০৬:১৯ পি.এম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার জালে প্রায় ১০ কেজির একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরার সময় জালের মধ্যে কচ্ছপটি আটকা পড়ে। পরে ওই জেলে সেটি বাড়িতে নিয়ে রাখেন।
কচ্ছপ ধরা পড়ার খবর এলাকার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে জেলের বাড়িতে যান। এরপর, বেলা ২টার দিকে কচ্ছপটি উদ্ধার করে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি সঠিকভাবে নির্ধারণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন