ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ


বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, অভিযানের সময় ভারতীয় শাড়ি, গরু, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবান জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনার আলোকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শি জিনপিং মোদির নৈশভোজে অংশ নিলেন না, ক্লান্তির কারণে ফিরে যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


শি জিনপিং মোদির নৈশভোজে অংশ নিলেন না, ক্লান্তির কারণে ফিরে যান

ব্রিকস সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কেন তিনি ওই নৈশভোজে উপস্থিত হননি, সে বিষয়ে তার প্রতিনিধিদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়নি। তবে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকের পর বিশ্রামের জন্য তিনি হোটেলে ফিরে গেছেন।

গত শনিবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করেন শি জিনপিং। একই দিনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করেন। চীনের প্রেসিডেন্ট দিনভর বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন।

এনডিটিভির সূত্রে জানা গেছে, দীর্ঘ বিমানযাত্রার পর সময়ের পার্থক্যের কারণে শি জিনপিং ক্লান্ত অনুভব করছিলেন। এ কারণেই তিনি মোদির আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেননি। শি জিনপিং ছাড়া আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদও নৈশভোজে উপস্থিত হননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য কয়েকজন নেতা এতে অংশগ্রহণ করেন। নৈশভোজে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লার পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও নৈশভোজে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে মধ্য দিল্লির ভারত ম-পমে নৈশভোজের অনুষ্ঠানে যান।

দুই দিনের ব্রিকস সম্মেলন আজ শেষ হবে। এতে ১১টি সদস্য দেশের নেতা ছাড়াও ১০টি অংশীদার দেশের নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদির সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারত-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন, ‘পার্থক্য যেন বিরোধে পরিণত না হয়।’ বৈঠকে মোদি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ককে পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত করা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে তিয়ানজিনে তাদের সর্বশেষ বৈঠকের পর ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, দুই নেতা তা স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আবারও তেহরানের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করে ওয়াশিংটনের এই অবস্থান তুলে ধরেছেন, এমনটি সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলে তা ইরানের পরমাণু কর্মসূচির ওপর কেন্দ্রীভূত করতে চায়। তবে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনার মূল এজেন্ডায় রাখতে চায় না যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের প্রতিনিধিরা আঞ্চলিক দেশগুলোর কাছে পরিষ্কার করেছেন যে, হরমুজ প্রণালির সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসতে আগ্রহী নন। এর মধ্যে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত, যেখানে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয়। এছাড়া, বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই, প্রণালিতে অস্থিরতা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত বন্ধের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, তাসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে, ৮ জুলাই ভোরে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বড় ধরনের হামলা শুরু করে। ওয়াশিংটন অভিযোগ করে যে, হরমুজ প্রণালি নিয়ে হওয়া সমঝোতার শর্ত ইরান লঙ্ঘন করেছে। পরবর্তীতে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের সামরিক চাপের পরিবর্তে নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেয়।

বর্তমানে, যদিও ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচিকে আলোচনার কেন্দ্রে আনতে চায়, তেহরান হরমুজ প্রণালির সংকট ও মার্কিন অবরোধ প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে, দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু হলেও কোন ইস্যু আগে সমাধান হবে, তা নিয়ে মতপার্থক্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র: তাস, সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। এমআর কলেজ মোড়ে পৌঁছানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেন দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চার জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। এরই জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ এ বিষয়ে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সংঘর্ষের ঘটনা ঘটেছিল দুই গ্রুপের মধ্যে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদীতে হুথি হামলার তীব্র নিন্দা, শেহবাজের পূর্ণ সমর্থনের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


সউদীতে হুথি হামলার তীব্র নিন্দা, শেহবাজের পূর্ণ সমর্থনের আশ্বাস

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সউদী আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি রোববার (১৩ সেপ্টেম্বর) সউদীর যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপকালে পাকিস্তানের পক্ষ থেকে সউদী নেতৃত্ব ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

শেহবাজ শরিফ টেলিফোন আলাপে উল্লেখ করেন, হুথিদের এসব হামলা কেবল আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমাতে সউদী যুবরাজের নেতৃত্বের প্রশংসা করেন।

মোহাম্মদ বিন সালমান শেহবাজের বক্তব্যের জবাবে পাকিস্তানের সমর্থনের প্রশংসা করেন। দুই নেতা পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এর আগে, সউদী আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তির শর্তানুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক এবং সে সময় হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান নিয়ে কোনো আলোচনা হয়নি।

সউদীতে হুথিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সংঘাত সউদী ভূখণ্ডে ছড়িয়ে পড়লে মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, চুক্তির কার্যকর কাঠামো এখনও গড়ে তোলা হচ্ছে এবং এর আওতায় তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের কোনো সিদ্ধান্ত হয়নি।

ইয়েমেনে ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মোখা বন্দর এবং বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সময়ে সউদী আরবের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনাতেও হুথি হামলার সংখ্যা বেড়েছে।

সাম্প্রতিক হামলায় সউদীর জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে ইয়েমেনের সংঘাত এখন কেবল আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যসূত্র: ডন, আরব নিউজ,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%