০৭:১৩ এম
দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে নতুন স্বীকৃতি পেয়েছে শ্রীলঙ্কা। ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে তিন বছর পরে বিশ্বব্যাংক দেশটিকে আবারও উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণিভুক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, শিল্প, পর্যটন এবং আর্থিক খাতের পুনরুদ্ধারই এই সাফল্যের প্রধান ভিত্তি।
২০২২ সালে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের শিকার হয় শ্রীলঙ্কা, যা খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছিল। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতি, এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় দেশটি কার্যত দেউলিয়া হওয়ার পথে পৌঁছে যায়। কিন্তু মাত্র তিন বছরের ব্যবধানে সেই সংকট থেকে অনেকটাই বেরিয়ে এসেছে দ্বীপরাষ্ট্রটি।
বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, শ্রীলঙ্কাকে আবারও উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য বলছে, ২০২৫ সালে দেশটির অর্থনীতি ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। শিল্পখাতের পুনরুদ্ধারের সঙ্গে পর্যটন এবং আর্থিক সেবা খাতের সুস্থ প্রবৃদ্ধিই এই সাফল্যের মূল ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
বিশ্বব্যাংক শ্রীলঙ্কার এই অর্জনকে 'পুনরুদ্ধারের এক অনন্য গল্প' হিসেবে বিবেচনা করছে। সংস্থাটি উল্লেখ করছে, অল্প সময়ের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের সীমা অতিক্রম করা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখা হতে পারে। এই শ্রেণিবিন্যাস দেশের মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নির্দেশিত হয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য করা হয়।
২০১৯ সালের ইস্টার সানডের সন্ত্রাসী হামলা, কোভিড-১৯ মহামারি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের পরে ২০২২ সালে ভয়াবহ মন্দায় পড়ে শ্রীলঙ্কা। তবে কঠোর অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সহায়তা এবং উৎপাদন ও সেবা খাতের পুনরুদ্ধারের প্রক্রিয়ার মাধ্যমে দেশটি আবারও প্রবৃদ্ধির পথে ফিরেছে। বিশ্বব্যাংকের এই নতুন স্বীকৃতি সেই প্রত্যাবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন