০২:১৭ পি.এম
মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক নিউমোনিয়াজনিত জটিলতায় মারা গেছেন। তিনি জনপ্রিয় টেলিভিশন সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬২ বছর।
ক্লার্কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ‘ইয়েস, ডিয়ার’ সিরিজের সহ-অভিনেতা এবং দীর্ঘদিনের বন্ধু মাইক ও’ম্যালি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বন্ধুকে স্মরণ করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাইক ও’ম্যালি তার বন্ধুর স্মৃতিচারণায় লিখেছেন, “তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের খুব হাসিয়েছিলেন। তিনি তার উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান টনি।”
আরও পড়ুন: ১৫ দিন প্রস্রাব পান করে সুস্থ হলেন পরেশ রাওয়াল
অ্যান্থনি ক্লার্ক ১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন। তিনি বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজের সময় থেকেই তার কমেডির প্রতি আগ্রহ তৈরি হয়। সেই সময় তিনি ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও জিতেছিলেন।
এক সাক্ষাৎকারে ক্লার্ক স্ট্যান্ড-আপ কমেডির প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। ২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি স্ট্যান্ড-আপ কমেডি ভালোবাসি, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।”
ক্লার্কের ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। এই সিরিজে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। সিরিজটিতে একই বাড়িতে বসবাসকারী দুই দম্পতির জীবন, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছিল।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি।
আরও পড়ুন: মৌসুমী চ্যাটার্জির স্বামী জয়ন্ত মুখার্জি ৭০ বছর বয়সে মারা গেলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন