সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১০:০৫ এম
পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) এটি দিক পরিবর্তন করে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হচ্ছে। এটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে সোমবার দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো জানানো হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়লাভ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দ্য সিলভা। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করে তিনি চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে লুলা ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট অর্জন করেছেন। এই ফলাফল নির্দেশ করছে যে, তাদের মধ্যে একটি অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
আলজাজিরা আরো জানায়, ভোটের ব্যবধান খুব বেশি না হওয়ায় দুই প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী শিবিরে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছিল। ফলে দুই পক্ষকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। গতবার লুলা তাকে পরাজিত করে প্রেসিডেন্ট হন।
কিন্তু জেয়ার বলসোনারো সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে লুলাকে দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেন। এরপর তিনি বিভিন্ন আইনি জটিলতায় পড়েন এবং নির্বাচন করতে পারেননি। তার পরিবর্তে তার ছেলে সিনেটর ফ্লাভিও নির্বাচন করেছেন। তবে তার ছেলে ও হেরে গেছেন।
গত ৪ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তা রানঅফে গড়ায়। রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী।
ওই দিনের নির্বাচনে ফ্লাভিও সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থানে ছিলেন। আর লুলা ছিলেন দ্বিতীয়। তবে রানঅফে তিনি ফ্লাভিওকে পরাজিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৮৮ সালের পর এবারই প্রথমবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এমন ঘটনা ঘটেছে। যেখানে প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েও রানঅফে গিয়ে হেরে গেছেন সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী।
সূত্র : বিবিসি, আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮।
ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—
জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৪৬ মিনিটে।
আসরের নামাজের সময় শুরু হবে ৩টা ৪৭ মিনিটে।
মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৫টা ২৭ মিনিটে।
এশার নামাজ শুরু হবে ৬টা ৪১ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৪টা ৪৯ মিনিটে
আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ২৪ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৬টা।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গরমের মাত্রা বৃদ্ধি পেতে পারে। সংস্থাটি পূর্বাভাসে উল্লেখ করেছে যে, আকাশ মেঘলা থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রদান করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়াও, উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরের প্রথম পর্যায়ে, আজ সোমবার (২৬ অক্টোবর), তিনি স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন।
এই এক্সপো ‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত হয়েছে, যার উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। এক্সপোর আয়োজনের উদ্দেশ্য হলো বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করা।
এক্সপোর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ জোরদার করা এবং পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পথ সুগম হবে।
সফরকালে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
স্পেন সফর শেষে, ২৯ ও ৩০ অক্টোবর, যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এই সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারি সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। একই সঙ্গে, সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অংশীদারির নতুন সুযোগ খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ