ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির


স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনা চলাকালীন জামায়াত আমির এই দোয়া করেন। এসআরবি বিল ২০২৬ এর রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে জামায়াত আমির বক্তব্যের শুরুতে বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এরপর বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাগর যেমন মহান, উদার এবং বিশাল- উনি আলহামদুলিল্লাহ, এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এজন্য উনাকে মোবারকবাদ।’

দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে শফিকুর রহমান বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’

অন্যদিকে, সংসদের নিজ আসনে বসা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আমিন বলে মুখে হাত বুলাতে দেখা গেছে।

এদিকে, জামায়াত আমির শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি। র‍্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠন করা হলে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

শফিকুর রহমান বলেন, আমি আবারও বলছি, ভেরি সিনসিয়ারলি বলছি, আমার এটা সিনসিয়ার সাবমিশন যে যদি এই ধরনের কোনো স্পেশালাইজড ফোর্স গঠন করার জাতির স্বার্থে প্রয়োজন হয়, আমরা বাধা দেব না, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কিন্তু এই বিষয়টা কনভিন্স হয়ে করা দরকার। কারণ একবার আমাদের চুন খেয়ে গাল ঘা হয়েছে, এখন দই দেখলেও ভয় লাগে। সে ভয়ের জায়গাটা শুধু বিরোধী দলের না, গোটা জাতির। জাতি ট্রমাটাইজড।

অতীতে র‍্যাবের মাধ্যমে হওয়া মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, র‍্যাবের দ্বারা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। নারায়ণগঞ্জের আট খুনের মামলা এর জ্বলন্ত প্রমাণ। আরও যে কত কাণ্ড ঘটেছে এর ভুক্তভোগী আমরা সবাই।

তিনি আরও বলেন, আমি খুবই খুশি হব, প্রাগম্যাটিক্যালি ‘বাস্তবধর্মীভাবে, ব্যবহারিক দিক বিবেচনা করে’ এটাকে আরেকটু ডেফার করে, আরেকটু স্টাডি করে এই বিলটাকে আগামী সপ্তাহে আনুন। এই সংসদে বিল যদি পাশ না-ও হয়, আমরা কনভিন্স হয়ে আগামীতে আরও ভালো কিছু করতে পারব, আমি আশাবাদী। এই সংসদ মজলুমের সংসদ, মজলুমরা বড় ভয় পায়। জুলুমের কথা স্মরণ হলে এখনো অনেকে ঘুমাতে পারে না।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আরমানের বাচ্চারা ও ফিরে আসার এক বছর পর্যন্ত, তার কাছে আসতে ভয় পেত। এরকম শুধু আরমান না, আরও অনেকেরই এই অবস্থা। সালাউদ্দিন কাদের চৌধুরীর (হুম্মাম কাদের) ছেলের একই অবস্থা।

তিনি বলেন, আমরা এটাকে (বিল) ভালোভাবে করি। হে রাব্বুল আলামিন, তুমি তার (সালাহউদ্দিন আহমদ) দিলটাকে বড় করে দাও।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও হাসিমুখে প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা জানান।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ৯ দিন পর টানেলে আটকে পড়া ২ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


নেপালে ৯ দিন পর টানেলে আটকে পড়া ২ জনকে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করা হয়। এই ঘটনার ফলে টানেলের ভেতরে আরো অনেকে জীবিত থাকতে পারেন, এমন আশাবাদ তৈরি হয়েছে।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন প্রকল্পের যান্ত্রিক বিভাগের ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক বিভাগের সুপারভাইজার কবির মহার্জন। শুক্রবার এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নেউপানে। তিনি ২৬ আগস্ট থেকে বন্যার পর উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন।

 

নেউপানে জানান, প্রথমে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয় এবং পরে কবির মহার্জনকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, টানেলের ভেতরে আরো কয়েকজন থাকতে পারেন—এমন তথ্য পাওয়ার পর উদ্ধারকারীরা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

এর আগে টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনার পর উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। উদ্ধারকারীরা ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন।

কণ্ঠস্বর শোনার পর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী টানেলের ভেতরে পৌঁছানোর প্রচেষ্টা আরো জোরদার করে।

নেউপানে বলেন, ‘উদ্ধারকারী দল ভেতরে থাকা লোকজনকে ডাক দিয়ে বলেছিল, ‘আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ এরপরে টানেলের ভেতর থেকে জবাব আসে, ঠিক আছে।’

পরে তিনি জানান, টানেলের ভেতরে একাধিক ব্যক্তি আটকা পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা।

গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর উপত্যকা ব্যাপকভাবে প্লাবিত হয়। এতে ১ হাজার ২৫২ জন নিহত হন। বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প এবং গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

বন্যার পর থেকে দুর্গম ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধারকারী দলগুলো টানেলসহ বিভিন্ন স্থাপনায় আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

ভারতের কলকাতায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বেশ কিছু আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে চিকিৎসা ও অন্যান্য কারণে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের আবাসন নিয়ে সমস্যা হতে পারে। এই পরিস্থিতি এড়াতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন বাংলাদেশিদের সতর্ক করেছে যে, অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ উপহাইকমিশন এই সতর্কতা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

এ অবস্থায়, কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে আগে থেকে নিশ্চিত হয়ে নিতে বলা হয়েছে।

বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট হোটেলে কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হয়ে কলকাতায় আসার পরামর্শ দেওয়া হয়েছে উপহাইকমিশনের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিগুণ বেড়ে কত টাকা হলো ক্রিকেটারদের ম্যাচ ফি?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


দ্বিগুণ বেড়ে কত টাকা হলো ক্রিকেটারদের ম্যাচ ফি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা ক্রিকেটারদের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে নেওয়া হয়েছে। আগামী বছর থেকে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের, যা এক বছর বিরতির পর সুচারুভাবে অনুষ্ঠিত হবে। ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে, যা পূর্বের প্রতিশ্রুতি এবং বিপিএল ইস্যু- এই দুই বিষয়কে বিবেচনায় নিয়ে করা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি, ৭০ হাজার টাকা থেকে তা বৃদ্ধি করে দেড় লাখ টাকা করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল আশা প্রকাশ করেছেন যে, আগামী বছর কোনো বিতর্ক ছাড়াই সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন সম্ভব হবে। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির সভা শেষে তিনি বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। শুধু ক্রিকেটারদের জন্য নয়, আম্পায়ার, মাঠকর্মী এবং কোচিং স্টাফদের বেতনও বাড়ানো হবে। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে আরও কিছু পরিবর্তনের সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনা শেষে। কোয়াবের পক্ষ থেকে বিপিএল স্থগিত হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছিল। তামিম বলেন, "নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললে একজন ক্রিকেটার বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন। ভবিষ্যতে বিসিবির আর্থিক অবস্থার উন্নতি হলে ম্যাচ ফি আরও বাড়ানো হবে।"

তবে বিসিবি সভাপতি ক্রিকেটারদের পেশাদারিত্ব নিশ্চিত করতে চান, সেই সঙ্গে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন। বিপিএল না করে খেলোয়াড়দের খুশি করার জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তামিম বলেন, "শুধু খেলোয়াড়দের নয়, সবার দিক দেখা হচ্ছে। একজন কর্মচারী, স্কোরার, আম্পায়ার, কোচ, ট্রেইনার বা ফিজিও-যে ভালো কাজ করছে, সবার পারিশ্রমিক ও বেতন পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত তাদের জন্য একটি মানসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা হবে।" তিনি আরও বলেন, "খেলোয়াড়দের খুশি করতে এটা করলে এক বছরের জন্য করতাম। দীর্ঘ সময়ের জন্য টেকসই কিছু করতে চেয়েছি।"

বিসিবি ঘরোয়া ক্রিকেটে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নতুন কাঠামোয় ছয়টি দল গঠনের পরিকল্পনা রয়েছে। দলগুলোর মালিকানা বা স্পন্সরশিপ করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার কথা ভাবছে বোর্ড। বিসিবি নিজে কোনো দল পরিচালনা করবে না। অতীতে বিসিএল ও বিপিএলে দল পরিচালনা করতে গিয়ে আর্থিক ক্ষতির অভিজ্ঞতা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি ২০, ওয়ানডে ও চারদিনের ক্রিকেটকে একই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিন ফরম্যাটের জন্য একসঙ্গে ক্রিকেটার ড্রাফট হবে, তবে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে ভিন্ন সময়ে। তামিম বলেন, "এ বিষয়ে সব কিছু চূড়ান্ত হলে শিগগিরই ঘোষণা করা হবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরিবেশ ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। মানুষের আগ্রহ ফিরিয়ে আনাও জরুরি। আশা করি, এই টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটের সেই আগ্রহ ফিরিয়ে আনবে।"

কার ম্যাচ ফি কত বাড়ল

প্রথম শ্রেণি (চারদিনের ম্যাচ)

পুরুষ দল : ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা

নারী দল : ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা

লিস্ট-এ (ওয়ানডে)

পুরুষ দল : ৫০ হাজার থেকে ১ লাখ টাকা

নারী দল : ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা

টি ২০

পুরুষ দল : ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা

নারী দল : ১০ হাজার থেকে ২০ হাজার টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গণপরিবহন সেবায় এই অস্থিরতা দেখা দিয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাস দর্শনার উদ্দেশ্যে যাত্রা শুরু করা ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটক করা হয়। সেখানে যাত্রীদের ‘রাব্বি পরিবহন’ থেকে নামিয়ে ‘তুহিন পরিবহন’ নামের অন্য একটি বাসে তুলে দর্শনায় পাঠানো হয়।

 

এই ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা রাব্বি পরিবহনের বাসটি মুক্তি পেলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

এর ফলস্বরূপ, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সকল আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। বিরোধ সমাধানের লক্ষ্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম মন্তব্য করেন, আন্তঃজেলা বাস চলাচল নিয়ে নাটোর ও রাজশাহীর বাস মালিক শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%