০৪:৩৬ পি.এম
মাদারীপুরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ এবং অন্তত ৪০টি ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সদর উপজেলার বাহেরান্দী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। এতে স্থানীয়রা মোশাররফ ফকিরকে সভাপতি নির্বাচিত করেন। তবে একই এলাকার বাচ্চু মোড়ল এ সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেই সভাপতি পদ দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লোক বাচ্চু মোড়লের নেতৃত্বে মাতুব্বরবাড়ি, সর্দারবাড়ি ও ফকিরবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় মিনজাল জমাদ্দার, রবিউল মাতুব্বর, ফারুক মাতুব্বর, বোরহান মাতুব্বর ও এমদাদ মাতুব্বরসহ সাতজনের বাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি তিনটি বাড়ির প্রায় ৪০টি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি সামাল দিতে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এমদাদ মাতুব্বর বলেন, “বাচ্চু মোড়লের নেতৃত্বে এলাকায় ব্যাপক হামলা ও তাণ্ডব চালানো হয়েছে। ৪০ থেকে ৫০টি বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। এতে এলাকার মানুষ চরম ক্ষতির মুখে পড়েছেন।”
স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহিদ হাওলাদার বলেন, “মসজিদের কমিটি গঠন নিয়ে এত বড় ঘটনা ঘটবে, তা আমাদের ভাবনায় ছিল না।”
ঘটনার পর থেকে বাচ্চু মোড়ল ও তাঁর লোকজন এলাকায় না থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, “মূলত মসজিদ কমিটি গঠন নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শাওন বল
মাদারীপুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন