ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় কুমিল্লায় গ্রেফতার সংখ্যা বেড়ে আরও ৩


স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় কুমিল্লায় গ্রেফতার সংখ্যা বেড়ে আরও ৩

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ফলে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে। এতে মামলায় গ্রেফতার আসামির সংখ্যা এখন চারজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।

গ্রেফতারের তালিকায় রয়েছে: মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত নগরীর কাটাবিল এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ, মৃত সুলতান মিয়ার ছেলে আশিক এবং ইকবাল মিয়ার ছেলে ইমন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ২৪ জুন সকালে এলাকার মানুষ মাদকের বিরুদ্ধে একটি মানববন্ধন করার প্রায় দুই ঘণ্টা পরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় টিফিন বিরতির সুযোগে স্কুল থেকে বের হওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার পর ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে প্রথমে শ্রাবণ নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়। তার দেয় তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

রোববার (২৮ জুন) কক্সবাজারে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ আসিফ, আশিক ও ইমনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিবাদে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টিশক্তি হারানোর কারণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনটি জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশগ্রহণ করেন। জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর এবং নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি ‘তরী’-এর আহ্বায়ক মো. শামীম আহমেদসহ অন্যান্য বর্ষীয়ান বক্তারা।

বক্তারা তাদের বক্তব্যে জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলপথে দীর্ঘদিন ধরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। যাত্রীরা এতে আহত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হচ্ছেন। ফলে নিরাপদ ট্রেনযাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তারা আরো জানান, গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও তার একটি চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চিকিৎসা ও পুনর্বাসনে রেলওয়ে পুলিশ এবং সরকারের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) এক শোক বার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ার বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তার অনন্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সৃজনশীল কর্মের মাধ্যমে মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার তিন বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার তিন বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন

 

মেয়ে শিক্ষার্থীদের ঋতুকালীন স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য এবং এ সময় বিদ্যালয়ে অনুপস্থিতি কমানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুনভাবে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায়, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে জেলা শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল, গৌতমপাড়া উচ্চ বিদ্যালয় এবং উলচাপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে এসব ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানটি টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। ঋতুকালীন স্বাস্থ্যসেবা সহজলভ্য হলে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবেন এবং তাদের ঝরে পড়ার হার কমে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, সনাকের সদস্য, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বক্তারা মত প্রকাশ করেন যে, বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনের সময় সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে সক্ষম হবে। এর ফলে ঋতুকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করা সহজ হবে এবং স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরাও এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।

গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন, আগে হঠাৎ প্রয়োজন হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। এখন বিদ্যালয়েই ন্যাপকিন পাওয়া যাবে, তাই অনেক স্বস্তি লাগছে।

গৌতমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তন্নি বলেন, অনেক সময় এই কারণে ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন হতো। ভেন্ডিং মেশিন আমাদের জন্য খুবই উপকারী হবে।

উলচাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমা আক্তার বলেন, এ ধরনের উদ্যোগ সব বিদ্যালয়ে নেওয়া উচিত। এতে মেয়ে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে আরও উৎসাহিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে কারামুক্ত ডা. সামির হোসেন মিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


জামিনে কারামুক্ত ডা. সামির হোসেন মিশু

বগুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন। তিনি সোমবার সকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান। গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে, বগুড়ার শেরপুর উপজেলার স্থানীয় একটি হোটেল থেকে ডা. সামির হোসেনকে পুলিশ আটক করে। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই আন্দোলনে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজীম আল মিজবাহ জানিয়েছেন, রবিবার বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদন শুনানি হওয়ার পর শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, ২৩ জুন রাতে শেরপুর সদরের ওই রেস্তোরাঁয় এক চিকিৎসকের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিতে বগুড়া থেকে যান ডা. সামির হোসেন। খবর পেয়ে বিএনপির কিছু সমর্থক রেস্তোরাঁটির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। ডা. সামির হোসেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%