ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মরিয়া জনতা ব্যাংক, আরব আমিরাতে কার্যক্রম চালু রাখতে চায়


মরিয়া জনতা ব্যাংক, আরব আমিরাতে কার্যক্রম চালু রাখতে চায়

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পরিচালিত জনতা ব্যাংক পিএলসি-এর কার্যক্রম বন্ধ বা গুটিয়ে নেওয়ার (উইন্ড-ডাউন) প্রক্রিয়া শুরু করেছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই)। রাষ্ট্রীয় পতাকাবাহী এই ব্যাংকের ইউএই অপারেশনের সংকট থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নির্ধারণে ঢাকা ও আবুধাবির নীতিনির্ধারকদের অংশগ্রহণে একটি জরুরি উচ্চপর্যায়ের সভা আয়োজনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ।

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই জরুরি তাগিদ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সেন্ট্রাল ব্যাংক অব ইউএই এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে দ্রুত দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার করা না গেলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১০ লাখ প্রবাসীর রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে এই শাখাটি বন্ধ হয়ে গেলে তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে

ইউএইতে প্রশাসক নিয়োগ ও

ব্যাংকটির পদক্ষেপ

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক অব ইউএই কর্তৃক উইন্ড-ডাউন বা কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করার পর জনতা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে মূলধন ঘাটতি পূরণের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন সাপেক্ষে গত ৮ সেপ্টেম্বর ৩০০ মিলিয়ন ইউএই দিরহাম সমপরিমাণ ৮ কোটি ১৫ লাখ ৭৭ হাজার ১০৩ মার্কিন ডলার আবুধাবি শাখায় পাঠানো হয়। একই সঙ্গে গত ২২ সেপ্টেম্বর অর্থ বিভাগের পক্ষ থেকে সিবিইউএই-এর গভর্নর বরাবর জনতা ব্যাংকের মূলধন পর্যায়ক্রমে ২ বিলিয়ন বা সমপরিমাণে উন্নীত করার একটি দৃঢ় প্রতিশ্রুতিপত্র পাঠানো হয়। কিন্তু এতসব পদক্ষেপের পরও গত ১ অক্টোবর সেন্ট্রাল ব্যাংক অব ইউএই এক চিঠির মাধ্যমে ক্রো ইউএই’কে জনতা ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। যারা গত ৮ অক্টোবর থেকে ইউএই অপারেশনে তাদের কার্যক্রম শুরু করেছে।

ঝুঁকিতে ১০ লাখ প্রবাসীর ব্যাংকিং সেবা

আরও পড়ুন: মালদ্বীপ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় পতাকাবাহী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ৫২ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে জনতা ব্যাংক। বর্তমানে এই বৈদেশিক শাখাসমূহে প্রায় ৭০ হাজার সক্রিয় আমানত হিসাবধারী এবং ৩,৪০০ ঋণ ও অগ্রিম সুবিধাভোগী গ্রাহক রয়েছেন, যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছেন প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি। ফলে এই শাখাগুলোর কার্যক্রম কোনো কারণে বন্ধ হয়ে গেলে রেমিট্যান্স প্রবাহ থমকে যাওয়ার পাশাপাশি প্রবাসীদের কষ্টার্জিত আমানত ও সামগ্রিক ব্যাংকিং সেবা চরম অনিশ্চয়তার মুখে পড়বে, যা দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি বড় ধাক্কা হবে।

উচ্চপর্যায়ের জরুরি সভার তাগিদ

এমন কঠিন সংকট থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নির্ধারণ, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় জরুরি ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের সভা ডাকার তাগিদ দিয়েছে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ। পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংকের প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সমন্বয়ে জরুরি ভিত্তিতে একটি ভিডিও কনফারেন্স বা সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সভা আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান।

ব্যাংকের বক্তব্য

আরও পড়ুন: টোকিওতে তারেক রহমানের সংবর্ধনা প্রবাসী বিএনপি নেতাকর্মীদের

জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান আমার দেশকে বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে একটি সভা আয়োজনের দাবি জানিয়েছি।

জানা গেছে, ২০২১ সালে ইউএইর কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ব্যাংকগুলোর ন্যূনতম মূলধনের শর্ত ৪০ মিলিয়ন দিরহাম থেকে বাড়িয়ে ৪০০ মিলিয়ন দিরহাম করে। কিন্তু জনতা ব্যাংকের ইউএই ইউনিটের পরিশোধিত মূলধন ছিল ১০০ মিলিয়ন দিরহাম। এর সঙ্গে ৮৩ মিলিয়ন দিরহাম অবণ্টিত মুনাফা থাকলেও নতুন নির্ধারিত সীমার তুলনায় বড় ঘাটতি থেকে যায়।

এ ঘাটতির পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই ২০২৬ থেকে জনতা ব্যাংকের ইউএইর কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত রিজার্ভ হিসাব থেকে ডেবিট লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। এর এক সপ্তাহ পর, ১৫ জুলাই, ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে তিন বছরের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ দেয় ইউএইর নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে প্রশাসক নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে স্ত্রী-কন্যাকে বাধ্য হওয়া জাতির জন্য লজ্জা: প্রতিমন্ত্রী নুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন নারী লাভলী শাহ ফকির রানী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ এম


চুয়াডাঙ্গায় মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন নারী লাভলী শাহ ফকির রানী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামের নির্জন মাঠে মাটির নিচে সুড়ঙ্গসদৃশ কক্ষে ২৬ বছর ধরে সাধনা করে চলেছেন লাভলী শাহ ফকির রানী নামে এক নারী। ‘বিশ্ব ধ্যান মঞ্জিল’ নামে পরিচিত আশ্রমে ধ্যানের পাশাপাশি এতিম ও পথশিশুদের লালন-পালন এবং মানবসেবায় তিনি তার জীবন কাটানোর দাবি করেছেন।

আশ্রমটি ঘোলদাড়ী গ্রামের জনবসতিহীন ‘বেইলের মাঠে’ সাড়ে সাত শতক জমির ওপর প্রতিষ্ঠিত। টিনের চালার নিচে সিঁড়ি বেয়ে নামলেই অন্ধকার সুড়ঙ্গের মতো একটি কক্ষ দেখা যায়। লাভলী শাহ ২০০০ সালে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার সঙ্গে রয়েছেন রাজবাড়ীর মাহবুব আলম বাচ্চু এবং রংপুরের আলভী বেগম নামে দুই খাদেম।

মাহবুব আলম বাচ্চু জানিয়েছেন, তিনি ও লাভলী শাহ দীর্ঘ ২৬ বছর ধরে সেখানে সাধনা করে আসছেন। আশ্রমে সাধুসঙ্গ ও ফলসেবার আয়োজনও করা হয়। যদিও লাভলী শাহর নিজের গর্ভে সন্তান নেই, তবে তিনি জীবনে কুড়িয়ে পাওয়া ২০ জনের বেশি এতিম ও পথশিশুকে লালন-পালন করে বড় করেছেন। বর্তমানে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগলেও তিনি সাধনা চালিয়ে যাচ্ছেন।

লাভলী শাহর দাবি, শৈশবে তিনি ইরাকে ছিলেন। পরে পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসেন। পাঁচ বছর বয়সে ইরাকে থাকার স্মৃতি তার মনে আছে। ১১ বছর বয়সে এক সাধু তার নাম লাভলী রাখেন এবং তার কাছ থেকেই আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি লালন শাহের দর্শনে অনুপ্রাণিত হন। তবে নিজের বয়স, বাবা-মা ও জন্মপরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেন না এই সাধক।

তিনি জানান, ১৯৭৯ সাল থেকে নির্দিষ্ট স্থানটির সন্ধান করছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর ২০০০ সালে ঘোলদাড়ীর এই নির্জন মাঠে আসেন। দিনবেলা শিশুদের সঙ্গে সময় কাটান, আর রাতে মাটির নিচের কক্ষে সাধনা করেন।

আশ্রমে হিন্দু ও বৌদ্ধ ধর্মের দেবদেবীর মূর্তি ও ছবি রয়েছে। লাভলী শাহর ভাষ্য, মানবধর্মই বড় ধর্ম। জাতপাত কিংবা ধর্মীয় পরিচয়ের ভেদাভেদ নয়, মানুষের প্রতি ভালোবাসাই আশ্রমের মূল শিক্ষা।

তবে নির্জন আশ্রমে সাধনার পথ সহজ ছিল না। লাভলী শাহ জানান, অতীতে একাধিকবার ডাকাত ও সন্ত্রাসীদের কবলে পড়েছেন তিনি। পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর ঘটনাও ঘটেছে। এ ছাড়া লালন শাহকে নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা একটি মূল্যবান ডায়েরিও হারিয়ে গেছে।

সরকারের কাছ থেকে কোনো অনুদান পাননি বলে জানিয়েছেন লাভলী শাহ। এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। মানুষের ভালোবাসা নিয়েই বাকি জীবন কাটাতে চান তিনি। মৃত্যুর পর আশ্রমেই তাকে রেখে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই সাধক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে পরিবারের দায়িত্বে শিশুদের চেয়ে বয়স্কদের প্রতি বেশি মনোযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৪ এম


চীনে পরিবারের দায়িত্বে শিশুদের চেয়ে বয়স্কদের প্রতি বেশি মনোযোগ

চীনে প্রথমবারের জন্য শিশুদের তুলনায় বয়স্ক মানুষের ভরণপোষণের দায়িত্ব পরিবারগুলোর জন্য বেশি হয়ে উঠেছে। এই তথ্য দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।

বিবিসি জানাচ্ছে, গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে কর্মক্ষম মানুষের তুলনায় নির্ভরশীল বয়স্ক মানুষের অনুপাত বেড়ে ২৩ শতাংশে পৌঁছাবে। অপরদিকে, শিশুদের ক্ষেত্রে এই হার ছিল ২২ শতাংশ। অর্থাৎ, কর্মক্ষম মানুষের ওপর নির্ভরশীল বয়স্ক মানুষের অনুপাত এখন শিশুদের চেয়ে বেশি দেখা যাচ্ছে।

চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা ক্রমশ কমে আসছে। বিশেষজ্ঞরা এই পরিসংখ্যানের দিকে নজর রাখছেন, কারণ এটি দেশের অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কীভাবে প্রভাব ফেলবে তা জানার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। দেশটি এখন বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করছে, যা পরিবারের ব্যয়, অবসরভাতা এবং স্বাস্থ্যসেবা খাতে প্রভাব ফেলতে পারে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখের বেশি। তারা দেশের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ। অন্যদিকে, ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ।

বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার এই পরিস্থিতি মোকাবিলায় চীন বেশ কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকে তরুণদের বিয়ে করতে এবং দম্পতিদের বেশি সন্তান নিতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান প্রকাশের সময় সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, দেশটি এখন এমন একটি পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ বয়স্ক।

এর পেছনে অতীতে জন্মহার বেশি থাকা এবং মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার মতো কারণ রয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে অবসরভাতা, স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর চাপ বাড়তে পারে। তবে বয়স্ক মানুষের চাহিদা ঘিরে নতুন ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগও তৈরি হতে পারে। এই অর্থনৈতিক ক্ষেত্রকে ‘সিলভার ইকোনমি’ বলা হয়।

প্রতিবেদনে উদ্ধৃত এক গবেষক বলেছেন, জনসংখ্যার এই পরিবর্তন দীর্ঘমেয়াদি একটি প্রবণতা। এটি সাময়িক কোনো ঘটনা নয়। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্টুয়ার্ট গিটেল-বাস্টেন বলেন, জনসংখ্যার এই পরিবর্তনের প্রতীকী গুরুত্ব রয়েছে। এর ফলে শিক্ষা ও শিশুদের পেছনে ব্যয়ের তুলনায় অবসরভাতা ও স্বাস্থ্যসেবা খাতে সরকারি ব্যয় বাড়তে পারে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের প্রভাষক মু ঝেং বলেন, জনসংখ্যার এই পরিবর্তন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পাশাপাশি মানুষের ব্যয় করার ক্ষমতাও কমে যেতে পারে। চীনে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার পেছনে দ্রুত নগরায়ণ এবং দেশটির সাবেক এক সন্তান নীতির প্রভাব রয়েছে। ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত এই নীতি কার্যকর ছিল।

জনসংখ্যা বৃদ্ধির গতি কমাতে চীন সরকার এই নীতি চালু করেছিল। সরকারি হিসাব অনুযায়ী, এই নীতির কারণে প্রায় ৪০ কোটি শিশুর জন্ম ঠেকানো সম্ভব হয়েছিল। তবে এই সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। মু ঝেং বলেন, চীনের জনসংখ্যা কমে যাওয়ার পেছনে এক সন্তান নীতির বড় ভূমিকা রয়েছে। এর ফলে পরিবারগুলোতে বয়স্ক আত্মীয়ের সংখ্যা বাড়লেও তাদের দেখাশোনার জন্য তরুণ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে।

চীন সরকার এক সন্তান নীতির বিধিনিষেধ শিথিল করলেও দম্পতিদের বেশি সন্তান নিতে উৎসাহিত করতে সমস্যায় পড়ছে। দেশটিতে জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মু ঝেং বলেন, নারী-পুরুষের সামাজিক ভূমিকার পরিবর্তন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার হার বেড়ে যাওয়ার মতো বিষয়ও জন্মহার কমার পেছনে ভূমিকা রাখছে। চলতি বছরের শুরুতে চীন আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে। এতে বয়স্ক মানুষের জন্য আরো বেশি সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ চীনে ৫ কোটি ৩০ লাখের বেশি বয়স্ক মানুষ বিভিন্ন ধরনের ভাতা ও আর্থিক সহায়তা পাচ্ছিলেন। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকের মধ্যে জন্ম নেওয়া অনেক মানুষ এখন বার্ধক্যে পৌঁছাচ্ছেন। আগের প্রজন্মের তুলনায় তাদের অনেকের আয় ও কেনাকাটার ক্ষমতা বেশি। পাশাপাশি, তারা তুলনামূলকভাবে সুস্থ।

জনসংখ্যায় বয়স্ক মানুষের অনুপাত বোঝার জন্য নির্ভরশীলতার হার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে এই হিসাবের সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন কিছু বিশেষজ্ঞ। অধ্যাপক গিটেল-বাস্টেন বলেন, এই পরিসংখ্যানের মাধ্যমে বয়স্ক মানুষের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সমাজে তাদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয় না। এতে অনেক বয়স্ক মানুষকে অন্যের ওপর নির্ভরশীল হিসেবে দেখানোর ঝুঁকি থাকে।

তিনি আরো বলেন, এই হিসাবের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার উন্নতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয় না। বিশেষজ্ঞদের মতে, চীনে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় পরিবার, অর্থনীতি ও সরকারি ব্যয়ের ওপর এর প্রভাব আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৪ এম


জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করার কারণে এই ঘটনা ঘটেছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি প্রতিবাদটি জানান। তিনি বলেন, সাথী আক্তার (৩০) ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করার পর বিএনপির নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক হন এবং পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

গত ২৬ অক্টোবর দুপুরে পুলিশ তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। এরপর বেলা ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, “আমরা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ করা একজন নাগরিকের মৌলিক অধিকার। নাগরিক তার জনপ্রতিনিধিকে নির্বাচিত করে এবং প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে না পারলে সমালোচনা করার অধিকারও রাখে। আটক সাথী আক্তারের মতপ্রকাশের অধিকার রয়েছে, কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দ্বারা মব সৃষ্টি করে তাকে গ্রেপ্তার করানো একটি নিন্দনীয় ঘটনা।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “আমরা মনে করি এ ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বরং ভিন্নমত প্রকাশের কারণে একজন নারী রাষ্ট্রের রোষানলের শিকার হচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। আমরা মনে করি, এর মাধ্যমে সরকার বিরোধী মত দমাতে চাইছে, যা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে একেবারেই অনাকাঙ্ক্ষিত।”

জামায়াতের এই নেত্রী বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সাথী আক্তারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ এম


কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : কক্সবাজারের চকরিয়া, কক্সবাজার সদর এবং হ্ণিলায় তিনটি পৃথক অভিযানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজার নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে।

জব্দকৃত সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গতকাল এনবিআর চেয়ারম্যানের নির্দেশনা ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর সার্বিক তত্ত্বাবধানে কমিশনারেটের তিনটি দল একযোগে এই নিবারক অভিযান পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটক সিগারেটের ব্র্যান্ড মার্বেল। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজস্ব ফাঁকি উদঘাটন, ফাঁকিকৃত রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%