০৩:২৮ পি.এম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সকলকে আহ্বান জানিয়েছেন যে, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে একটি রোডম্যাপ তৈরি করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, "আসুন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য একটি রোডম্যাপ তৈরিতে একসাথে কাজ করি। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই এবং জাতি গঠনে মনোনিবেশ করি।"
আজ বুধবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এই কথা বলেন।
আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব.) এম. নুরউদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ, ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনী, ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ অংশকে স্বাবলম্বী করে তুলতে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের শক্তিশালী করতে আয়োজকদের "অসামান্য অবদান" রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, "আপনারা এসব মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে সাহায্য করছেন। আমি আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় আপনাদের পাশে দাঁড়াবে। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সমাজকল্যাণ মন্ত্রীর সাথে কথা বলব।"
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
ইনস্টিটিউটের সভাপতি লেফট্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান শান্তি, সহনশীলতা ও সমতার বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুধাবন ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাত-এ-রাসূল (সা.), কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রবন্ধ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগ ও বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে অংশ নেওয়া দেশের নানা প্রান্তের দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন