০৮:৩৪ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির উদ্দেশ্যে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।
সোমবার (৫ অক্টোবর) চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার উদ্যোগে, বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন এবং প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় চাকসুর ভিপি, জিএস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।
এর আগে, চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলেও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এইভাবে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আজ অফিস খোলা
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব জানিয়েছেন, পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদান সম্পন্ন হয়েছে। এটি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলগুলোতে সেলাই মেশিন থাকার ফলে, পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না। পাশাপাশি, আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রীতিলতা হল সংসদের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া মন্তব্য করেছেন, ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাকসুর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায়, নতুন সেলাই মেশিন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এ উদ্যোগের জন্য চাকসুকে ধন্যবাদ জানান তিনি।
চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেছেন, পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আয়ের সুযোগও সৃষ্টি হবে। নিজেদের পোশাক তৈরির পাশাপাশি, অন্যদের কাজ করে তারা বাড়তি আয় করতে পারবেন। নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সেলাই মেশিন ব্যবহার বা রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা হলে, চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
আরও পড়ুন: জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের গরুভোজের ঘোষণা, থাকছে কাওয়ালি
প্রীতিলতা হলের এক আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, হলে সেলাই মেশিন দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত। দৈনন্দিন প্রয়োজনের পাশাপাশি, মেশিনগুলো থেকে বিভিন্নভাবে উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন