ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বব্যাপী জ্বালানি তেলের মজুদ হ্রাস, আগের অবস্থায় ফিরতে লাগবে দুই বছর


বিশ্বব্যাপী জ্বালানি তেলের মজুদ হ্রাস, আগের অবস্থায় ফিরতে লাগবে দুই বছর

বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুদ বর্তমানে আশঙ্কাজনক নিম্নপর্যায়ে পৌঁছেছে বলে সতর্কবার্তা প্রদান করেছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসির। তিনি উল্লেখ করেন, যদি হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় চালু না হয়, তাহলে বিশ্ব জ্বালানি বাজার আরও একটি সরবরাহ সংকটের মুখোমুখি হবে। লন্ডনে অনুষ্ঠিত ‘এনার্জি ইন্টেলিজেন্স ফোরাম ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, "মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে খালি হয়ে যাওয়া তেলের বিশ্ব মজুদ আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।"

আমিন নাসির আরও বলেন, বড় অর্থনীতির দেশগুলোর কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে তেল ছেড়ে দেওয়া সাময়িক স্বস্তি দিতে পারে, তবে এটি বিশ্ব জ্বালানি বাজারের সরবরাহ ও চাহিদার অন্তর্নিহিত ভারসাম্যহীনতা দূর করতে সক্ষম হবে না। তিনি উল্লেখ করেন, "যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে টানা সাত মাসের যুদ্ধে এই অঞ্চলে প্রায় ৩ বিলিয়ন (৩০০ কোটি) ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হয়েছে। যা ওই সময়কালে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হওয়া মোট অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের প্রায় অর্ধেকের সমান।"

আরামকো প্রধান জানান, "সরবরাহ ঘাটতির প্রভাব সামাল দিতে তেলের বাণিজ্যিক মজুদ থেকে ১ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার তাদের কৌশলগত রিজার্ভ থেকে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ব্যারেল তেল বাজারে ছেড়েছে এবং আরও অতিরিক্ত তেল ছাড়ার বিষয়ে চুক্তি হয়েছে।"

আরও পড়ুন: কলম্বাসে মসজিদের পাশে গোলাগুলিতে নিহত ১, পুলিশ জানায় সম্পর্ক নেই

তিনি জানান, তেলের এই ঘাটতি মেটাতে প্রধান ভূমিকা রেখেছে তেল কোম্পানিগুলোর নিজস্ব মজুদ, যাকে তিনি বাজারকে টিকিয়ে রাখার "সর্বশেষ প্রধান হাতিয়ার" হিসেবে বর্ণনা করেন।

আমিন নাসির জানান, বর্তমানে বিশ্বজুড়ে যে পরিমাণ বাণিজ্যিক মজুদ অবশিষ্ট রয়েছে তা ৬ বিলিয়ন ব্যারেলের নিচে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, "এই মজুদের অধিকাংশ পরিমাণই তাৎক্ষণিক ব্যবহারের জন্য ব্যবহারিক অর্থে সহজলভ্য নয়।"

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা ইতিমধ্যেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। বাজারে আর খুব বেশি বিকল্প অবশিষ্ট না থাকায় সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করার মতো নিরাপত্তাসীমা এখন অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।

নাসির আরও দৃষ্টি আকর্ষণ করেন যে, স্যাটেলাইট চিত্র এবং জাহাজের চলাচলের উন্মুক্ত তথ্যভাণ্ডারের মতো আধুনিক প্রযুক্তিগুলোকে এখন জ্বালানি অবকাঠামো ও তেলবাহী ট্যাংকারকে নিশানা করার কাজে ব্যবহার করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজসহ আরামকোর পাইপলাইন, শোধনাগার এবং বন্দরে হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, "তথ্য প্রকাশের এই স্বচ্ছতার মাধ্যমগুলোকে কোনোভাবেই আগ্রাসনের হাতিয়ার বানাতে দেওয়া উচিত নয়।"

আরও পড়ুন: ‘এখানে ন্যায়বিচার নেই’ বলে মন্তব্য সিজেপির সৌরভ দাসের

আরামকো প্রধান জোর দিয়ে বলেন, উত্তর সাগরের অপরিশোধিত তেলের দাম এপ্রিলে শেষ হওয়া সময়সীমার পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাজার এখনো সরবরাহের ভয়াবহ ঘাটতি এবং অতিরিক্ত পরিবহন খরচের খেসারত দিচ্ছে।

তিনি স্পষ্ট জানান, সংঘাত শেষ হওয়ার পর স্বাভাবিক চাহিদা মেটানোর পাশাপাশি তেলের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। তাই বিশ্বের সব দেশের সরকারকে জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদার করার আহ্বান জানান তিনি।

আমিন নাসির জানান, সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়াতে এবং ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি বাজারে কোনো বিঘ্ন ঘটলে গ্রাহকদের সুরক্ষা দিতে আরামকো সৌদি তেলের জন্য বিকল্প রপ্তানি পথ খোঁজার পাশাপাশি দেশের বাইরে তেলের মজুদাগার বা স্টোরেজ সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে।

আরও পড়ুন: তাইওয়ানে মাইক্রনের ১৫ হাজার কর্মীর ধর্মঘটের ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করে লামা উপজেলা প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের প্রথম অংশে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফাইতং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ৬(খ) ধারার লঙ্ঘন এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারা অনুযায়ী ১টি ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে পৃথকভাবে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। এসময় আরও ১২টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এই দুটি অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ১৩ জন আসামিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, "আমরা অতীতেও বিভিন্ন অভিযানে পরিবেশ রক্ষার চেষ্টা চালিয়েছি৷ কোনোভাবে অবৈধ ও পরিবেশ ধ্বংসী কোনো কাজকে প্রশ্রয় দেয়া হবে না।"

তিনি আরও কঠোর বার্তা দিয়ে বলেন, "কেবল জরিমানা আদায় শেষ কথা নয়; ইটভাটার মালিকরা আইন না মানলে প্রয়োজনে সেসব ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে।"

ইটভাটায় এসব অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব ও পরিদর্শক নূর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’—এএসআই মোহাম্মদ ইলিয়াসের বক্তব্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


‘আমি পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’—এএসআই মোহাম্মদ ইলিয়াসের বক্তব্য ভাইরাল

"আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই"—এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইন সম্প্রতি একটি মামলার তদন্তের জন্য রানীগাঁও বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি তার বক্তব্যটি দেন বলে জানা গেছে। স্থানীয় একজন ব্যক্তি তার বক্তব্যের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, "কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।"

স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই ইলিয়াস হোসাইন রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে গিয়েছিলেন। সেখানে উপস্থিত লোকজনের সামনে তিনি এ কথা বলেন।

এদিকে, স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন যে, এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্তে ঘুষ দাবির অভিযোগ রয়েছে।

এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা একটি মামলার তদন্তের সময়ও অনিয়মের অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে যে, তিনি মামলার বিবাদীপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন এবং ভয়ভীতি দেখান।

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এ বিষয়ে আমি কিছু জানি না।" এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের মন্তব্য, "ভিডিওটি আমি দেখেছি। এটি যাচাই করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানো এবং শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ প্রতিবছর কীভাবে আরও বাড়ানো যায়। সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়, যা তাদের স্বাস্থ্য, কৃষি, নগরায়ন, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখতে সহায়তা করবে। সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদারকরণ এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসকের পরিকল্পিত ও পরিবেশবান্ধব বসতি গড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


জেলা প্রশাসকের পরিকল্পিত ও পরিবেশবান্ধব বসতি গড়ার আহ্বান

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে। এই কর্মসূচিটি জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগের চাঁদপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চাঁদপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। অনুষ্ঠানের শুরুতে দিবসের তাৎপর্য ও সার্বিক বিষয় তুলে ধরেন গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি বক্তব্যে বলেন, কেবল বর্গফুট কিংবা আর্থিক হিসাব দিয়ে বসতি বা বাসস্থানের সার্বিক মান মূল্যায়ন করা যায় না। তিনি আরও বলেন, “আমরা যারা শহরে থাকি, আমরা কি আসলে খুব ভালো থাকি? আমরা ভালো থাকতে পারি না। প্রতিটি জমির মালিক চান তাঁর জমির প্রতিটি বর্গইঞ্চি ব্যবহার করতে, যাতে কোনো জায়গা খালি না থাকে। এর ফলে কেবল যে বসবাসের সমস্যা হয় তা নয়, আমাদের মারাত্মক স্বাস্থ্যগত ও মানসিক ক্ষতিও হয়।”

জেলা প্রশাসক আলো-বাতাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের শরীরের জন্য ভিটামিন ডি, সূর্যের আলো ও পর্যাপ্ত আলো-বাতাস প্রয়োজন। কিন্তু আমরা স্থান বা এরিয়া বাড়ানোর চক্করে সব বন্ধ করে দিচ্ছি, যা আমাদের জন্য ক্ষতিকর।” নগরকেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা নগরায়ণ করছি কিন্তু তা টেকসইভাবে হচ্ছে না। গ্রামে এখনও অনেক খোলামেলা পরিবেশ, গাছপালা ও জলাশয় রয়েছে। গ্রামের রাস্তাঘাট ও সুপেয় পানির ব্যবস্থা ভালো করে যদি নগরের সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায়, তবে আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ভালো থাকতে পারব। তাই শুধু শহরমুখী না হয়ে আমাদের গ্রামমুখী হতে হবে এবং পরিবেশের কথা আলাদাভাবে চিন্তা করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। অন্যান্য বক্তাদের মধ্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীও বক্তব্য রাখেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%