শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৭ এম
দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ের সম্ভাবনা নেই। এই কারণে আবহাওয়া অধিদপ্তর চারটি সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন একটি বায়োপিক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে হলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে। এই চলচ্চিত্রের নাম এখনও নির্ধারিত হয়নি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড। ফ্রেড অ্যাস্টেয়ারের বিখ্যাত নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের ভূমিকায় অভিনয় করবেন পপ তারকা ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার।
চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন মার্গারেট কোয়ালি, যিনি ফ্রেডের বোন এবং তার প্রথম নৃত্যসঙ্গী অ্যাডেল অ্যাস্টারের চরিত্রে অভিনয় করবেন। ১৯৩৩ থেকে ১৯৩৯ সালের মধ্যে ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্স একত্রে নয়টি চলচ্চিত্রে কাজ করেছিলেন। সাবরিনা এই নতুন সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় অভিনয়ের জগতে ফিরে আসছেন। অন্যদিকে, ক্যারিয়ারের শুরুতে লন্ডনের ওয়েস্ট অ্যান্ডে ‘বিলি এলিয়ট’ নাটকে নাচের মাধ্যমে পরিচিতি পাওয়া টম হল্যান্ডও এই ছবির মাধ্যমে আবার নাচের জগতে ফিরছেন।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন প্যাডিংটন ও ওনকা খ্যাত নির্মাতা পল কিং। এটি প্রযোজনা করছেন অ্যামি প্যাসকেল ও র্যাচেল ও'কনর। ক্যাথলিন রাইলির লেখা ‘দ্য অ্যাস্টেয়ার্স : ফ্রেড অ্যান্ড অ্যাডেল’ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন ফ্রেড অ্যাস্টেয়ারের মেয়ে আভা অ্যাস্টায়ার ম্যাকেনজি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই তথ্যটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জরুরি মেরামত কাজের কারণে শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। তাছাড়া, তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে তিতাস জানিয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উপকূলে লবণ মাঠ তৈরির প্রস্তুতি বর্তমানে চলছে। অনেক চিংড়িঘের ইতোমধ্যে শুকিয়ে গেছে। কোথাও মাটি সমান করার কাজ চলছে, কোথাও বাঁধ মেরামত ও পানি চলাচলের নালা তৈরি করা হচ্ছে। চাষিদের প্রস্তুতি দেখে বোঝা যায়, নতুন মৌসুম খুব বেশি দূরে নয়। আবহাওয়া অনুকূলে থাকলে অক্টোবরের মাঝামাঝি থেকেই কোথাও কোথাও লবণ উৎপাদন শুরু হতে পারে।
এমন পরিস্থিতিতে সরকার দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন লবণচাষিরা। তাদের প্রশ্ন, দেশে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে, মাঠে ও মিলে লবণ মজুত রয়েছে, তাহলে কেন এখন আমদানি করা হচ্ছে?
চাষিদের আশঙ্কা, আমদানি করা লবণ বাজারে প্রবাহিত হলে স্থানীয় লবণের দাম কমে যেতে পারে। ফলে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার যে সুযোগ তৈরি হয়েছিল, সেটিও নষ্ট হতে পারে।
বিসিকের হিসাব অনুযায়ী, বর্তমানে মাঠে ৪ লাখ ৯০ হাজার টন এবং বিভিন্ন মিলে ১ লাখ ৭৭ হাজার টন লবণ মজুত রয়েছে। সব মিলিয়ে মজুত প্রায় ৬ লাখ ৬৭ হাজার টন। দেশে প্রতি মাসে লবণের চাহিদা প্রায় ২ লাখ ২০ হাজার টন। এই হিসাব অনুযায়ী, বর্তমান মজুত দিয়ে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে।
তবে বিসিকের কর্মকর্তাদের বক্তব্য, গত মৌসুমে উৎপাদন কিছুটা কম হয়েছিল। নতুন মৌসুমের শুরুতেও উৎপাদন কম থাকবে। গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী, ২০ থেকে ২৫ দিনের সম্ভাব্য ঘাটতির আশঙ্কা থেকেই আমদানির সুপারিশ করা হয়েছে।
মাঠ প্রস্তুত, চাষিরা অপেক্ষায়
কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা নতুন মৌসুমের জন্য জমি প্রস্তুত করছেন। যেসব চিংড়িঘেরে এতদিন পানি ছিল, সেগুলো শুকিয়ে লবণ তৈরির উপযোগী করা হচ্ছে।
কুতুবদিয়ার লবণচাষি মো. আলমগীর ও এহাসানসহ কয়েকজন জানান, অক্টোবরের মাঝামাঝি উৎপাদন শুরু হলেও প্রথম দিকে লবণ খুব বেশি হয় না। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ে। নভেম্বর-ডিসেম্বরে মাঠে লবণের পরিমাণ বাড়তে থাকে। এ সময়ের মধ্যে লবণ আমদানির খবরে তারা আতঙ্কিত।
বাংলাদেশ লবণচাষি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এ জে এম সিয়াম বলেন, গত মৌসুমে এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৫০ টাকা লোকসানেও লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় এখন প্রতি মণ প্রায় ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, চাষিরা যখন কিছুটা ভালো দাম পাচ্ছেন, তখন আমদানি হলে বাজারদর আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষিরা লবণ চাষে আগ্রহ হারাতে পারেন।
আমদানির পক্ষে মিল মালিকরা
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, বর্তমানে চাষিদের হাতে কোনো লবণ নেই। সিংহভাগ লবণ মজুতদারদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, মজুতদাররা যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অবৈধভাবে লবণ পাচার বন্ধ করা যায়, সে লক্ষ্যেই সরকার আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, দেশে সাধারণত নভেম্বরের শেষদিকে নতুন মৌসুমের উৎপাদন শুরু হয়। ডিসেম্বর মাসে ১০ থেকে ১২ হাজার মেট্রিক টন এবং জানুয়ারিতে ২০ থেকে ২২ হাজার মেট্রিক টনের বেশি উৎপাদন সম্ভব হয় না। ফলে ফেব্রুয়ারি-মার্চের আগে বাজারে দেশীয় লবণের পর্যাপ্ত সরবরাহ তৈরি হয় না।
নুরুল কবির আরও বলেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ের মজুতের হিসাব করে সরকার ৩ থেকে ৪ লাখ টন লবণের ঘাটতির আশঙ্কা করেছে। বাজারে সংকট ঠেকানো এবং অবৈধভাবে লবণ আসা বন্ধ রাখতে মিল মালিক ও চাষি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সীমিত পরিসরে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫১ মিলের জন্য দেড় লাখ টন
বাণিজ্য মন্ত্রণালয় মোট দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে ২৪৪টি মিলকে ৫৪৩ টন করে মোট ১ লাখ ৩২ হাজার ৫০০ টন এবং সাতটি আধুনিক ভ্যাকুয়াম মিলকে ২ হাজার ৫০০ টন করে মোট ১৭ হাজার ৫০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, পটিয়া, কক্সবাজার, খুলনা ও ঝালকাঠিতে মোট ২৫১টি লবণ মিল রয়েছে। বরাদ্দ পাওয়া ২৪৪টি মিলের মধ্যে ৮৬টি গত বছরের জুলাই থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কোনো ভোজ্য লবণ উৎপাদন করেনি বলেও জানা গেছে।
কক্সবাজারের ইসলামপুরের কয়েকজন মিল মালিক অভিযোগ করেছেন, আমদানির অনুমতিপত্রকে ঘিরে একটি ব্যবসা তৈরি হয়েছে। তাদের দাবি, এসব অনুমতিপত্র উচ্চ দামে হাতবদলের সুযোগ তৈরি করে। গত বছরও আমদানির অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল হয়েছিল। আমদানি ছাড়াই তখন বাজারে বড় ধরনের সংকট দেখা দেয়নি।
বিসিকের লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন বলেন, উৎপাদন সক্ষমতার ভিত্তিতেই মিলগুলোকে আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ আমদানির অনুমতিপত্র বিক্রি করলে তার নিবন্ধন বাতিল করা হবে।
লবণ আমদানি মানে চাষিদের ওপর জুলুম
লবণ আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি যুগান্তরকে জানান, একটি মহল সরকারকে ভুল বুঝিয়ে লবণ আমদানির অনুমোদন নিয়েছে। তাদের বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল লবণ আমদানি করা হবে। কিন্তু তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ বলে আলাদা কোনো লবণ নেই, লবণ একটাই।
কাজল বলেন, কিছুদিনের মধ্যেই দেশে নতুন লবণের মৌসুম শুরু হবে। মাঠে ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি বলেন, এ অবস্থায় লবণ আমদানি করা মানে আমাদের চাষিদের ওপর জুলুম করা। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। প্রয়োজনে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। নতুন এই ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ একজন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক)-এর নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদটি না থাকলে তা নতুন করে তৈরি করা হবে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে- এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলাপর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’
তিনি বলেন, ‘সেটা প্রকল্প প্রণয়নের জন্য আমি গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যামভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ