০৬:২৩ এম
বরকত মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই দীর্ঘ হায়াত, প্রচুর ধন-সম্পদ কিংবা কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত সাফল্য ও প্রাপ্তি অর্জন করতে পারেন না। অন্যদিকে, কিছু মানুষ অল্প আয়, সীমিত সামর্থ্য এবং স্বল্প হায়াতের মধ্যে থেকেও ধন-সম্পদ, সন্তান-সন্ততি এবং আমল-ইবাদতে ব্যাপক বরকত লাভ করেন। তাই জীবনে প্রাচুর্যের তুলনায় বরকত অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইসলামে এমন কিছু আমলের উল্লেখ রয়েছে, যেগুলোর মাধ্যমে জীবনে বরকত লাভ করা সম্ভব।
সুতরাং, সব কাজে বরকত একটি অত্যন্ত জরুরি বিষয়। এটি বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। কিন্তু বরকত লাভের কার্যকরী উপায় কী?
কুরআন ও সুন্নাহর আলোকে অনেক আমল রয়েছে, যা করলে মহান আল্লাহ বান্দার প্রতি বরকত তথা কল্যাণ দান করেন। কুরআন ও সুন্নাহর এই আমলগুলো জীবনে বরকত লাভের চাবি হতে পারে।
আরও পড়ুন: কোরআন হাতে শপথ নিলে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাস পাবে নতুন মাত্রা
বেশি বেশি ইসতেগফার করা
জীবনে বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। এর কোনো হিসাব, সংখ্যা বা নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাবে না। বরং জীবনের প্রতিটি মুহূর্তে ইসতেগফার করা উচিত। পুরো ইসতেগফার করতে না পারলে অন্তত এটুকু বলা উচিত- আসতাগফিরুল্লাহ।
যখন ইসতেগফার পড়ার সময় এ বিষয়টি মনে অনুভব করা হয় যে, সব অন্যায় অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। কারণ ক্ষমা প্রার্থনার মন-মানসিকতা আলাদা। আল্লাহ তাআলা বান্দার সে মানসিকতায় তাকে ক্ষমা করে দেন এবং বরকত দান করেন।
আল্লাহ তাআলা নুহ আলাইহিস সালামের ইসতেগফারের বর্ণনা তুলে ধরেছেন। যে ইসতেগফারের মাধ্যমে অসংখ্য বরকত লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন- "অতপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন।" (সুরা নুহ : আয়াত ১০-১২)
আরও পড়ুন: নাইজেরিয়ার প্রেসিডেন্ট কাবার ভেতরে নামাজ আদায়ের বিরল সম্মান লাভ করেছেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ইসতেগফার ধরে রাখবে, আল্লাহ তাআলা কঠিন অবস্থায় বের হওয়ার পথ দেখিয়ে দেবেন। সব পেরেশানি থেকে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ততার পথ বের করে দেবেন।" সুতরাং এক বা দুইবার পড়া নয়, বরং সব সময় ইসতেগফার পড়ার মাধ্যমে দুনিয়ার বরকত ও কল্যাণ লাভের চেষ্টা অব্যাহত রাখা উচিত।
আল্লাহর ওপর ভরসা করা
বরকত লাভের আরেকটি চাবি বা আমল হলো আল্লাহর ওপর ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর ওপর ভরসা করবে, ততবেশি তাকে সাহায্য করবেন। পক্ষান্তরে, আল্লাহর প্রতি আস্থা, নির্ভরতা বা ভরসা যদি কমে যায়, সে ততবেশি অপমানিত ও লাঞ্ছিত হবে।
বিপদে অনেকেই আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলেন। অনেক সময় আল্লাহর প্রতি নানান মন্তব্যও শুরু করেন। কিন্তু এটি কোনোভাবেই ঠিক নয়।
আরও পড়ুন: খতমে নবুওয়াতের আকিদা ঈমানের অপরিহার্য শর্ত: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- "আল্লাহর প্রতি যেরকম ভরসা বা আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পার, তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন, তোমাদেরও সেভাবে রিজিক দেবেন।" সুতরাং জীবনে সব ব্যাপারে কাজের পাশাপাশি বরকত লাভে শুধুমাত্র আল্লাহর ওপরই ভরসা করা জরুরি। যে যত বেশি আল্লাহর ওপর ভরসা করবে, তার বরকত লাভও তত বেশি হবে।
নামাজ পড়া
নিজে যেমন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে, তেমনি পরিবারের সদস্যদের নামাজ পড়ানোর ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। নামাজের নির্দেশ দিতে হবে। কারণ অনেকেই নিজে নিয়মিত নামাজ পড়েন, কিন্তু পরিবারের সদস্যদের নামাজের ব্যাপারে কোনো খোঁজ রাখেন না।
আল্লাহ তাআলা বলেন- "আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকার।" (সুরা ত্বাহা : আয়াত ১৩২)
আরও পড়ুন: মাইক টাইসন: ইসলাম আমাকে বিনয়ী হতে শিখিয়েছে
সকালবেলা কাজ শুরু করা
দিনের শুরুতে কাজ শুরু করা। যদি কারো অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য একটু বেলা করে হয়, তাতে কোনো অসুবিধা নেই। বরং নিজ ঘরের কাজ দিয়ে হলেও সকাল সকাল কাজ শুরু করা উচিত। কারণ সকালবেলার কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন- "হে আল্লাহ! আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন।" অন্য বর্ণনায় এসেছে- তিনি বলেছেন, "আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেয়া হয়েছে।" সুতরাং কেউ যদি সকালের সময়টিতে ঘুমিয়ে থাকে, তবে কিভাবে বরকত আসবে? এ কারণেই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ করা জরুরি।
দান করা
আরও পড়ুন: সাধারণ মানুষের মর্যাদা তুলে ধরলেন মহানবী (সা.)
বেশি বেশি দান করা। দান-সহযোগিতায় বরকত নেমে আসে। অনেক হাদিসে এটি প্রমাণিত যে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ-মুসিবত দূর করে দেন। কারণ যে কোনো কাজে বিপদ-আপদ হলে তা থেকে বরকত লাভের সুযোগ থাকে না। সে কারণেই সব কাজে বরকত লাভে বেশি বেশি দান করা উচিত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "দান করার কিছু যদি না থাকে তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা কর।" সুতরাং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে পরিমাণে কম হলেও প্রতিদিন সাধ্যানুযায়ী দান করা উচিত। কাউকে দান করতে না পারলে নির্ধারিত একটি অংশ নিজ ঘরে একটি বক্সে জমা করে পরে তা দান করা যেতে পারে। আর এভাবেই প্রতিদিন সাদকার সাওয়াব পাওয়া যাবে। দানের এই পদ্ধতির মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসবে।
আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসে। এটি অনেক পরীক্ষিত একটি আমল। আত্মীয়-স্বজন তথা মা-বাবা, ভাই-বোন তথা রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত।
আত্মীয়দের কেউ খারাপ আচরণ করলেও তাদের সঙ্গে নিজ থেকে সুসম্পর্ক রাখা উচিত। প্রয়োজনে সাধ্যানুযায়ী তাদের সাহায্য করা। সাহায্য করতে না পারলে তাদের সুন্দর ব্যবহার করা উচিত। আর এর মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসবে।
আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত
যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে; তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না। যেটুকু খাবার আছে তা (পরিমাণে কম হলেও) তার জন্য কল্যাণ বয়ে আনে। অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এভাবে বান্দা যখন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয়। আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন।
কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো
কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো খুবই জরুরি। কুরআন তেলাওয়াত, অধ্যয়ন এবং কুরআন অনুযায়ী জীবন গড়া। যে যত বেশি কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবে, তার জন্য তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কুরআন তেলাওয়াত হবে, কুরআনের চর্চা হবে, কুরআনের ওপর আমল করা হবে, সে ঘরেই আল্লাহর পক্ষ থেকে বরকত ও কল্যাণ নেমে আসবে।
আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেন- "এটি এমন একটি কিতাব, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর; যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।" (সুরা আনআম : আয়াত ১৫৫)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এ কিতাব (কুরআন) দিয়ে বহু মানুষকে (বরকতের মাধ্যমে) ওপরে ওঠাবেন। আবার বহু মানুষকে নিচে নামাবেন।" (মুসলিম)
অর্থাৎ যারা কুরআনুল কারিমে অনুসরণ করবেন, তাদের জন্য এ কিতাব হবে বরকতের কারণ। আর যারা এ থেকে দূরে সরে যাবে, তা হবে তাদের জন্য অমঙ্গলজনক হওয়ার কারণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন