০৫:৫১ পি.এম
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : ফেয়ার ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি অ্যালায়েন্স (এএফইডি) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।
সংস্থাটির প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণে ২৭টি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আজ বুধবার প্রকাশিত এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এএফইডি জানায়, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
এএফইডি ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় তিনজন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নিয়োগ করেছে। তারা নির্বাচনী পরিবেশের পাশাপাশি তিনজন প্রার্থীর প্রচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং ১৯ জন নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও নির্বাচনী প্রচার দলের সদস্যের সাক্ষাৎকার গ্রহণ করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পর্যবেক্ষকদের দেখা নির্বাচনী প্রচার অনুষ্ঠানগুলো সাধারণত বাধাহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৭টি অনুষ্ঠানের কোনোটিতেই সহিংসতার ঘটনা ঘটেনি। সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শনের কোনো অভিযোগও পর্যবেক্ষকদের কাছে আসেনি। সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা কোনো প্রার্থীর পক্ষে সমর্থনমূলক মন্তব্য করার ঘটনা তাদের নজরে আসেনি।
নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার দেওয়া সব প্রার্থী বা তাদের প্রচার প্রতিনিধিরা নির্বাচন প্রশাসনের কাছ থেকে সমান আচরণ পেয়েছেন বলে জানিয়েছেন। তারা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে স্বাধীন ও নিরপেক্ষ হিসেবে বিবেচনা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও তারা করেননি।
নির্বাচনী প্রচারে নারীদের অংশগ্রহণের বিষয়েও পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে, পর্যবেক্ষণ করা দুই-তৃতীয়াংশ প্রচার অনুষ্ঠানে নারীদের দৃশ্যমান উপস্থিতি ছিল। তবে তাদের বক্তা হিসেবে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে। রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপরিসরের আলোচনায় নারীদের নেতৃত্ব, বক্তব্য প্রদান এবং অর্থবহ অংশগ্রহণের সুযোগ বাড়ানোর জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে এএফইডি।
আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ
এএফইডি বলেছে, ভোটদানের পদ্ধতি, পোস্টাল ভোটিং, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা ও ভোটারদের অধিকার সম্পর্কে সহজবোধ্য এবং সবার জন্য প্রবেশগম্য তথ্য প্রচার করা জরুরি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ মনোযোগ দিতে হবে।
নির্বাচনের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনে ৫২ জন ভ্রাম্যমাণ পর্যবেক্ষক মোতায়েন করবে এএফইডি। তারা নির্ধারিত ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া, ভোটদান, ভোট গণনা এবং ডাকযোগে প্রদত্ত ভোট গণনা পর্যবেক্ষণ করবেন।
তবে সংস্থাটি জানিয়েছে, ভ্রাম্যমাণ পর্যবেক্ষণের মাধ্যমে নির্দিষ্ট স্থান ও সময়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা সম্ভব হলেও প্রতিটি ভোটকেন্দ্রের কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব নয়।
ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময় শান্তি বজায় রাখা এবং নাগরিকদের স্বাধীন ও নিরাপদে নির্বাচনে অংশগ্রহণের অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে এএফইডি।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) সহায়তা প্রদান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন