ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি


মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। শ্রমবাজারের পরিধি আরও বিস্তৃত করে নতুন ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী নিয়োগের অনুমোদিত তালিকায় যুক্ত করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার মাল্টি-চ্যানেলভিত্তিক বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস এই নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো ঠাঁই পেয়েছে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ অ্যাম্প্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)। সরকারি এই প্রতিষ্ঠানের আওতায় ৬২টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

এ ছাড়া পূর্বঅনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সির অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি ও বেসরকারি—সব মিলিয়ে নতুন তালিকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের কার্যক্রমে যুক্ত এজেন্সির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮টিতে।

এর আগে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য নির্দিষ্ট ২৫টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী নেওয়ার কার্যক্রম সীমিত রেখেছিল। তবে নতুন এই পর্যালোচনায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসহ বিপুলসংখ্যক নতুন রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করায় সাধারণ অভিবাসীদের জন্য মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়ার পথ যেমন প্রসারিত হলো, তেমনি সার্বিক অভিবাসন প্রক্রিয়ায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

এফডব্লিউসিএমএসের নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশিত তালিকাভুক্ত এসব রিক্রুটিং ও সাব-এজেন্সির প্রত্যক্ষ তত্ত্বাবধান ও মাধ্যমেই এখন থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশ।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আবারও স্বেচ্ছাসেবক লীগের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ঢাকায় আবারও স্বেচ্ছাসেবক লীগের মিছিল

রাজধানী ঢাকার উত্তরায় আবারও মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। মিছিল থেকে একজনকে আটকও করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিনে মিছিলটি শুরু হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি করা হয়। খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয় এবং একজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, মিছিলে ধাওয়া করে পোস্টার-ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার শেষে চালু হলো কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


সংস্কার শেষে চালু হলো কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে এবং নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ব্রিজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, ১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪ দশমিক ২ মিটার প্রস্থ বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। দ্রুততম সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে জরাজীর্ণ ব্রিজটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার জন্য আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক ঘোষণা দেন এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদযন্ত্রের ছিদ্র সারিয়ে নিজেই মিলিয়ে যাবে যে যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


হৃদযন্ত্রের ছিদ্র সারিয়ে নিজেই মিলিয়ে যাবে যে যন্ত্র

 

যুক্তরাজ্যে প্রথমবারের মতো মানব শরীরে স্থাপন করা হয়েছে জৈবভাবে ক্ষয় হয়ে যায় এমন বিশেষ একট চিকিৎসাযন্ত্র, যা ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত হচ্ছে। ১৪ বছর বয়সী লিলি ইয়েলের হৃদযন্ত্রে বসানো যন্ত্রটি আগামী কয়েক মাস থেকে দুই বছরের মধ্যে ধীরে ধীরে শরীরের সঙ্গে মিশে অদৃশ্য হয়ে যাবে।

লিলির হৃদযন্ত্রের ওপরের দুটি প্রকোষ্ঠের মাঝের দেয়ালে প্রায় ১০ পেন্স মুদ্রার সমান একটি ছিদ্র ছিল। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্ট (এএসডি) বলা হয়। লিলির চিকিৎসায় প্রচলিত ধাতব যন্ত্র ব্যবহার করলে তাকে রাগবি খেলা থেকে বিরত থাকতে হতো। পেশাদার রাগবি খেলোয়াড় হওয়ার স্বপ্ন থাকায় বিষয়টি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

নতুন প্রযুক্তির যন্ত্র ব্যবহারের ফলে সেই সীমাবদ্ধতা এড়ানো সম্ভব হয়েছে।

গত জুনে লিভারপুলের অ্যাল্ডার হে শিশু হাসপাতালের চিকিৎসকেরা লিলির হৃদযন্ত্রে ‘মেমোসর্ব’ নামের যন্ত্রটি স্থাপন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো রোগীর চিকিৎসায় এ যন্ত্র ব্যবহারের এটিই প্রথম ঘটনা। চিকিৎসাটি সম্পন্ন করতে হাসপাতালকে সংশ্লিষ্ট ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হয়েছিল।

মেমোসর্ব এমন একটি উপাদান দিয়ে তৈরি, যা শরীরে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এই ধরনের উপাদান গলে যায় এমন চিকিৎসা-সেলাই তৈরিতেও ব্যবহৃত হয়।

শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সালিম জিভানজির ব্যাখ্যা অনুযায়ী, প্রচলিত ধাতব ডিভাইসের মতো নতুন যন্ত্রটিও প্রথমে হৃদযন্ত্রের ছিদ্রটি বন্ধ করে দেয়। তবে পার্থক্য হলো, এটি স্থায়ীভাবে শরীরে থেকে যায় না। তিনি জানান, যন্ত্রটি হৃদযন্ত্রের দেয়ালের জন্য একটি অস্থায়ী কাঠামো হিসেবে কাজ করে।

সময়ের সঙ্গে হৃদযন্ত্রের নিজস্ব টিস্যু সেই কাঠামোর ওপর তৈরি হতে থাকে। পরে যন্ত্রে থাকা পলিমার ধীরে ধীরে কার্বন ডাই-অক্সাইড ও পানিতে রূপান্তরিত হয়ে শরীর থেকে বিলীন হয়ে যায়। চিকিৎসকেরা আশা করছেন, ছয় থেকে ২৪ মাসের মধ্যে যন্ত্রটির আর কোনো অস্তিত্ব থাকবে না। তখন হৃদযন্ত্রের দেয়ালটি স্বাভাবিক টিস্যুর মতো দেখাবে এবং ছিদ্রটিও বন্ধ হয়ে যাবে।

জিভানজি বলেন, লিলির ক্ষেত্রে স্থায়ী ধাতব যন্ত্র ব্যবহার করলে হৃদযন্ত্র পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত রাগবি খেলা ঝুঁকিপূর্ণ হতো। খেলাধুলার সময় শক্ত আঘাতে ধাতব ডিভাইসটি সরে যাওয়ার আশঙ্কা ছিল। নতুন যন্ত্রটি ধীরে ধীরে শরীরের টিস্যুতে প্রতিস্থাপিত হওয়ায় সেই ঝুঁকি কমেছে। চিকিৎসার পর লিলি দ্রুত স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরেছে। তার মা ৩৮ বছর বয়সী বেচি নিকোলস জানিয়েছেন, অস্ত্রোপচারের পর মেয়েটি পাঁচ কিলোমিটার দৌড়েছে, বিনোদন পার্কে ঘুরেছে এবং আবার রাগবিও শুরু করেছে।

লিলি নিজেও নতুন চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। যুক্তরাজ্যে এই ধরনের যন্ত্র প্রথম তার শরীরে স্থাপন করা হয়েছে- এটি জানতে পেরে তিনি আনন্দিত বলে জানিয়েছেন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের পছন্দের কাজগুলো করতে পারছেন বলেও জানান তিনি। লিলির হৃদযন্ত্রের সমস্যার বিষয়টি তার জন্মের পরই জানা যায়। ৩৩ সপ্তাহে অপরিণত অবস্থায় জন্ম নেওয়ার পর চিকিৎসকেরা তার এএসডি শনাক্ত করেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চললেও দীর্ঘ সময় তার কোনো উপসর্গ ছিল না।

২০২৫ সালের জানুয়ারিতে এক পরীক্ষায় চিকিৎসকেরা দেখতে পান, লিলির হৃদযন্ত্রের ডান পাশ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে। এরপর চিকিৎসার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রায় দুই বছরের মধ্যে লিলির হৃদযন্ত্রে ডিভাইস বসানো হতে পারে। তবে মেয়ের জিসিএসই পরীক্ষার সময় যাতে চিকিৎসাজনিত জটিলতা না থাকে, সে জন্য দ্রুত চিকিৎসার উদ্যোগ নিতে চেয়েছিলেন তার মা। এরপর লিলিকে জানানো হয়, প্রচলিত ধাতব ডিভাইস ব্যবহার করা হলে তাকে রাগবি খেলা বন্ধ রাখতে হবে। নতুন জৈবভাবে ক্ষয়যোগ্য যন্ত্র ব্যবহারের সুযোগ পাওয়ায় শেষ পর্যন্ত তার খেলাধুলায় ফেরার পথও খোলা থাকে।

মেয়ের চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও নার্সদের প্রশংসা করেছেন নিকোলস। তার ভাষ্য, চিকিৎসক দল শুধু চিকিৎসা সম্পন্ন করেই দায়িত্ব শেষ করেনি; বরং লিলি যাতে যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। নিকোলস বিশেষভাবে ডা. জিভানজি ও তার দলের পাশাপাশি হাসপাতালের ওয়ার্ড ১সি-এর নার্সদের ধন্যবাদ জানিয়েছেন। তার মতে, পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তারা লিলি ও তার পরিবারের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিশ্চিত করার চেষ্টা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন পেশায় সফল হতে অর্থের পেছনে নয়, দক্ষতার পেছনে ছুটুন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


আইন পেশায় সফল হতে অর্থের পেছনে নয়, দক্ষতার পেছনে ছুটুন: আইনমন্ত্রী

আইন পেশায় সফল হতে নবীন আইনজীবীদের অর্থের পেছনে না ছুটে বরং পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেছেন, দুর্নীতি কিংবা শর্টকাটের পথ বেছে নিয়ে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা কঠোর ও স্বচ্ছ করার অন্যতম উদ্দেশ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইনজীবী হিসেবে প্রবেশের সুযোগ নিশ্চিত করা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন, তারা কারও দয়া বা অনুকম্পায় নয়, বরং নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই অবস্থানে পৌঁছেছেন।

তিনি উল্লেখ করেন, এনরোলমেন্ট পরীক্ষায় নেপোটিজমের কোনো সুযোগ নেই। এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। তাই নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে।

নবীনদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আইন পেশার শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকতে পারে। ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বৃদ্ধি পাবে। তাই শুরুতেই অর্থের পেছনে না ছুটে নিজেকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।

পেশাগত নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট।’ ক্লায়েন্টের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রেখে পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও আইনজীবীদের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী কিছু মামলা বিনামূল্যে পরিচালনারও আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী নিয়মিত পড়াশোনা ও আইনচর্চার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আইনপেশায় প্রতিদিন শেখার সুযোগ রয়েছে। ভালো ড্রাফটিংসহ পেশাগত দক্ষতা অর্জনে নিয়মিত অধ্যয়ন করতে হবে।

তিনি জানান, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষা, মেধা, দক্ষতা, সততা ও নৈতিকতার সমন্বয়ে একটি মর্যাদাপূর্ণ আইনজীবী সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এ. বাকি খলিলি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%