শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:২৫ পি.এম
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্য রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের প্রতি আহ্বান জানান যে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের জন্য কাজ চলমান রয়েছে।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকবর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ২৮ সেপ্টেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে বরিশাল মহানগর এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পেয়েছে তালাশ বিডি।
তালাশ বিডির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, সংশ্লিষ্ট কয়েকজন বর্তমানে আত্মগোপনে থাকলেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কয়েকজন অতীতেও দলীয় বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
তথ্য-উপাত্ত অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের আগে কোনো এক ভোরে বরিশাল মহানগরের একটি অজ্ঞাত স্থান থেকে মিছিল বা শোডাউন বের করার প্রস্তুতি নেওয়া হতে পারে। সম্ভাব্য কর্মসূচির নেতৃত্বে কারা থাকবেন, কোথা থেকে এটি শুরু হবে এবং এর অর্থায়নের সঙ্গে কারা যুক্ত—এসব বিষয় নিয়েও তথ্য সংগ্রহ করেছে তালাশ বিডি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান ও অনুসন্ধানের স্বার্থে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট কারও নাম কিংবা সম্ভাব্য অর্থদাতার পরিচয় প্রকাশ করছে না তালাশ বিডি। বিষয়টি নিয়ে আরও তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। প্রয়োজনীয় যাচাই শেষে পরবর্তী প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তি, অর্থের উৎস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে।
একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা সাবেক এক ছাত্রলীগ নেতা বলেন, বিরোধী দলে থাকার সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন তারা। তবে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের মৃত্যুর পর বরিশালের দলীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে বলে মনে করেন তিনি।
তার ভাষ্য, হিরনের মৃত্যুর পর অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে বরিশালের আওয়ামী লীগ একটি পরিবারের নিয়ন্ত্রণে চলে গেছে। পুরোনো ও ত্যাগী অনেক নেতাকর্মী বিষয়টি মেনে নিতে পারেননি। সেই অভিমান ও হতাশা থেকে অনেকে ধীরে ধীরে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।
তার দাবি, এসব সাবেক নেতাকর্মীর অনেকে পরবর্তীতে জীবন-জীবিকার প্রয়োজনে ব্যবসা, চাকরি কিংবা অন্যান্য পেশায় যুক্ত হয়েছেন। ফলে অতীতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন পরিচয়ের ভিত্তিতে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন এমন ব্যক্তিদেরও একইভাবে বিবেচনা করা উচিত নয়।
সাবেক ওই নেতা বলেন, “আমাদের অনেকের এখন কোনো পদ-পদবি নেই, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডেও নেই। শুধু অতীতের রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি হওয়া কাম্য নয়।
তার মতে, বর্তমানে যারা মিছিল, সংঘাত, নাশকতা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার চেষ্টা করছেন, তাদের বর্তমান কর্মকাণ্ডের ভিত্তিতেই চিহ্নিত করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড বিবেচনায় নেওয়া উচিত।
নাশকতামূলক কোনো কর্মসূচির প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়তে পারে বলে মনে করেন তিনি। তার বক্তব্য, “একটি মিছিল বা বিস্ফোরণের ঘটনায় পুরো শহরের স্বাভাবিক পরিবেশ বদলে যেতে পারে। এতে প্রকৃত অপরাধীর পাশাপাশি নিরীহ মানুষও সন্দেহের মধ্যে পড়তে পারেন।
বিদেশে অবস্থানরত কারও কাছ থেকে অর্থ বা নির্দেশনা নিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে এর পরিণতি নিয়েও সংশ্লিষ্টদের ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর আগে সাধারণ মানুষ ও নিজেদের পরিবারের সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করা দরকার।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের বাইরে থাকা সাবেক নেতাকর্মীদের বিষয়ে বর্তমান অবস্থান বিবেচনার আহ্বান জানিয়ে তার বক্তব্য, “যারা প্রকৃতভাবে নাশকতায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা নিরীহ মানুষ যেন অতীতের পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন।
সম্ভাব্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম (বার) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দিন-রাত মাঠে কাজ করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও বিভিন্ন এলাকায় নজরদারি ও তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যেকোনো কর্মকাণ্ডের সম্ভাব্য পরিণতি বিবেচনা করে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।
তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্যের বিষয়ে যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ প্রতিষ্ঠার আগে সংশ্লিষ্টদের বক্তব্য, তথ্য-উপাত্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিভুক্ত তথ্য যাচাই করে পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীতে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেলের ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় চারজন, নিয়মিত মামলায় ১৩ জন, অন্যান্য আইনে তিনজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে পৃথক এসব অভিযানে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে থানা ও গোয়েন্দা শাখার মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
মাদকসংক্রান্ত তথ্য জানাতে
☎️ *০১৩২০-০৬৪০০০*
☎️ *০১৩২০-০৬৪০৪৪*
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনে কর্মরত উপপ্রশাসনিক কর্মকর্তা মোছা. জেসি চৌধুরীকে নিয়ে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জেসি চৌধুরী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেসি চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা প্রশাসনে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। সরকারি সেবা প্রদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করা হয় বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি “নাগেশ্বরী উপজেলার ‘অঘোষিত ইউএনও’ জেসি চৌধুরী” শিরোনামে প্রকাশিত সংবাদে সার ডিলার নিয়োগে প্রভাব বিস্তারের যে অভিযোগ আনা হয়েছে, তা অস্বীকার করে জেসি চৌধুরী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট সরকারি কমিটির মাধ্যমে নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ প্রক্রিয়ায় তার কোনো প্রভাব বিস্তার বা অনৈতিক লেনদেনের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞপ্তিতে তিনি আরও দাবি করেন, অনৈতিক কোনো সুবিধায় সম্মতি না দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। মিথ্যা তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করে তার পেশাগত সুনাম ও প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জেসি চৌধুরী বলেন, কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নিশ্চিত করা প্রয়োজন। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
নিজের সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।
তবে প্রকাশিত সংবাদের অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ