ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

অডি যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানায় ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে: ট্রাম্প


অডি যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানায় ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে: ট্রাম্প

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি যুক্তরাষ্ট্রে তাদের প্রথম কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। শনিবার, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ১০ দিন আগে তিনি এই ঘোষণা দেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অডি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানায়, নতুন কারখানাটিতে প্রায় ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সৃষ্টি হবে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘জর্জিয়া অঙ্গরাজ্যে একটি অসাধারণ কোম্পানির বিপুল গাড়ি উৎপাদন বিনিয়োগের ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

আরও পড়ুন: সৌদি আরবে ৮ হাজার প্রবাসী ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি

তিনি আরও বলেন, ‘অডি জর্জিয়ার ম্যাকন শহরের কাছে ৪২০ কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। আগামী মাসে সেখানে একটি বিশাল কারখানা নির্মাণের কাজ শুরু হবে, যেখানে বছরে ২ লাখ গাড়ি উৎপাদন করা হবে।’

তবে ফক্সভাগেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অডি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, কারখানাটির নির্মাণকাজ আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০৩০-এর দশকের শুরুর দিকে সেখানে উৎপাদন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই পরিকল্পিত বিনিয়োগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন ঘটানো এবং ইউরোপ ও চীনের পাশাপাশি উত্তর আমেরিকাকে অডির বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কের তৃতীয় প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা।’

জার্মান শিল্প খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ভক্সওয়াগেন যুক্তরাষ্ট্রের শুল্ক, চীনা প্রতিযোগিতা এবং ইউরোপে অনিয়মিত চাহিদার কারণে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু দেশের পরিচালনার জন্য যোগ্য নন’ দাবি বিরোধী নেতা গাদি আইজেনকোটের

গত সেপ্টেম্বরে ১০টি ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত ভক্সওয়াগেন গ্রুপ ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ ১ লাখ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়। এর ফলে পুরো গ্রুপে প্রত্যাশিত চাকরি কমানোর সংখ্যা ৫০ হাজার বেড়েছে।

বৈশ্বিক গাড়ি শিল্পে এ ছাঁটাইকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প তার কঠোর বাণিজ্যনীতির সাফল্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদন খাতে ‘জোরালো প্রত্যাবর্তন’ ঘটেছে বলে দাবি করেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন দেশ ও পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে গাড়িও রয়েছে।

আরও পড়ুন: হুথিদের হামলার মধ্যে তাইফ ও জাজান অঞ্চলে সতর্কতা প্রত্যাহার

এর প্রতিক্রিয়ায় জেনারেল মোটরস, টয়োটা ও ফোর্ডসহ বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কারখানার উৎপাদন সম্প্রসারণ কিংবা বিদেশ থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।

ট্রাম্পের বাণিজ্যনীতির বিরুদ্ধে অসন্তোষ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অনুকূলে কাজ করতে পারে বলে দলটি আশা করছে।

জনমত জরিপে প্রতিকূল পরিস্থিতি এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও প্রত্যাশার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইয়ের মুখে ট্রাম্প নির্বাচনের আগে প্রচারণায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন: ট্রাম্প ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন: বারাক ওবামা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু বিচারপতি বাড়ালেই কমবে না মামলাজট: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


শুধু বিচারপতি বাড়ালেই কমবে না মামলাজট: অ্যাটর্নি জেনারেল

শুধু বিচারপতি বা বেঞ্চের সংখ্যা বৃদ্ধি করে উচ্চ আদালতের মামলাজট সমাধান করা সম্ভব নয়। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মন্তব্য করেছেন যে, বিদ্যমান বেঞ্চগুলোর মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি করাও অত্যন্ত জরুরি। তিনি গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনায় আবেগের পরিবর্তে আইনি প্রক্রিয়ায় সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মামলাজট সমাধানে বেঞ্চের সংখ্যা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান বেঞ্চগুলোর কার্যকারিতা ও মামলা নিষ্পত্তির হার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি উদাহরণ দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলার জন্য গঠিত একটি বেঞ্চ ৩০ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে প্রায় ২৪টি মৃত্যুদণ্ডাদেশসংক্রান্ত মামলা নিষ্পত্তি করেছে। তবে, একই ধরনের এখতিয়ারসম্পন্ন অন্যান্য বেঞ্চগুলো একই সময়ে সমপরিমাণ মামলা নিষ্পত্তি করতে পারছে কি না, তা পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলার নিষ্পত্তি দ্রুত হওয়া প্রয়োজন। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তাঁকে সাজা ভোগ করতে হবে, আর নির্দোষ প্রমাণিত হলে খালাস পেতে হবে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার দীর্ঘসূত্রতা কমানো অত্যন্ত জরুরি।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, মামলার চাপ বিবেচনায় প্রধান বিচারপতি প্রয়োজন অনুসারে বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে, শুধুমাত্র বেঞ্চের সংখ্যা বৃদ্ধি করে মামলার স্তূপ কমানো সম্ভব নয়। কোন বেঞ্চ কতসংখ্যক মামলা নিষ্পত্তি করছে এবং কোথায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, তা পর্যালোচনা করে বিচারিক কার্যক্রমের গতি বাড়াতে হবে।

এদিকে, গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনার সমাধান আবেগের বশবর্তী হয়ে না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। ঘটনার সুষ্ঠু নিষ্পত্তির জন্য আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এজলাসে জায়গার স্বল্পতা এবং আইনজীবীদের বিপুল উপস্থিতির কারণে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে সাংবাদিকদের পক্ষ থেকে নির্দিষ্টসংখ্যক প্রতিনিধিকে এজলাসে প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব এসেছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জানান, সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়টি গতকালও সুপ্রিম কোর্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ সময় দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও তাঁর সঙ্গে ছিলেন। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : আদালত সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার চার্জশিট গ্রহণ করেছে। চার্জশিটে অপর আসামিরা হলেন— আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেছা বেগম হক কলি, ভাগ্নে শেখ মো. ইফতেখারুল ইসলাম এবং কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবাল।

আজ রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর এই চার্জশিট গ্রহণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত শেষে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর, তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আনিসুল হকের স্বনামে ও বেনামে মোট ১৮০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয় থেকে পারিবারিক ব্যয় বাদ দিয়ে নিট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা। ফলে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

চার্জশিটে আরও বলা হয়েছে, আনিসুল হকের নিজ নামে ৯৬ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৮৮০ টাকা মূল্যের সম্পদ এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে আরও ৮৪ কোটি ৫ লাখ ৭ হাজার ১ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেছা বেগম হকের নামে ২৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২১ টাকা, ভাগ্নে শেখ মো. ইফতেখারুল ইসলামের নামে ২০ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৪৪৪ টাকা এবং কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবালের নামে ৪০ কোটি ১ লাখ ২৩ হাজার ২৩৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে।

দুদক জানায়, জেবুন্নেছা বেগম হকের নামে থাকা সম্পদের মধ্যে সিটিজেনস ব্যাংকের ১০ কোটি টাকার শেয়ার এবং ১৩ কোটি টাকার এফডিআর রয়েছে। শেখ মো. ইফতেখারুল ইসলামের নামে সিটিজেনস ব্যাংকের ২০ কোটি টাকার বেশি শেয়ার এবং মোহাম্মদ ইকবালের নামে ৪০ কোটি টাকার বেশি শেয়ার রয়েছে।

তদন্তে আনিসুল হক ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি ৩৩ বছর আগে প্রয়াত চিন্ময়ানন্দের ‘হলোবট’ এর কাছে আশীর্বাদ চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


মোদি ৩৩ বছর আগে প্রয়াত চিন্ময়ানন্দের ‘হলোবট’ এর কাছে আশীর্বাদ চাইলেন

৩৩ বছর আগে প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দ। তবে প্রযুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে। নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে কথোপকথন করেছেন। এই কথোপকথনের পেছনে রয়েছে ‘হলোবট’। কিন্তু এটি আসলে কী?

চিন্ময় মিশন স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতার বা ‘হলোবট’ তৈরি করেছে। মোদির সঙ্গে সেই প্রযুক্তির মাধ্যমে কথোপকথন হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সঙ্গে দেখা হয়েছিল, এ আমার সৌভাগ্য। এখন যে কাজগুলো করতে চাই, তার জন্য আপনার আশীর্বাদ চাইছি।’ স্বামী চিন্ময়ানন্দের হলোবট প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করে। ১৯৯৩ সালে মোদির সঙ্গে সাক্ষাতের ঘটনার কথাও বিস্তারিতভাবে তুলে ধরে প্রযুক্তিটি।

সেই বছর শিকাগোয় বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোদি গুজরাটের ভদোদরায় গিয়ে স্বামী চিন্ময়ানন্দকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই প্রসঙ্গ টেনে চিন্ময়ানন্দের হলোবট বলে, ‘সেই সময়ে আমি জানিয়েছিলাম, বয়সের কারণে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এর জন্য অন্য হিন্দু যুবকদের এগিয়ে আসা উচিত।’

এরপর হলোবট মোদির উদ্দেশে বলে ওঠে, ‘১৯৯৩-এ যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আজ তিনিই ভারতের প্রধানমন্ত্রী।’ সঙ্গে সতর্ক করে হলোবট বলে, ‘প্রধানমন্ত্রীজি, মনে রাখবেন, শিখরে থাকা মানুষ একা হন।’ শ্রীখণ্ড খাওয়ার পরামর্শও দেয় চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতার। শেষে বলে ওঠে, ‘গোটা ভারত আপনার সঙ্গে রয়েছে নরেন্দ্র।’

এই অভিজ্ঞতার জন্য মোদি চিন্ময় মিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘হলোবটের সঙ্গে কথা বলতে গিয়ে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, যেন অতীতে ফিরে গেছি।’

হলোবট হলো হলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে তৈরি কোনো ব্যক্তির ত্রিমাত্রিক অবয়ব। গোটা ব্যাপারটি এমনভাবে তৈরি করা হয় যে, দেখলে মনে হয় তিনি যেন সামনেই বসে আছেন। ভয়েস রেকর্ডিং আগে থেকেই থাকে। ভিডিও এবং অঙ্গভঙ্গির সমন্বয়ে অবয়বটিকে কথা বলতে বা নড়াচড়াও করতে দেখা যায়। আর প্রশ্নের উত্তর দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, পতিত শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন যে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত বা মেনে নেয়া হবে না।

তিনি রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।’

পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, পাহাড়ের অপ্রীতিকর ঘটনায় সেনাবাহিনী অত্যন্ত সতর্ক ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সেখানে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদে আসীন রয়েছে, তা বিবেচনা করা হবে না–আইন সবার জন্য সমান।

সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সার্বিক প্রচেষ্টায় সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে।

তিনি জানান, দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%