বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৪:৪৪ পি.এম
কোভিড, সার্স কিংবা ইবোলার মতো ভাইরাসগুলোর নাম শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে সুরক্ষা।একই সাথে, এটি বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। প্রতিটি ভাইরাসের জন্য আলাদা টিকা কিছুটা সুরক্ষা দিলেও, নতুন নতুন ধরণ বা ভ্যারিয়েন্টের আবির্ভাব চিকিৎসা বিজ্ঞানের জন্য এক চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এ অবস্থায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’র সহায়তায় নতুন একটি টিকা প্রযুক্তি উদ্ভাবন করেছেন। গবেষকদের মতে, এটি ভাইরাসের পুরো একটি পরিবারের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে। এমনকি ভবিষ্যতের মহামারি প্রতিরোধেও এটি ভূমিকা রাখতে পারে। ক্যামব্রিজ থেকে বার্তা সংস্থা এবিষয়ে তথ্য জানায়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন হিনি এই প্রযুক্তিকে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ‘মাস্টার কি’র সঙ্গে তুলনা করেছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান টিকাগুলোর প্রধান সমস্যা হলো এগুলো অতীতের কোনো নির্দিষ্ট ভাইরাস ধরণকে লক্ষ্য করে তৈরি করা হয়। ফলে যে ধরণের বিরুদ্ধে টিকা নেওয়া হয়, ছয় মাস পর অবশ্যই মানুষ সম্পূর্ণ ভিন্ন ধরণের ভাইরাসের সংস্পর্শে আসতে পারে। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকল্পটির প্রধান গবেষক হিনি বলেন, ‘টিকা সব সময় ভাইরাসের পেছনে ছুটে বেড়ায়।’ তিনি আরও জানান, ‘আমরা এই পরিবর্তনশীলতা দূর করার চেষ্টা করছি। এমন কিছু তৈরি করছি, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার কাছে সব ধরনের রূপেই পরিচিত হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে সুরক্ষা দেবে।’ এ প্রযুক্তি একটি বড় ধরণের ধারণাগত পরিবর্তন বলে উল্লেখ করেন হিনি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভাইরাল জুনোটিকস ল্যাবরেটরির গবেষক, কানাডীয় বংশোদ্ভূত হিনি ২০১৩ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা প্রাদুর্ভাবের পর এ প্রকল্পে কাজ শুরু করেন। তিনি সময়টি ওই অঞ্চলে কর্মরত ছিলেন। -ঘোড়া তখন ছুটে গেছে’- এর আগে, ইবোলা মূলত মধ্য আফ্রিকার দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দেখা গেছে। তবে পশ্চিম আফ্রিকায় এর প্রাদুর্ভাব ছিল নতুন। শুরুতে রোগটিকে লাসা জ্বর, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, বা কলেরা হিসেবে ভুল শনাক্ত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকার ওই প্রাদুর্ভাবে শেষ পর্যন্ত প্রায় ১১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। হিনি বলেন, রোগটি শনাক্ত করতেই তিন থেকে চার মাস সময় লেগে যায়। ফলে টিকা তৈরির কাজ শুরু করাও বিলম্বিত হয়। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যেই এটি দ্রুত গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় ছড়িয়ে পড়ে।’ তিনি জানান, মৃতদের মধ্যে অনেক স্বাস্থ্যকর্মীও ছিলেন। পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাব শেষে ক্যামব্রিজে ফিরে এসে তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মায় যে, ‘আমাদের এই পদ্ধতি বদলাতে হবে। একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।’ তিনি বলেন, এআই প্রযুক্তির প্রাথমিক সংস্করণ ব্যবহার করে তার দল বিভিন্ন ভাইরাস সম্পর্কিত যত তথ্য পাওয়া গেছে, সব একত্র করে বিশ্লেষণ করেছে। এর মাধ্যমে তারা ভাইরাসের সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর মিল ও অমিল শনাক্ত করতে সক্ষম হন, যেগুলোর প্রতি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাড়া দেয়। ফলে শুধু একটি ভ্যারিয়েন্ট নয়, বরং সব ধরনের ভ্যারিয়েন্টকে চিহ্নিত করা সম্ভব হয়। হিনির মতে, জনসংখ্যা বৃদ্ধি, সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল বৃদ্ধি, এবং মানুষের কারণে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলে নতুন ভাইরাসের আবির্ভাব এখন আরও ঘন ঘন ঘটছে। এ কারণে নতুন প্রযুক্তিটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আগে যেসব ভাইরাস প্রাণীদের মধ্যে নিরীহভাবে অবস্থান করত এবং যেসব প্রাণী সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেসব ভাইরাস এখন মানুষের সংস্পর্শে আসছে। ‘এদিকে দেখা যাচ্ছে যে মানুষের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, কোনো প্রাকৃতিক সুরক্ষা নেই। ফলে ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।’ -‘ভবিষ্যৎ বদলে দিতে পারে’- ‘সাউদাম্পটন ইউনিভার্সিটি হসপিটাল’-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ৩৯ জন স্বেচ্ছাসেবকের ওপর একটি পরীক্ষায় এআই-সহায়তায় তৈরি সার্বজনীন সারবেকো করোনাভাইরাস টিকার ক্ষেত্রে ‘নিরাপত্তা নিয়ে উল্লেখযোগ্য কোনো উদ্বেগ’ পাওয়া যায়নি। সংক্রামক রোগ ক্ষেত্রের মাসিক পিয়ার-রিভিউড মেডিকেল জার্নাল ‘জার্নাল অব ইনফেকশন’-এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ক্যামব্রিজের বিজ্ঞানী ও বায়োটেকনোলজি প্রতিষ্ঠান ডায়োসিনভ্যাক্সের যৌথ উদ্যোগে তৈরি টিকাটি এখন আরও বৃহৎ পরিসরের পরীক্ষার দিকে এগোচ্ছে। হিনি বলেন, মানব ইতিহাসে বহুবার মহামারি দেখা গেছে। মধ্যযুগের ব্ল্যাক ডেথ থেকে শুরু করে ১৯১৮-২০ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারি পর্যন্ত, এতে বিশ্বজুড়ে আনুমানিক ২ কোটি ৫০ লাখ থেকে ৫ কোটি মানুষ মারা যায়। তার সবচেয়ে বড় উদ্বেগ সম্ভাব্য ইনফ্লুয়েঞ্জা মহামারি। তিনি এটিকে সবচেয়ে ‘জটিল’ ভাইরাসগুলোর একটি বলে উল্লেখ করেন। তবে তিনি আশাবাদী যে, নতুন এই প্রযুক্তি ভবিষ্যতে আরেকটি প্রাণঘাতী মহামারি ঠেকাতে সহায়তা করতে পারে। তিনি বলেন, ‘এখন এআই-এর সম্পূর্ণ নতুন একটি স্তর তৈরি হয়েছে। সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে আমাদের একটি দল আরও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে, যাতে আমরা আরও দ্রুত ও অধিকতর তথ্য নিয়ে কাজ করতে পারি।’ হিনি জানান, ‘আমার বিশ্বাস, এটি সম্পূর্ণ নতুন ধরনের প্রযুক্তির দুয়ার খুলে দিচ্ছে। আশা করি, এটি ভবিষ্যৎকে বদলে দিতে পারবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় চাঁদাবাজি, মিথ্যা মামলা, হামলা-হুমকি এবং রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আসলামের ছেলে ইব্রাহিম খলিল।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে আগত একটি সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল বলেন, যুবদল নেতা শান্ত হত্যা মামলার ২নং আসামি শাহাদাত প্রধান বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার চিহ্নিত আসামি বর্তমানে চর কিশোরগঞ্জে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার পরিবারের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে।
তিনি আরও বলেন, গত দুই দিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহ সুলতান গাজীর অনুসারী ৩০ থেকে ৪০ জন ব্যক্তি আমার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। শাহাদাত প্রধানের বাবা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোতালেব প্রধানের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম করে এলাকায় প্রভাব বিস্তার করে নানাবিধ অপকর্ম চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, চাঁদাবাজি, মসজিদের জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।
এ সময় অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত এবং নথিপত্র সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয় এবং প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের প্রতি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন এর ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বুধবার (২৪ জুন) গভীর রাতে মধুখালী থানার সামনে অবস্থিত লিটন ডেকোরেটরের দোকানে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
ডেকোরেটর প্রতিষ্ঠানের মালিক এবং মধুখালী পৌরসভার সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন জানিয়েছেন, প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টার সময় কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে পাশের এক ব্যবসায়ী ফোন করে তাকে দোকানে আগুন লাগার খবর জানান।
তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি পুরো দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে।
তখন এলাকার বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে আমি দ্রুত বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করি। তিনি তাৎক্ষণিকভাবে লাইনটি বিচ্ছিন্ন করেন। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালায়। কিন্তু দোকানে থাকা কাপড়, প্লাস্টিকের চেয়ার-টেবিল, বৈদ্যুতিক তারসহ দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমার ২৭ বছরের তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠান চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘ডেকোরেটর দোকানের ভেতরে বিপুল পরিমাণ কাপড়, প্লাস্টিক সামগ্রী ও বৈদ্যুতিক উপকরণ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এরই মধ্যে দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি মোড়ে স্থাপিত একটি চেকপোস্টের মাধ্যমে ২২০ পুরিয়া হেরোইন সহ মো. আরাফাত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আরাফাতের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ৫০ নম্বর ওয়ার্ডে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে, ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলী মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময়, ইত্তেফাক মোড় থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়।
তল্লাশির সময় সিএনজিতে থাকা আরাফাতের শরীর তল্লাশি করে ২২০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে বর্তমানে ওয়ারী থানায় রাখা হয়েছে। এ ঘটনার জন্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্স ও ইতালির মধ্যে প্রায়ই টানাপোড়েনপূর্ণ সম্পর্ক উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার ফরাসি সমুদ্রতীরবর্তী শহর আঁতিবে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আপ্যায়ন করবেন।
মেলোনি, যিনি ইউরোপের অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বিরোধের পর ফরাসি রাষ্ট্রপতির আপ্যায়নে যাচ্ছেন।
ফরাসি রিভিয়েরায় মাখোঁর সঙ্গে মেলোনি তার প্রথম দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে চলেছেন। প্যারিস থেকে সবার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০২১ সালে কৌশলগত জোটসংক্রান্ত একটি চুক্তি কার্যকর হওয়ার পর, এটি হবে দুই নেতার প্রথম বৈঠক। ওই চুক্তির মাধ্যমে ফ্রান্স-ইতালি সম্পর্ককে ফ্রান্স-জার্মানি সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়েছিল।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই শীর্ষ বৈঠক প্রতিরক্ষা, পারমাণবিক জ্বালানি ও মহাকাশসহ বিভিন্ন কৌশলগত খাতে ফ্রান্স-ইতালি সহযোগিতা আরও গভীর করার সুযোগ সৃষ্টি করবে।’
ভূমধ্যসাগর উপকূলের মনোরম ভিলা আইলেনরকে অনুষ্ঠেয় বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ‘আমাদের পরস্পরকে প্রয়োজন।’
ইউরোপপন্থী মধ্যপন্থী নেতা মাখোঁ এবং ডান ও কট্টর ডানপন্থী দলগুলোর জোটনেতা মেলোনির মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ ছিল।
ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দুই নেতা স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ মিত্র না হলেও, তারা পরস্পরের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। বিশেষ করে গত বছরের জুনে রোমে দীর্ঘ একান্ত বৈঠকের পর সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছিল।
এ বছরের এপ্রিল মাসে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে প্যারিসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মেলোনি লাল রঙের একটি আলফা রোমিও গাড়িতে করে এলিসি প্রাসাদে পৌঁছান। সেখানে মা থোঁ তাকে স্বাগত জানান।
সম্পর্কের উষ্ণতা বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি স্বনামধন্য সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো-এর ইতালি বিশেষজ্ঞ মার্ক লাজার বলেছেন, 'মতপার্থক্য থাকলেও মাখোঁ ও মেলোনি সম্পর্কের উন্নয়নের সাম্প্রতিক ধারা এগিয়ে নিতে চেষ্টা করবেন।'
দীর্ঘদিন ধরেই মেলোনি নিজেকে ইউরোপ ও ট্রাম্পের মধ্যে সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তবে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের পর তিনি ট্রাম্পের কাছ থেকে দূরত্ব তৈরি করেন। ট্রাম্পের ‘অবিরাম ও অকারণ আক্রমণের’ সমালোচনাও করেন তিনি।
লাজার বলেন, ‘এটি নিঃসন্দেহে ইমানুয়েল মাখোঁকে খুশি করবে।’ কিছু বিষয়ে মাখোঁ ও মেলোনির অবস্থান কাছাকাছি রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার মারকোসুর জোটের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতা।
তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের জন্য আটক কেন্দ্র স্থাপনের ইতালির পরিকল্পনার মতো অন্যান্য বহু বিষয়ে তাদের মতভেদ রয়েছে।
মাখোঁর বিপরীতে মেলোনি ইউক্রেনে ইতালীয় সেনা পাঠানোর বিরোধিতা করেন। যুদ্ধ-পরবর্তী সময়ে কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রেও তার একই অবস্থান।
বৃহস্পতিবার দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি রোডম্যাপে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেনকে সরবরাহ করা ফ্রান্স-ইতালির যৌথ এসএএমপি/টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া পারমাণবিক জ্বালানি খাতে একটি সহযোগিতা চুক্তি এবং ইলন মাস্কের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিকল্পিত ইউরোপীয় স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আরেকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ