রাত পর্যন্ত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে পল্লী চিকিৎসককে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইফতেখার আহমেদ নাবিলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ।
তিনি আরও জানান, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন