মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:৪৩ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি ত্রাণের চাল আত্মসাতের তথ্য সংগ্রহের সময় সময় সংবাদের প্রতিনিধিদের ওপর মবের চেষ্টা চালানোর কারণে জেলা প্রশাসন এক ইউপি সচিবকে স্ট্যান্ড রিলিজ করেছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযুক্ত মনির হোসেন বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৮ অক্টোবর) তাকে মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদে তাৎক্ষণিক বদলি করা হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগের তথ্য সংগ্রহ ও অনুসন্ধানে সময় সংবাদের বরিশাল ব্যুরো অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান বাপ্পী এবং ভিডিও জার্নালিস্ট সুজয় দাস যান। এ সময় সচিব মনির হোসেন ও তার লোকজন সংবাদকর্মীদের ওপর অতর্কিত মবের চেষ্টা করেন।
গত ১৯ অক্টোবর জেলেদের চাল আত্মসাতের বিষয় নিয়ে সময় টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সচিব মনিরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, ‘সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত সচিবকে মেহেন্দীগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় মোবারক হোসেন মোহন (৫০) নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ডের অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ফোরকান মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। তারা ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে বসবাস করতেন। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারও কাছে প্রকাশ করতে পারেননি।
২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাসার রান্নাঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী একই দিন ওয়ারী থানায় মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর মোবারক হোসেন মোহনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের আহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তারা ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে দাবি জানান, যাতে নিরাপদ পারাপার নিশ্চিত করা যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, যা যাত্রী ও চালকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
আহত জাবের হোসেন ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরের দিকে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাস জাবেরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা দলে দলে সড়কে নেমে আসেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিরাপদে পারাপারের কোনো ব্যবস্থা না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা। তারা বারবার দাবি জানালেও এখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানান।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার জুড়ে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (অপরাধ) এস এম শফিকুল ইসলাম জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি ও ক্ষোভের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বিরোধীজোটের প্রতি ইঙ্গিত করে বলেছেন, "অনেক সমালোচনা করছেন।" তিনি উল্লেখ করেন, "তারেক রহমান সব সহ্য করছেন।" আগামী ৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে ৫ বছর লাগবে না। তিনি দাবি করেন, "২-৩ বছরে দেশের চেহারা পাল্টে যাবে।"
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, "যার দল নাই; তার বল নাই।" তিনি আরও বলেন, দলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন, "১৭ বছর লড়াই-সংগ্রাম করেছেন। বিজয় না হলে আজ আমরা ফাঁসির আসামি থাকতাম।"
তিনি চাঁদাবাজির সঙ্গে বিএনপির সম্পর্ক নেই বলে দাবি করেন। আব্দুস সালাম বলেন, "যদি কেউ হয় সে বিএনপি না।" তিনি যোগ করেন, "চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত দেশ গড়তে হবে।"
আব্দুস সালাম ৬ মাসে সব কিছু ঠিক হয়ে যাবে না উল্লেখ করে বলেন, "রোডমার্চ দিয়ে কী করবেন, গ্যাস-বিদ্যুৎ-ব্যাংকের টাকা আনবেন? একটা ব্যাংক তো খাইছেন। বিরোধীতা করছেন, সমালোচনা করছেন করেন। সংসদে কথা বলছেন, বলেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ