ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে: ট্রাম্পের সতর্কতা


যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে: ট্রাম্পের সতর্কতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি তেহরানের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প উল্লেখ করেন, রবিবারের (২৫ অক্টোবর) মধ্যেই ইরানের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি আরো বলেন, "এমনও সম্ভাবনা আছে যে আমাদের মধ্যে একটি চমৎকার ও সুন্দর চুক্তি হবে। তারা চুক্তি করতে চায়, কিন্তু বড় প্রশ্ন হলো তারা তা মেনে চলবে কি না।"

মধ্যপ্রাচ্যে তার প্রশাসনের সামরিক কৌশলের সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, মার্কিন নৌ ও বিমানবাহিনী ইরানে সফল অভিযান পরিচালনা করেছে। তিনি দাবি করেন, তাদের অধিকাংশ যুদ্ধবিমান ও প্রায় ২৫৯টি জাহাজ ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, "ইরান এখন রেকর্ড মুদ্রাস্ফীতির মুখোমুখি।"

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান

এদিকে, ওয়াশিংটনের নৌ অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব সংক্রান্ত খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম ‘তাসনিম’-এর বরাতে জানা যায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের প্রস্তাব পাঠানো হয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু হামলার পরিকল্পনা ‘উন্নত পর্যায়ে’ পৌঁছে গেছে—এমন তথ্যের পর নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস থেকে কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। একই সাথে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই অঞ্চলে হামলা আরো জোরদার করতে পারে বলেও নজরদারি বাড়িয়েছে ওয়াশিংটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরের পূর্বভাগ পুরাতন বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ এম


নাসিরনগরের পূর্বভাগ পুরাতন বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ পুরাতন বাজারে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটকের দাবি করেছেন স্থানীয়রা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার এলাকায় ওই নারী ও পুরুষের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাঁদের আটক করেন। পরে তাঁদের কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে দাবি করেন আটককারীরা।

আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা নিজেদের নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁদের কাছ থেকে কতটি ইয়াবা উদ্ধার করা হয়েছে, তাঁরা বর্তমানে কার হেফাজতে রয়েছেন এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে নেমে নিজ হাতে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা সদর হাসপাতালের সামনে বন বিভাগসংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ সময় শার্টের হাতা গুটিয়ে হাতে গ্লাভস ও কোদাল নিয়ে ড্রেনের কাদামাটি এবং আবর্জনা পরিষ্কার করেন জেলা প্রশাসক। তাঁর সঙ্গে অভিযানে অংশ নেন স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান চলাকালে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে ড্রেনে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশ দেন তিনি। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিকল্প নেই। মশা ধনী-গরিব কিংবা ছোট-বড় কাউকে আলাদা করে কামড়ায় না। তাই নিজেদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খন্দকার মুশফিকুর রহমান জানান, ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতার এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চায় জেলা প্রশাসন। পরিবর্তনের সূচনা নিজেদের ঘর থেকেই করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নাগরিকেরা নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখলে পরিচ্ছন্ন নেত্রকোনা গড়ে তোলা সম্ভব। এ আন্দোলন আরও জোরদার করতে ভবিষ্যতে স্কাউট সদস্যদেরও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসন ও নেত্রকোনা পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। পৌর শহরের পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়েও এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক জানান, নেত্রকোনা জেলায় প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। সীমিত জনবল দিয়ে এত বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা পৌরসভার একার পক্ষে কঠিন। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নাগরিকদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম পা ও রানে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেন। বর্তমানে তার একাধিক ছেলে প্রবাসে রয়েছেন। শনিবার রাতে তিনি বাড়ির পাশে বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পা ও রানে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে ছিলেন। ওই সময় দুজন ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

॥ এস এম আশিকুজ্জামান ॥

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৭টি মামলার বিচার সম্পন্ন হওয়ার পর দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

সম্প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের মতে, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার সংখ্যা বর্তমানে ৭০টি। এর মধ্যে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং ৪৪টি মিস কেস হিসেবে তালিকাভুক্ত। এই পর্যন্ত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭টি মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছে। এই মামলাগুলোর মধ্যে মোট দণ্ডিত আসামির সংখ্যা ৬৮ জন, যাদের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩৩ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন এবং একজন আসামি খালাস পেয়েছেন। বর্তমানে দুটি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার আসামির সংখ্যা ২০৩ এবং পলাতক আসামির সংখ্যা ৩৫২।

গত দুই বছরে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ৭টি রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানান, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের প্রতিশ্রুতি নিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল। এখন আমরা গর্বের সাথে বলতে পারি যে, আমাদের দুটি ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের ৭টি আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন। অত্যন্ত দ্রুততার সাথে এবং সত্যতার সাথে এই বিচারগুলো সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে অবশিষ্ট মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুততার সাথে শেষ হবে এবং রায় কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পলাতক আসামিদের সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, ‘যেসব আসামি পলাতক রয়েছেন, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি। আমরা চাই, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি না হোক, আবার কোনো দোষী ব্যক্তি যেন ছাড় না পায়।’

প্রথম রায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসাথে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলায় আসামি থেকে ‘রাজসাক্ষী’ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

ঐতিহাসিক এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শহীদদের পরিবারকে ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও ট্রাইব্যুনাল প্রদান করেছে।

চাঁনখারপুল হত্যাকাণ্ডে ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং অপর পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দ্বারা।

২০২৬ সালের ২৬ জানুয়ারি বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া, এই রায়ে পলাতক আসামি সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেনকে চার বছরের কারাদণ্ড, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দ্বারা।

২০২৪ সালের ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন।

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ছয় মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ অপর একজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সাথে আরো সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন- ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও স্থানীয় যুবলীগ নেতা রনি ভূঁইয়া।

এই রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান।

এছাড়া, এই রায়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসান। এই মামলায় রাজসাক্ষী হওয়া শেখ আবজালুল হককে ক্ষমা করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আবু সাঈদ হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে এই মামলার অপর ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

২০২৬ সালের ৯ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বসম্মতিক্রমে দেওয়া রায়ে সাবেক এএসআই (সশস্ত্র) মো. আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, সাবেক পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন, সাবেক ক্যাম্প ইনচার্জ (বেরোবি) এসআই (নিরস্ত্র) বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু, বেরোবি’র সহযোগী অধ্যাপক মশিউর রহমান, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল ওরফে আসাদ ও বেরোবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড এবং সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ওরফে টিটু, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমন, বেরোবি’র সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ ওরফে দিশা, বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ওরফে মাসুদ, বেরোবি’র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রংপুরের সভাপতি ডা. সারোয়ার হোসেন ওরফে চন্দন, বেরোবি’র সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, বেরোবি’র সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম, বেরোবি ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বী, বেরোবি ছাত্রলীগের সহ-সভাপতি আখতার হোসেন, বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ ওরফে আরিফ, বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ওরফে টগর, বেরোবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেন, বেরোবি’র এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডল, বেরোবি’র সিকিউরিটি গার্ড নূর আলম মিয়া ও বেরোবি’র এমএলএসএস একেএম আমির হোসেন ওরফে আমুকে ৩ বছরের কারাদণ্ড এবং প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ ওরফে আপেলের হাজতবাস সময়কেই কারাবাস হিসেবে রায় দেওয়া হয়।

কার্নিশে ঝুলা তরুণকে গুলির মামলায় তিন মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরো দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও অপর আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ২৮ জুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া রায়ে পলাতক চার আসামির মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এ মামলার গ্রেফতার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে আশুলিয়ায় কারাদণ্ডের রায় ঘোষণা করেন। সেই সাথে এই মামলার দু’টি চার্জে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আসামির প্রতি নির্দেশ দেওয়া হয়। চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়।

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে গত ১৫ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া রায়ে ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিদের সবাই পলাতক রয়েছেন। অন্যদিকে ট্রাইব্যুনালের রায়ে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খানের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। আর বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল।

বিগত আওয়ামী লীগের শাসনামলের গুম-খুনসহ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%