০২:১৬ পি.এম
বলিউডের অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী ও চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখার্জি মারা গেছেন। তিনি ১২ নভেম্বর মুম্বাইয়ের খার এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জয়ন্তের বয়স ছিল ৭০-এর কোঠায়। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যু ঘটেছিল বিকেল সাড়ে ৫টার দিকে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বিএন তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বয়সজনিত জটিলতার কারণে জয়ন্ত নিজ বাসভবনে মারা যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে জয়ন্তের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরিবারের সদস্যদের বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষ সময়ে তার স্ত্রী মৌসুমী ও ছোট মেয়ে তার পাশে ছিলেন।
আরও পড়ুন: ১৫ দিন প্রস্রাব পান করে সুস্থ হলেন পরেশ রাওয়াল
জয়ন্ত মুখার্জি কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত কুমারের ছেলে। যদিও তিনি বাবার মতো বিনোদনজগতে তেমন পরিচিত মুখ ছিলেন না, তবে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান।
হেমন্ত কুমার বাংলা ও হিন্দি সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহাঁ’, ‘না তুম হামে জানো’ এবং ‘তুম পুকার লো’।
অন্যদিকে, মৌসুমী চ্যাটার্জি বাংলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরে সত্তরের দশকে তিনি বলিউডে পরিচিতি পান। অনুরাগ, রোটি কাপড়া অউর মাকান, মাঞ্জিল ও ঘার এক মন্দির–এর মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।
জয়ন্তের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ‘ইয়েস, ডিয়ার’ অভিনেতা অ্যান্থনি ক্লার্ক নিউমোনিয়ায় মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন