০৮:৩৯ এম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সদস্য হিসেবে যোগ দেওয়ার সম্ভাবনা গাদি আইজেনকোট, যিনি ইয়ার পার্টির নেতা, তা নাকচ করে দিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পরও তিনি নেতানিয়াহুর সরকারে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি বলে জানানো হয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন থেকে।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সম্প্রতি এক গোপন বৈঠকে আইজেনকোট এসব মন্তব্য করেছেন। প্রতিবেদনে তার উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, ‘আমি নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে বসব না।’
আইজেনকোট আরও জানিয়েছেন, ‘যদি ট্রাম্প আমাকে আমন্ত্রণ জানান, তবে আমি প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে বৈঠকে অংশগ্রহণ করব। তবে আমি তাকে স্পষ্টভাবে জানিয়ে দেব, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ হতে দেব না।’
আরও পড়ুন: জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
নেতানিয়াহুর বৃহত্তর সরকার গঠনের আগ্রহ প্রকাশের পর আইজেনকোটের এই বক্তব্য উঠে এসেছে। তবে নেতানিয়াহু শর্ত রেখেছেন যে, নতুন সরকারের নেতৃত্ব দিতে হবে তাকেই। পাশাপাশি, তিনি দেশটির প্রধান দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট সরকার গঠনের সম্ভাবনাও নাকচ করেছেন।
গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন অর্জন করেছে। অন্যদিকে, ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। ফলে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পার্টি পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকোটের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি আরবদের দুটি তালিকার সম্ভাব্য সমর্থন যুক্ত হয়, তবে তার পক্ষে সমর্থন ৬৭ জন আইনপ্রণেতায় পৌঁছাতে পারে।
তবে, আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করে কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করে গঠিত কোনো সরকারে যোগ দিতে লিবারম্যানের অস্বীকৃতি জোট গঠনের পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বেলফোর ঘোষণা থেকে নাকবা: ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত
বুধবার থেকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে দুই দিনের পরামর্শ শুরু করবেন। এর আগে মঙ্গলবার বিরোধী দলগুলোর নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে নিজেদের অবস্থান সমন্বয় করার জন্য। সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন