০৫:৪৫ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান বিনা মূল্যে ঘুরে দেখানোর উদ্যোগ গ্রহণ করেছে, যা ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করতে সহায়তা করবে। আগামী জানুয়ারি মাস থেকে প্রতি শনিবার এই সুযোগটি চালু হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানালেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক স্থান বিনা মূল্যে পরিদর্শন করতে পারবে। প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি।
ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের বিষয়ে আবদুস সালাম বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। নাগরিকদের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশনের উদ্যোগে নির্মাণ করা হবে বলেও জানান প্রশাসক।
খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হবে। এ ছাড়া বুধবার উদ্বোধন করা মাঠে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: হোমিওপ্যাথিক চিকিৎসকদের ৪ দফা দাবি, সরকারি চাকরির সুযোগসহ মানববন্ধন
প্রশাসক আশা প্রকাশ করেন, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে। পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও মাঠটি ব্যবহারের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন