ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা


যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

যশোর শহরের বকুলতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি বুধবার কোতোয়ালি থানায় দায়ের করেন কেশবপুরের আলতাপোল গ্রামের বিশ্বাসপাড়ার মৃত রাজালী বিশ্বাসের ছেলে আব্দুল হালিম।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

জানা গেছে, গত ২ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় গরিব শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। মোটরসাইকেলে তিন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল থেকে নেমে একটি পাত্র থেকে দাহ্য পদার্থ বের করে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। পরে তারা দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। এতে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে আগুনের কারণে কালো দাগ পড়ে যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে জানতে পারেন কেশবপুরের বাসিন্দা ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল হালিম। তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে নিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে তিন ব্যক্তির মোটরসাইকেলে ঘটনাস্থলে আসা এবং দুজনের নেমে অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন: ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি বিদ্রোহীদের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ এম


হুথি বিদ্রোহীদের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বুধবার (৪ নভেম্বর) এই তথ্য প্রকাশিত হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে এবং এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

তিনি বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের জন্য আগের সতর্কবার্তাটি পুনর্ব্যক্ত করেছেন, যাতে তারা সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলে। তবে তিনি উল্লেখ করেছেন যে, মক্কা ও মদিনার আকাশসীমা এই সতর্কতার আওতামুক্ত থাকবে।

সৌদি কর্তৃপক্ষ হুথিদের এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে অবৈধ লেভেল ক্রসিংয়ের কারণে প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ এম


যশোরে অবৈধ লেভেল ক্রসিংয়ের কারণে প্রাণহানির শঙ্কা

যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীরদরগাহ ফিলিং স্টেশনসংলগ্ন এলাকা থেকে জয়কৃষ্ণপুর গ্রামে যাওয়ার জন্য স্থানীয়রা রেললাইনের উপর লেভেল ক্রসিং তৈরি করেছেন। তবে রেলওয়ে বিভাগের অনুমোদন না থাকায় সেখানে গেটম্যান কিংবা ব্যারিয়ার নেই। ফলে স্থানীয়দের নিজ দায়িত্বে পার হতে হচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১টার সময় ওই রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেসের ধাক্কায় একটি কভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন কভার্ডভ্যানচালক আতিয়ার রহমান (৫৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা ছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর যশোর সদরের কৃষ্ণবাটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। শুধু এই দুটি ঘটনা নয়, গত এক দশকে এ অঞ্চলে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে অন্তত অর্ধশত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন।

বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের পশ্চিমাঞ্চলের তথ্যমতে, যশোর রেলওয়ে স্টেশন থেকে যশোর-বেনাপোল, যশোর-কোটচাঁদপুর ও যশোর-খুলনা রুটের যশোর অংশে মোট ১৮৩টি রেলক্রসিং রয়েছে; এর মধ্যে ১০১টি অবৈধ। বৈধ যে ৮২টি রয়েছে, সেগুলোর ৩৮টির গেটম্যান নেই।

রেল কর্তৃপক্ষের দাবি, যেখানে-সেখানে রাস্তা নির্মাণের ফলে বাড়ছে অনুমোদনহীন রেলক্রসিং। স্থানীয়দের পাশাপাশি সড়ক নির্মাণ প্রতিষ্ঠান এলজিইডি ও পৌরসভাও এর জন্য দায়ী।

সরেজমিনে দেখা গেছে, রেল বিভাগের হিসাবের বাইরেও অসংখ্য অবৈধ রেলক্রসিং রয়েছে, যা স্থানীয় বাসিন্দারা নিজেদের পছন্দমতো তৈরি করে নিয়েছেন। নাগরিকরা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন। কোথাও কোথাও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সতর্কতা সাইনবোর্ড বসানো হলেও বেশিরভাগ বোর্ডের লেখা অস্পষ্ট এবং নাজুক। অরক্ষিত ক্রসিংয়ে গেটম্যান না থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে এবং স্থানীয়দের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

যশোর-বেনাপোল রেললাইনে ২৮টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে চারটি বাদে বাকি ২৪টি রেলক্রসিংয়ে গেটবার নেই। যশোর-কোটচাঁদপুর রুটে খড়কিতে আধা কিলোমিটারের ভেতরে সাতটি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অন্যতম হলো যশোর পৌরসভার দক্ষিণ অংশের অনেক মানুষের শহরে প্রবেশদ্বার খড়কি ধোপাপাড়ার সড়কটি। এই সড়কের মাঝ দিয়ে যশোর-কোটচাঁদপুর রেলপথ চলে গেছে। অথচ এই ক্রসিংয়ে গেটম্যান নেই। সতর্কতা সাইনবোর্ড থাকলেও বোর্ডের লেখা অস্পষ্ট এবং নাজুক। ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছেন।

খড়কি এলাকার বাসিন্দা জাকির হোসেন পলাশ বলেন, "এই এলাকাটি খুবই জনবহুল। এলাকার মানুষের প্রয়োজনেই লেভেল ক্রসিং তৈরি হয়েছে কিন্তু কোনো গেটম্যান কিংবা ব্যারিয়ার নেই। মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। প্রায়ই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে রেল বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।"

স্থানীয় বাসিন্দা সাহেব আলী জানান, ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ের ওপারে প্রাইমারি স্কুল রয়েছে। প্রতিদিন বাচ্চারা রেলক্রসিং পার হয়ে স্কুলে যায়। ট্রেনের শব্দ শুনে আমরা সতর্ক হই, যা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে গেটম্যান খুবই জরুরি।

এদিকে যশোর-বেনাপোল রেললাইনের খড়কি এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পেরিয়ে একটু এগিয়ে গেলেই মহাসড়ক। এখানে অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে। দায়িত্বপ্রাপ্ত দুজন গেটম্যান বলেন, "মহাসড়কের এই লেভেল ক্রসিং খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ঠিক সময়ে ব্যারিয়ার নামিয়ে দিই। পথচারীরা নিয়ম মানতে চায় না। তারা আমাদের গালিগালাজ করে। আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকি।"

এ বিষয়ে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক রুহুল আমিন বলেন, "অনুমোদিত লেভেল ক্রসিংয়ের পাশাপাশি স্থানীয়দের প্রয়োজনের তাগিদেই ভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে অসংখ্য রেলক্রসিং তৈরি হয়েছে। সেই লেভেল ক্রসিংগুলোর বৈধতা দেয়নি রেলওয়ে। ফলে অবৈধ রেলক্রসিং বাড়ছে। মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাবে স্থানীয়দের তৈরি অবৈধ রেলক্রসিং মরণফাঁদে পরিণত হয়েছে। রেল যোগাযোগ নিরাপদ করতে রেলওয়ে কর্তৃপক্ষকেই উদ্যোগ নিতে হবে।"

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে যশোর অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ বলেন, "অবৈধ রেলক্রসিংগুলো তৈরি করেছেন স্থানীয় বাসিন্দা কিংবা সরকারি সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান। আমরা অবৈধ গেটের দুই পাশে সাবধান বোর্ড স্থাপন করে দিয়েছি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দিই। আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে তারা গেটের বৈধতা চাইলে পদক্ষেপ নেওয়া হয়।"

তিনি আরও বলেন, "প্রতিনিয়ত আমরা রেললাইন পরিদর্শন করি, যাতে কেউ অবৈধ রেলক্রসিং তৈরি করতে না পারে। কেউ অবৈধ রেলক্রসিং তৈরির চেষ্টা করলে আমরা প্রতিরোধ করছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ নেতা শফিকুল ইসলাম মাদক কারবারির অভিযোগে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ এম


আ.লীগ নেতা শফিকুল ইসলাম মাদক কারবারির অভিযোগে গ্রেফতার

পুলিশ গ্রেফতার করেছে আওয়ামী লীগের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, যিনি শফি মেম্বার নামেও পরিচিত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চৌগাছার কাবিলপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের পুত্র। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মোট ১৮টি মামলা অন্তর্ভুক্ত।

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে শফিকুলের বিরুদ্ধে। ২০১৭ সালের ২৪ মে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান জেলার ১৪ জন শীর্ষ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকার চার নম্বরে শফিকুল ইসলামের নাম ছিল। তাকে ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় পুলিশ।

পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হলে শফিকুল বিদেশে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে দেশে ফিরে তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০১৭ সালের ২৮ মে চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও চৌগাছায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম বজায় রাখতে শফিকুলের সক্রিয় ভূমিকা রয়েছে। ভারত সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হওয়ায়, তিনি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের যোগাযোগ রক্ষায় সমন্বয়কের ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষ করে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত নেতাদের বিভিন্ন বার্তা স্থানীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে, এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রদান করেনি।

চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেন শফিকুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ডজনের বেশি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনার্জি ড্রিঙ্কস পানে হার্টঅ্যাটাক হতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ এম


এনার্জি ড্রিঙ্কস পানে হার্টঅ্যাটাক হতে পারে!

শরীরে এনার্জি বৃদ্ধি করার উদ্দেশ্যে অনেক মানুষ এনার্জি ড্রিঙ্কস গ্রহণ করে থাকেন। তবে, এই ধরনের ড্রিঙ্কস শরীরের এনার্জি বাড়ানোর পরিবর্তে গুরুতর বিপদের সৃষ্টি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান সমৃদ্ধ পানীয় এবং সাপ্লিমেন্টের সঙ্গে হৃদযন্ত্রের মারাত্মক সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দ্বারা প্রকাশিত রিপোর্টের বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

এছাড়া, উদ্বেগজনক বিষয় হলো, এই ধরনের পণ্যের সঙ্গে সম্পর্কিত হৃদরোগের রিপোর্টের প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে। এই বয়সে শরীরের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি থাকে, অথচ এই বয়সের মধ্যে উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

গবেষণায় কী দেখা গেল?

যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) ২০২৬ সালের সম্মেলনে আলোচনা করার জন্য উপস্থাপিত গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে এফডিএর নিরাপত্তা সংক্রান্ত তথ্যভাণ্ডারে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৮৫৪টি রিপোর্ট ছিল এনার্জি ড্রিঙ্কস এবং ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত খাদ্য-পরিপূরক সম্পর্কিত। বাকি ২৭ হাজার ৪৯১টি রিপোর্টে এই ধরনের উপাদান উপস্থিত ছিল না।

বিশ্লেষণের ফলাফল অনুযায়ী, ক্যাফেইন ও উত্তেজক উপাদানযুক্ত পণ্যের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের হার প্রায় এগারো গুণ বেশি। হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় সাড়ে চার গুণ বেড়ে যায়। অস্বাভাবিক হৃদ্‌স্পন্দন বা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া এবং বুক ধড়ফড়ের হারও প্রায় চার গুণ বেশি দেখা যায়। এছাড়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রায় দ্বিগুণ হয়ে যায়।

ক্যাফেইনে কি বিপদ বাড়ে?

ক্যাফেইন শরীরকে সাময়িকভাবে চনমনে করে, ঘুমের ভাব কাটায় এবং সতর্কতা বৃদ্ধি করে। কিন্তু অতিরিক্ত মাত্রায় এই উপাদান শরীরে প্রবেশ করলে হৃদ্‌স্পন্দন ও রক্তচাপের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। কারণ, এতে অনেক সময় উচ্চমাত্রায় ক্যাফেইনের পাশাপাশি একাধিক উত্তেজক উপাদান মেশানো থাকে।

চিকিৎসকদের মতে, এনার্জি ড্রিঙ্কস শুধুমাত্র শরীরের এনার্জি বা সতর্কতা বাড়ায় না, বরং হৃদ্‌যন্ত্রের উপরও প্রভাব ফেলতে পারে। এতে থাকা অতিরিক্ত ক্যাফেইন এবং অন্যান্য উত্তেজক উপাদান হৃদ্‌যন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপকে বিঘ্নিত করতে পারে। এর ফলে অনিয়মিত হৃদ্‌স্পন্দনের আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%