০৮:৩৬ পি.এম
বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন ঋণচুক্তি সম্পন্ন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। চুক্তির আওতায়, কৃষকদের জন্য রোপণ মৌসুমে সার সহজলভ্য করার উদ্দেশ্যে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা হবে।
সোমবার (৫ অক্টোবর) ইআরডির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্যদিকে, বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম।
এই অর্থ ‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হবে। প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থ বিভাগ প্রকল্পটির বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই কাজে সমন্বয় করবে।
আরও পড়ুন: কম্বোডিয়ায় আটকেপড়া ১৮০০ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দ্রুত ফিরিয়ে আনার দাবি
ইআরডির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রোপণ মৌসুমে প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য সার সহজলভ্য করার মাধ্যমে কৃষি উৎপাদন বজায় রাখা এবং দেশের খাদ্যনিরাপত্তায় অবদান রাখা এই প্রকল্পের লক্ষ্য।
চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বব্যাংকের এই ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড থাকবে, যার ফলে এই সময়ে ঋণের মূল অর্থ পরিশোধের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বিশ্বব্যাংকের অর্থায়ন রয়েছে।
নতুন এই ঋণ খাদ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজার পরিস্থিতির চাপ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ সুমন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন