০২:১৪ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইউরোপকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ফরাসি এআই প্রতিষ্ঠান মিস্ত্রালের প্রধান নির্বাহী আর্থার মেনশ এই আহ্বান জানান।
সম্মেলনে ইউরোপীয় নেতারা মেনশ এবং নোবেলজয়ী জিওফ্রে হিনটনের বক্তব্য শোনেন। হিনটন কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। আলোচনায় ইউরোপের এআই খাতে অগ্রগতির আকাঙ্ক্ষার পাশাপাশি এ প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।
আরও পড়ুন: ইরানের রাষ্ট্রদূতের পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’ অভিযোগ
ডাবলিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপির সঙ্গে শেয়ার করা বক্তব্যে ইউরোপের শীর্ষস্থানীয় এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত মিস্ত্রালের প্রধান মেনশ বলেন, ‘এআই প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার মতো সব প্রযুক্তি ও মেধা ইউরোপের রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ, অর্থায়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয়।’
মেনশ উল্লেখ করেন, আগামী দুই বছরে নেওয়া সিদ্ধান্তগুলো পরবর্তী এক দশকের এআই শিল্পের গতিপথ নির্ধারণ করবে।
আরও পড়ুন: হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইন বিস্ফোরণে আগুন
তিনি বলেন, ‘এ কারণেই আমরা ইউরোপীয় নেতাদের এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপাতত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের হাতেই রয়েছে।’
এআই উন্নয়নে দ্রুত এগিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে মিস্ত্রাল। অন্যদিকে, এ বছর ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও অ্যানথ্রপিকের দারিও আমোদেইসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ প্রযুক্তি নির্বাহী এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান।
ইইউ’র শীর্ষ কর্মকর্তা রবার্তা মেতসোলা বলেন, ইউরোপ ‘কোনো না কোনোভাবে এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে’—এমন কথা শুনতে শুনতে তিনি ক্লান্ত।
অনানুষ্ঠানিক সম্মেলন শুরুর আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিশ্বমানের মেধা রয়েছে। প্রযুক্তির দিক থেকেও আমাদের চমৎকার একটি পরিবেশ ও সক্ষমতা রয়েছে।’
আরও পড়ুন: রুবিওর আন্তর্জাতিক আইন ও আইসিসির বিরুদ্ধে কঠোর সমালোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন